মাঠের লড়াই ছাপিয়ে ক্রিকেট উৎসবও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দল মাঠে এসে ঢুকছে তো আরেক দল বেরিয়ে যাচ্ছে। সময় কম, দ্রুত অনুশীলনে নেমে পড়ার তাড়া। মাঠ খালি করে দিতে হবে। কাল দিনভর খুব ব্যস্তই ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। প্রস্তুতি পর্বটা শেষ। আজ মাঠে নামছে মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব।গত ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশে হয়েছিল বিশ্বকাপ ক্রিকেটের আটটি ম্যাচ। পুরো দেশটাই তখন ভুগেছিল ক্রিকেট-জ্বরে। মহিলা বিশ্বকাপের বাছাইপর্বটা সেভাবে ঢেউ তুলবে আশা করা বাড়াবাড়ি। তার পরও এটি মহিলা ক্রিকেট অঙ্গনকে করছে আন্দোলিত।কাল রাজধানীর একটি অভিজাত হোটেলে ১০ দলের অধিনায়কেরা সংবাদ সম্মেলনে কথা বললেন, চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে একসঙ্গে ক্যামেরাবন্দী হলেন। এটি তাঁদের কাছে অন্য রকম এক অভিজ্ঞতা। এভাবে ভিড়ে ঠাসা সংবাদমাধ্যমের সামনে কথা বলার অভিজ্ঞতাও যে এই ১০ জন অধিনায়কের প্রথম!তাঁরা লড়বেন ২০১৩ সালে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পেতে। এই বাছাইপর্ব থেকে বিশ্বকাপে যাবে চারটি দল। প্রথম ছয় দলে থাকতে পারলে নতুন কোনো দলের মিলবে ওয়ানডে স্ট্যাটাস। ১০টি দলের মধ্যে অবশ্য ওয়ানডে স্ট্যাটাস নিয়েই খেলছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আয়ারল্যান্ড ও হল্যান্ড। স্বাগতিক বাংলাদেশের জন্য ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার এটা এক বড় সুযোগ।তবে টুর্নামেন্টটি ওই ছয় দলের ওয়ানডে স্ট্যাটাস ধরে রাখারও পরীক্ষা। কাজেই বিশ্বকাপের টিকিট ছাড়াও টুর্নামেন্টের বাড়তি একটা গুরুত্ব আছেই। একই সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও এখান থেকে দুটি দল যাবে (শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে)।আজ প্রথম দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। শুরু সকাল নয়টায়। ১৩ দিনের টুর্নামেন্টে মোট খেলা ৩১টি। খেলা হচ্ছে মিরপুর, ফতুল্লা এবং বিকেএসপি-১ ও বিকেএসপি-২ মাঠে। গ্রুপ পর্বে প্রতিদিনই চারটি করে ম্যাচ। মিরপুরের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করার কথা বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার।পাকিস্তান আজ বাংলাদেশের বিপক্ষে কী কৌশল নিচ্ছে? সংবাদ সম্মেলনে এই প্রশ্ন শুনে দলটির অধিনায়ক সানা মীর বলে দেন, ‘কৌশল এখানে বলে দেব কেন?’ সঙ্গে সঙ্গে হাসির রোল। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মিগনন ডু প্রিজকে প্রশ্নকর্তা, ‘আপনাকে খুব মিষ্টি লাগছে’—বলার পর এবার রীতিমতো হাসির ফোয়ারা।তবে সিরিয়াস প্রশ্নই হলো বেশি এবং খুব মেপে মেপে অধিনায়কেরা উত্তর দিলেন। হল্যান্ডের অধিনায়ক হেলমিয়েন রামবাল্ডোর দিকে কোনো প্রশ্ন না যাওয়ায় আইসিসির মিডিয়া ম্যানেজার তাঁকে মাইক্রোফোন দিয়ে বললেন, ‘আপনি আপনার দল নিয়ে কিছু বলুন...।’নয় দলের অধিনায়কের সঙ্গে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক স্টেফিনি। সূচনা বক্তব্যে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের একসময়ের গরিমাই প্রকাশ পেল তাঁর কণ্ঠে, ‘আমরা সবাই খুব আত্মবিশ্বাসী আছি। কোনো চাপ অনুভব করছি না। বাংলাদেশের স্পিননির্ভর উইকেটের সঙ্গে মানিয়ে নিতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে এসেছেন বলেই জানালেন।আয়ারল্যান্ড অধিনায়ক ইসাবেল জয়েস ‘বাংলাদেশের কন্ডিশন নিয়ে অনেক কাজ করেছি’ বলার পর ভালো করার অভিপ্রায়ও ব্যক্ত করে গেলেন। জিম্বাবুয়ের অধিনায়ক শ্যারন মেয়ারসের কথা, ‘আমরা ভালো শুরু চাই।’ এক প্রশ্নে হল্যান্ড অধিনায়কের জবাব, ‘হ্যাঁ, আমাদের দলে চিকিৎসক-প্রকৌশলী আছে, তবে ক্রিকেটে ক্যারিয়ার গড়া গেলে ডাচ মেয়েরা সামনে আরও ক্রিকেটে আসবে।’ পাকিস্তান অধিনায়কের কণ্ঠটা ছিল আত্মবিশ্বাসে ভরপুর, ‘ভালো প্রস্তুতি নিয়ে আমরা এসেছি। আশা করি, এখানে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে যাব।’ জাপানের অধিনায়ক ইমা কুরিবায়শি তো বিশাল মিডিয়ার বহর দেখে অবাক, ‘এত বড় সংবাদ সম্মেলনে আগে কখনো কথা বলিনি। আমি এসব দেখে অবাক হচ্ছি।’শ্রীলঙ্কার অধিনায়ক দিলানি মনোদারা বলে গেলেন, ‘আমরা সম্প্রতি বাংলাদেশকে পাঁচটা ম্যাচে হারিয়েছি। দলে ৩-৪ জন ভালো অলরাউন্ডার আছে। আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’ দক্ষিণ আফ্রিকার ডু প্রিজের একই কথা, ‘আমরা জিততে এসেছি।’এই ‘মহাসম্মেলনে’ আলাদা করে চোখ বাড়ালেন যিনি, তাঁর নাম ডরিস ফ্রান্সিস। ‘আমাদের আসলে খুব উচ্চাশা নেই। অভিজ্ঞতা অর্জনই মূল লক্ষ্য’—বললেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। আর সব অধিনায়কের চেয়ে বয়সে অনেক বড়। ‘ভদ্রমহিলা’র বয়স এখন ৪২। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন। বাড়ি ডমিনিকায়। এখন যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন, যদিও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এখনো পাননি। বিয়েও করেননি।বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন এই টুর্নামেন্টকে দেশের মহিলা ক্রিকেট প্রসারে মাইলফলক হিসেবে দেখছেন। তাঁকে দলের নানা সমস্যা নিয়ে বলতে হলো। বিশেষ করে ব্যাটিং।দিন শেষে সেসবই গৌণ। ১০ জন অধিনায়ক এক মঞ্চে উঠে ঘোষণা দিলেন, ভবিষ্যতে আরও এগিয়ে যাবে মেয়েদের ক্রিকেট। বাছাইপর্বটা সেটিরই সিঁড়ি।