মাঠে সক্রিয় থাকবে আওয়ামী লীগও
বিরোধী দলের রোডমার্চ কর্মসূচি ঘোষণার পর সরকারি দল আওয়ামী লীগও সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে। তৃণমূল সম্মেলন এবং সভা-সমাবেশের মাধ্যমে রাজপথ নিয়ন্ত্রণে রাখার কৌশল নেওয়া হয়েছে। দলীয় সূত্রগুলো জানায়, আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা মনে করছেন, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু হওয়ায় জামায়াতে ইসলামী অন্তর্ঘাতমূলক তৎপরতা বাড়াতে পারে। এরই মধ্যে বিএনপি-জামায়াত রোডমার্চসহ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায় কোরবানির ঈদের আগে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সরকার।এ পরিস্থিতিতে প্রশাসনিক নজরদারির পাশাপাশি আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি অনুকূলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে রাজধানীর পাড়ায়-মহল্লায় ‘আন্দোলনের নামের বিরোধী দলের নৈরাজ্যের প্রতিবাদে’ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো সভা-সমাবেশ শুরু করে দিয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর ফার্মগেট এলাকায় যুবলীগ আয়োজিত এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, কর্মসূচির নামে বিরোধী দলের যেকোনো অরাজকতা কঠোরভাবে দমন করা হবে। বিএনপি-জামায়াত জোট যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, তার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বিরোধী দলের রোডমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা শুরু করায় দেশের রাজনৈতিক অঙ্গনে আরেক দফা উত্তাপ ছড়িয়ে পড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা আশঙ্কা করছেন।আওয়ামী লীগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পর আজ সন্ধ্যায় দলের ধানমন্ডির কার্যালয়ে বসবেন। তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দলের ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, উপজেলা ও জেলা কমিটির সম্মেলনের ছক চূড়ান্ত করা হতে পারে। সূত্র জানায়, তৃণমূলের সম্মেলন শুরু করার জন্য জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠানো শুরু হবে শিগগিরই। চিঠিতে আগামী ডিসেম্বরের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন শেষ করার নির্দেশনা থাকবে। এরপর জানুয়ারি থেকে মার্চের মধ্যে উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন শেষ করার কথা বলা হবে। আগামী বছরের ২৪ জুলাইয়ের আগেই জেলা কমিটির সম্মেলন শেষ করার পরিকল্পনা আছে দলটির। এসব সম্মেলনের কার্যক্রম নজরদারি করবেন দলের সংশ্লিষ্ট সাংগঠনিক সম্পাদকেরা। কোনো সমস্যা হলে সাত বিভাগের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটি তা সমাধান করবে।সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি দলীয় সভা-সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নীলফামারীতে সমাবেশের মাধ্যমে দেশব্যাপী সমাবেশ শুরু করবেন। এরপর তিনি ১৯ সেপ্টেম্বর লালমনিরহাট এবং আঙ্গরপোতা-দহগ্রামে বক্তৃতা করবেন। ওই সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও বক্তৃতা করবেন। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী অন্যান্য জেলা সদরে সমাবেশ করবেন। একই সঙ্গে ১৪ দলকে সক্রিয় করারও চিন্তাভাবনা আছে নেতাদের। আওয়ামী লীগের নেতারা মনে করেন, রাজপথ নিয়ন্ত্রণের জন্য বিরোধী দলের কর্মসূচির পাল্টা কর্মসূচি দেওয়ার চেয়ে সাংগঠনিকভাবে নেতা-কর্মীদের সক্রিয় করা বেশি কার্যকর হবে। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শুরু হলে নেতা-কর্মীরা উজ্জীবিত হবেন ও দলীয় তৎপরতা বাড়বে। এতে রাজনৈতিক মাঠ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রাখা সহজ হবে বলে নেতারা মনে করছেন। আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু জোটগত প্রস্তুতি নেই। ১৪ দল অনেক দিন ধরে নিষ্ক্রিয়। চার-পাঁচ মাস ধরে ১৪ দলের মাসিক বৈঠক হচ্ছে না। এ নিয়ে শরিকদের মধ্যে ক্ষোভ আছে। এ অবস্থায় মহাজোটকে সক্রিয় করার প্রয়োজনীয়তার কথা বলছেন নেতারা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, দলের সঙ্গে সরকারের এবং জোটের সমন্বয় বাড়াতে হবে। মহাজোটের মধ্যে সমন্বয় বাড়িয়ে দূরত্ব নিরসন করতে হবে।