মাঠের নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে থাকা নির্মাণসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী রেজা-উল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।একই সঙ্গে খেলার মাঠটির প্রকৃতি ও বৈশিষ্ট্য রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।২৪ সেপ্টেম্বর ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঠ থাকলেও খেলার সুযোগ পাচ্ছে না শিক্ষার্থীরা’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। সেটি যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ আজ রিট আবেদনটি করেন এবং রিটের পক্ষে তিনি শুনানি করেন।পরে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, দুটি নির্মাণপ্রতিষ্ঠান তাদের ব্যবহার্য জিনিসপত্র খেলার মাঠে রেখেছে। এতে শিক্ষার্থীরা খেলাধুলার ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এ কারণে রিট আবেদনটি করা হয়। আদালত ৪৮ ঘণ্টার মধ্যে নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছেন। এর অগ্রগতি দুই সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।