মাঠের পর মাঠ তামাক চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া অঞ্চলের চাষিরা তামাক চাষের দিকে ব্যাপক হারে ঝুঁকে পড়েছে। ফলে কমছে ধান, ডাল, তৈলবীজসহ রবি ফসলের আবাদ।কৃষক সূত্রে জানা যায়, গত মৌসুমে তামাকের বাজারমূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এ বছর তামাকের চাষ বেড়েছে। যে তামাক কেজিপ্রতি মাত্র ৬০ টাকায় বিক্রি হওয়ার কথা, সেই তামাকের মূল্য চাষিরা পেয়েছে ১২০ টাকা। এ কারণে চলতি মৌসুমে চাষও বেড়েছে। জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০০৬-০৭ অর্থবছরে কুষ্টিয়ায় তামাকের চাষ হয়েছিল ১৩ হাজার ২০০ হেক্টর জমিতে। ২০০৭-০৮ অর্থবছরে তা কিছুটা বৃদ্ধি পায়। ০৮-০৯ অর্থবছরে সরকারি হিসাবে ১৫ হাজার হেক্টর জমিতে তামাকের চাষ হয়। তবে তামাক কোম্পানি সূত্রমতে, ওই বছর জেলায় প্রায় ২৫ হাজার হেক্টরে জমিতে তামাকের চাষ হয়। চলতি অর্থবছরে তামাকের চাষ আরও বেড়েছে। গত ডিসেম্বর নাগাদ কুষ্টিয়ায় ২৭ হাজার ১২৩ হেক্টর জমিতে তামাকের চাষ সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে, জেলায় এ বছর তামাকের চাষ ৩০ হাজার হেক্টর ছাড়িয়ে যাবে। এক বিঘা জমিতে তামাকের চাষে বীজ, সার, কীটনাশক ও পরিচর্যাসহ মোট ব্যয় হয় ২২ থেকে ২৫ হাজার টাকা। পরিচর্যা ও কৃষি শ্রমিকের মজুরি দেওয়া ছাড়া তামাকচাষির তেমন কোনো খরচ হয় না। তবে আর্থিক অসচ্ছল চাষিকে ঋণসুবিধা দেওয়া হয় কোম্পানির পক্ষ থেকে। আর এর ক্ষতিকারক প্রভাব পড়ছে ডাল ও তৈলজাতীয় ফসল এবং গম ও ভুট্টার ওপর।চলতি বছর রবি মৌসুমে কুষ্টিয়ায় আট হাজার ৯৩৬ হেক্টর জমিতে ডাল ফসল এবং তিন হাজার ৬৭১ হেক্টর জমিতে তৈলবীজ চাষের লক্ষ্যমাত্রা ছিল। চলতি অর্থবছর কুষ্টিয়ায় গম চাষও হ্রাস পাবে এমন আশঙ্কা করা হচ্ছে। গত অর্থবছরে জেলায় গম চাষ হয়েছিল ১৩ হাজার ২৫৫ হেক্টর জমিতে। এবার ১২ হাজার ৮০০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অবশ্য এবার ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরে কুষ্টিয়ায় ভুট্টা চাষ হয়েছিল নয় হাজার ৫২০ হেক্টর জমিতে। এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৫৮৭ হেক্টর জমিতে। এ লক্ষ্যমাত্রা অর্জিত হবে কি না সংশয় রয়েছে।কুষ্টিয়ায় সবচেয়ে বেশি তামাক উত্পাদন এলাকা হলো মিরপুর উপজেলা। কেবল মিরপুর উপজেলায়ই এ বছর ১২ হাজার হেক্টর জমিতে তামাকের চাষ হচ্ছে বলে জানা যায়।উপজেলার ফুলবাড়িয়ার চাষি আফজাল হোসেন বলেন, ‘তামাক চাষে লাভ বেশি হচ্ছে। গত বছর তামাকের মূল্য বৃদ্ধি পাওয়ায় দুটো টাকার মুখ দেখতে পেয়েছি। তামাকচাষিদের জন্য সার্বিক পরার্মশ ছাড়াও রয়েছে আর্থিক সহযোগিতা। এ ছাড়া তামাকজাত দ্রব্য উত্পাদনকারী প্রতিষ্ঠানে রয়েছে বিক্রয়ের নিশ্চয়তা।’তামাকের চাষ মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এ বছর কুষ্টিয়া সদর উপজেলা ও কুমারখালীতেও ছড়িয়ে পড়েছে। যেসব জমিতে আগে ডাল ও তৈলবীজের ফসল চাষ হতো, সেখানে এ বছর তামাকের চাষ হচ্ছে। কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারার চাষি মতিয়ার রহমান বলেন, ‘আগে কখনো তামাক চাষ করিনি। তামাক চাষে লাভ ভালো হচ্ছে তাই এ বছর তিন বিঘা জমিতে তামাকের চাষ করেছি।’ জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ গোলাম মর্ত্তজা বলেন, ‘এমন একটা সময় আসবে যখন তামাক চাষের কারণে কুষ্টিয়ায় আর কোনো ফসলের চাষ করা সম্ভব হবে না। মাটির স্বাস্থ্য রক্ষা এবং খাদ্যজাতীয় ফসল উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে এখনই তামাকের চাষ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তামাক চাষ বৃদ্ধির ধারা যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, তাতে করে অদূর ভবিষ্যতে কুষ্টিয়ায় খাদ্যসংকট দেখা দিতে পারে।’