মাঠেই নামতে পারেনি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে বিএনপির ডাকে আজ রোববারের হরতালে মাঠেই নামতে পারেনি বিএনপি। সারা দেশেই বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। নয়াপল্টনে দলীয় কার্যালয় সকাল থেকেই ঘিরে রাখে পুলিশ। এতে নেতা-কর্মীরা কার্যত অবরুদ্ধ থাকেন। ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন লাগানোসহ বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে চলে এই হরতাল।ককটেল বিস্ফোরণ: সকাল সাতটার দিকে বিএনপির কার্যালয়ের অদূরে ককটেলের বিস্ফোরণ ঘটে। নয়টার দিকে মহাখালী বাসস্ট্যান্ডের পাশের একটি গলি থেকে কয়েকজন পিকেটার রাস্তায় পাথর নিক্ষেপ করে। এ খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি। বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারের সামনে পর পর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত হয়েছে।গাড়িতে আগুন: বেলা ১১টার দিকে মহাখালীতে একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে পিকেটাররা। মিরপুর থেকে মহাখালীগামী একটি লেগুনা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।ছাত্রলীগের মিছিল: হরতালের প্রতিবাদে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে বিএনপির কার্যালয়ের উল্টো দিকের ভাসানি ভবনের পাশের গলিতে একটি মিছিল করেছে ছাত্রলীগ। মিছিলটি জোনাকি সিনেমা হলের পাশের গলি দিয়ে চলে যায়। মিছিলের আওয়াজ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ছাত্রলীগের মিছিল দেখে তারা কোনো ব্যবস্থা না নিয়েই ফিরে যায়।বিএনপির কার্যালয় ঘিরে পুলিশ: হরতালের শুরু থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে বিপুলসংখ্যক পুলিশ। এ কারণে কার্যালয় থেকে কেউ বের হতে পারছেন না বা কেউ ভেতরেও যেতে পারছেন না। দলীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতা-কর্মী আটকের অভিযোগ: হরতালের সমর্থনে পিকেটিংয়ের সময় দেশব্যাপী বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটকের অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কুষ্টিয়ায় পিকেটিংয়ের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি সোহরাব উদ্দিনসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। তবে কুষ্টিয়া মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জয়নুল আবেদিন প্রথম আলো অনলাইনকে বলেন, পিকেটিংয়ের সময় কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকা থেকে পুলিশ ছয়জনকে আটক করেছে। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা সোহরাব উদ্দিনও আছেন।রুহুল কবির রিজভী আরও জানান, খুলনা মহানগর জাতীয়তাবাদী তাঁতি দলের সহসভাপতি নিগার সীমা ও শেরপুরে জেলা মহিলা দলের সভাপতি মহসীনা হক চায়নাসহ অনেক নেতা-কর্মীকে আটক করা হয়েছে।