মাঠের যুবরাজ
পায়ের তলার মাটি একটু যেন আলগা হয়ে গিয়েছিল। ‘ম্যাচ উইনার’ যুবরাজ সিং খুঁজে পাচ্ছিলেন না নিজেকে। বিশ্বকাপ দলেও সুযোগ পাবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। একবার তো অবসরের ভাবনাও উঁকি দিয়েছিল মনে! পরশু বেঙ্গালুরুতে সেই যুবরাজকে ক্রিকেট বিশ্ব দেখল অন্যরূপে। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট, ব্যাটিংয়ে নেমে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়া হাফ সেঞ্চুরি। বিশ্বকাপ ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে এক ম্যাচে ৫ উইকেট আর হাফ সেঞ্চুরি করার কীর্তি গড়লেন যুবরাজ। ৪ ওভার বাকি থাকতেই দল পেল ৫ উইকেটের স্বস্তির জয়।ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কৃতজ্ঞতার সুরে বলতেই পারেন, ভাগ্যিস যুবরাজ শেষ পর্যন্ত অবসরের ভাবনাটাকে মনে ঠাঁই দেননি! তবে বলে-ব্যাটে আগুন জ্বলা পারফরম্যান্সের পর সবচেয়ে বেশি তুষ্ট যুবরাজ নিজে। মিডল অর্ডারে নির্ভরতা দেবেন—দল তো তাঁর কাছে এটাই সবচেয়ে বেশি চায়। বল হাতে নেন মাঝেমধ্যে, অধিনায়ক প্রয়োজন মনে করলে বল করান। পরশু বোলিংয়ের দায়িত্বটা যুবরাজ পালন করলেন বিশেষজ্ঞ বোলারের মতোই, ১০-০-৩১-৫।ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি যুবরাজের প্রাপ্যই ছিল। পেয়েছেন। ওয়ানডে ম্যাচে এ নিয়ে ২২ বার তাঁর হাতে উঠল ম্যাচসেরার পুরস্কার।আয়ারল্যান্ডকে ২০৭ রানে বেঁধে ফেলার কাজটা যুবি শুরু করেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড্রু হোয়াইটকে দিয়ে। শেষ করেছেন কুসাককে ফিরিয়ে। ম্যাচ শেষে যুবরাজের কণ্ঠে এই তৃপ্তি ঝরল উচ্ছ্বাসের ঝরনাধারা হয়ে, ‘ওয়ানডে ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার অনুভূতি দারুণ। এটা আরও বেশি, কারণ, এটা আমার প্রথম। আমি মূলত পার্টটাইমার। আমি ওভারগুলো করতে পেরে খুশি। দল আমার কাছে এটাই চেয়েছে। আর সেটা করতে গিয়ে উইকেট নেওয়ায় দলের জন্য বাড়তি সুবিধা হয়েছে।’২০৮ রানের সহজ লক্ষ্যের পথেও একসময় ১০০ রানে ৪ উইকেট হারিয়ে শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল ভারত। এই অবস্থায় যুবরাজের হাফ সেঞ্চুরি দলকে নিয়ে যায় জয়ের বন্দরে। যুবরাজের কথা, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি। আমার ভূমিকাটা পরিস্থিতির ওপর নির্ভর করে। এই মুহূর্তে আমার মনোযোগ, ভারতের হয়ে ম্যাচ শেষ করা। আমি দায়িত্বটা উপভোগ করছি।’১০০ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। ধোনি বলছেন, ‘আমরা ব্যাটিংয়ে চাপে ছিলাম। তবে আমি মনে করি, গুরুত্বপূর্ণ বিষয় হলো, এতে প্রত্যেকেই ব্যাট করার সুযোগ পেয়েছে।’দলের দুই বিশেষজ্ঞ স্পিনার হরভজন ও পীযূষ চাওলা ভালো করতে পারছেন না। কেন পারছেন না? যুবরাজ বিষয়টাকে দেখছেন এভাবে, ‘ভাজ্জি বিশ্বমানের স্পিনার। পীযূষ দারুণ প্রতিভাবান। সব সময় সেটা প্রতিফলিত হবে না। আজ ছিল আমার দিন।’কথায় কথায় উঠে আসে ইউডিআরএস প্রসঙ্গও। ‘আমি নিয়মটি বুঝি না। কাজেই এ নিয়ে বেশি কথা বলতে পারব না। তবে অবশ্যই আমি এটা শিখেছি যে ২ দশমিক ৫ মিটারের নিয়মটি কারও কাছেই গ্রহণযোগ্য নয়। তাই নয় কি?—প্রশ্ন যুবরাজের।