মাঠে মারা যাচ্ছে ভবদহ মৎস্য প্রকল্প!
যশোরের জলাবদ্ধ ভবদহ অঞ্চলের মানুষের দারিদ্র্য বিমোচনে নেওয়া মৎস্য প্রকল্প দরিদ্রদের তেমন কাজে আসছে না। প্রায় ১০ কোটি টাকার এ প্রকল্পে ইতিমধ্যে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর পাঁচ বছর মেয়াদি ‘যশোর জেলার ভবদহ অঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রকল্প’টি বাস্তবায়ন করছে। মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ভবদহ অঞ্চলের দারিদ্র্য বিমোচন, স্থানীয় নারীদের মৎস্য চাষ কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে তাঁদের আর্থসামাজিক উন্নয়ন, আবাসস্থল পুনরুদ্ধারের মাধ্যমে দেশীয় প্রজাতির ছোট মাছের বংশ বৃদ্ধি ও সংরক্ষণ, মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে মৎস্যচাষি এবং মৎস্যজীবীদের টেকসই প্রযুক্তির প্রশিক্ষণ এবং মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় খাল ও পুকুর পুনঃখনন, বাঁধ বা মাটির রাস্তা নির্মাণ, বাঁশের পাটা (ঘেরা) স্থাপন, মৎস্য অবতরণকেন্দ্র প্রভৃতি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের কর্মকর্তা সূত্র জানায়, ২০০৯ সালের ১ জুলাই প্রকল্পের কাজ শুরু হয়েছে। শেষ হবে ২০১৪ সালের ৩০ জুন। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে নয় কোটি ৮৫ লাখ টাকা। প্রকল্পে জলাবদ্ধ ভবদহ অঞ্চলের ২২টি বিল নির্বাচন করা হয়। এর মধ্যে অভয়নগর উপজেলায় আটটি, কেশবপুরে আটটি, মনিরামপুরে পাঁচটি ও যশোর সদর উপজেলায় একটি বিল রয়েছে। বিলের তীরবর্তী গ্রামের মৎস্যজীবী, প্রান্তিক মৎস্যচাষি, ভূমিহীন, দরিদ্র, দুস্থ ও বিধবা মহিলা এবং বেকার তরুণ-তরুণীদের সমন্বয়ে প্রতি গ্রুপে ২০০ জন নিয়ে ১৩১টি কমিউনিটি গ্রুপের (স্থানীয় লোকজন নিয়ে গঠিত দল) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। গতকাল রোববার পর্যন্ত গঠন করা হয়েছে ৫১টি কমিউনিটি গ্রুপ। সূত্র জানায়, নীতিমালা অনুযায়ী, গ্রুপ পরিচালনা কমিটি গ্রুপের যাবতীয় কার্যাবলি পরিচালনা করবে এবং প্রতি সপ্তাহে একবার সভায় মিলিত হবে। গ্রুপের আর্থিক কর্মকাণ্ড একটি যৌথ ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালিত হবে। গ্রুপ কমিটির সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ যৌথ হিসাব পরিচালনা করবেন। সূত্রমতে, প্রকল্পের আওতায় গতকাল পর্যন্ত তিন কোটি ১০ লাখ টাকা ব্যয়ে বিলগুলোতে ১৯৭ টন পোনা অবমুক্তকরণকেন্দ্র, প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে তিনটি মৎস্য অবতরণকেন্দ্র নির্মাণ, ১৮ লাখ টাকা ব্যয়ে নয়টি মৎস্য অভয়াশ্রম তৈরি, প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে সুফলভোগীদের প্রশিক্ষণ ও পরবর্তী প্রশিক্ষণ, প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে মৎস্য প্রদর্শনী খামার তৈরি, প্রায় নয় লাখ টাকা ব্যয়ে বাঁধ অথবা মাটির রাস্তা পুনর্নির্মাণ ও মৎস্য অভয়াশ্রম পুনঃখনন এবং সাত লাখ টাকা ব্যয়ে বাঁশের পাটা দেওয়ার কাজ করা হয়েছে। প্রকল্প সম্পর্কে জানেন না অনেকে: প্রকল্প এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ মানুষ প্রকল্পটি সম্পর্কে তেমন কিছু জানেন না। এমনকি কমিউনিটি গ্রুপের কর্মকর্তাদেরও প্রকল্পটি সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। মনিরামপুর উপজেলার কুচলিয়া-নেবুগাতী কমিউনিটি গ্রুপের সভাপতি ভগীরত হালদার বলেন, ‘আমি নিজেও জানতাম না, আমি গ্রুপ সভাপতি। মাছের পোনা ছাড়ার সময় কর্মকর্তারা আমাকে বাড়ি থেকে ডেকে এনে গ্রুপ সভাপতি হিসেবে কাগজে সই করতে বলেন। সেভাবেই সই করেছি।’ নেবুগাতী গ্রামের আশালতা বিশ্বাস বলেন, ‘শুধু নামেই কমিউনিটি গ্রুপে আছি। এর কী কাজ, তা আমি জানি না।’ অভয়নগর উপজেলার ডুমুরতলা বিল-১ কমিউনিটি গ্রুপের কোষাধ্যক্ষ অনিমেষ বিশ্বাস বলেন, ‘আমাদের ২০০ জনের কমিউনিটি গ্রুপের অনেকেই জানেন না, তাঁরা এই গ্রুপের সদস্য।’দরিদ্রদের উপকারে আসছে না: মনিরামপুর উপজেলার হাটগাছা গ্রামের অরুণ বৈরাগী বলেন, ‘এই প্রকল্পে আমাদের কোনো উন্নয়ন হয়নি। অভাব লাঘব হয়েছে এলাকার গুটিকয়েক মানুষের।’ কেশবপুর উপজেলার ভরতভায়না গ্রামের রবিউল ইসলাম শেখ বলেন, ‘মৎস্য অফিস দুই বছর ধরে বড়লোকদের ঘেরে কিছু মাছ দিচ্ছে। আমাদের মতো গরিব কিছুই পাচ্ছে না।’ বিলে নয়, পোনা ছাড়া হচ্ছে ঘেরে: প্রকল্প এলাকার বেশ কয়েকজন লোকের অভিযোগ, বিলের পরিবর্তে পোনা ছাড়া হচ্ছে মাছের ঘেরে। আষাঢ় মাসে পোনা ছাড়ার নিয়ম থাকলেও গত বছর ছাড়া হয়েছে আশ্বিনে। এ বছরের পোনা ভাদ্র মাসের তৃতীয় সপ্তাহ থেকে ছাড়া শুরু হয়েছে। মাছ সংরক্ষণে নামমাত্র বাঁশের পাটা দেওয়া হয়েছে। ভালো করে করা হয়নি অভয়াশ্রম ও মৎস্য অবতরণকেন্দ্রের কাজ। মাছ সংরক্ষণের জন্য দেওয়া বাঁশের পাটার ঠিকাদার মামুন হাসান প্রথম আলোকে বলেন, ‘আমার লাইসেন্সে কাজটি নিয়ে অন্য একজন করেছে। সে কেমন করেছে, তা আমার জানা নেই।’মাটির কাজে নয়-ছয়: মনিরামপুর উপজেলার কুলটিয়া-হরিতলা বাঁধ বা মাটির রাস্তা পুনর্নির্মাণ করা হয়েছে। সাত লাখ টাকা ব্যয়ে কাজটি করেছে কুলটিয়া কমিউনিটি গ্রুপ। কুলটিয়া গ্রামের নিমাই কৃষ্ণ মল্লিক অভিযোগ করেন, রাস্তাটিতে কোনোমতে মাটি ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে রাস্তাটির অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে। ওই গ্রুপের সভাপতি ও মনিরামপুর উপজেলা কৃষক লীগের সভাপতি সুকৃতি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমি সভাপতি হলেও কাজটি করেছে দেবাশীষ বাবু। তবে কাজ খারাপ হয়নি।’ এ ছাড়া কুলটিয়া গ্রামে মুক্তশ্বরী নদীতে দুই লাখ টাকা ব্যয়ে মৎস্য অভয়াশ্রম তৈরির কাজ ও দুই লাখ টাকা ব্যয়ে উপজেলার মহিষদিয়া কমিউনিটি গ্রুপ মৎস্য খামারের পুনঃখনন যেনতেনভাবে করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । প্রকল্প এলাকার বাইরে প্রকল্পের কাজ: প্রকল্প এলাকার অনেক বাইরে অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা বিল এবং পুড়াখালী বাঁওড়ে দুই লাখ টাকা করে দুটি মৎস্য অভয়াশ্রমের কাজ করেছেন যশোর জেলা ও অভয়নগর উপজেলা যুবলীগের সদস্য শাহিন আকুঞ্জি। তিনি প্রথম আলোকে বলেন, ‘অভয়াশ্রমের কাজ খুব ভালো করেছি। অভয়াশ্রম দুটি এখন প্রকল্পের মডেল হিসেবে দেখানো হচ্ছে।’ মৎস্য প্রদর্শনী খামার কাগজে-কলমে: প্রকল্প সূত্র জানায়, মৎস্য প্রদর্শনী খামার করতে বিনা সুদে ১২ জন মৎস্যচাষিকে প্রায় ১০ লাখ টাকা প্রকল্প-সহায়তা দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্প-সহায়তা পাওয়া সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী। এঁদের মধ্যে প্রকল্প কর্মকর্তাদের কয়েকজন আত্মীয়ও রয়েছেন। তবে বিস্ময়কর ব্যাপার হলো, দু-তিনটি জায়গায় গিয়ে প্রদর্শনী খামারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকল্প পরিচালক যা বলেন: ভবদহ অঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঠিকাদারেরা কাজ পাচ্ছেন। বড় প্রকল্প। এখানে একটু এদিক-ওদিক হতে পারে। কিন্তু কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি হয়নি। যাঁরা কাজ পাচ্ছেন না, তাঁরাই এসব অভিযোগ তুলছেন।’ বিলে মাছের পোনা না দিয়ে ঘেরে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিল আর বিল নেই। মাছের ঘের হয়ে গেছে। সেই কারণে ঘেরে পোনা মজুদ করা হচ্ছে।