মাতা মাতৃভাষা এবং মাতৃভূমি
আমার বিভাগের ছাত্রছাত্রীদের শেষ বর্ষে এসে একটা প্রজেক্ট করতে হয়। প্রতিবছরই তাদের বেশ কিছু প্রজেক্ট থাকে বাংলা ভাষার ওপর। এ বছর দেখলাম বাংলা ‘টেক্সট টু স্পিচ’ বা বাংলা লেখা পড়ে শোনানোর একটা প্রজেক্ট রয়েছে। সফটওয়্যারটি কেমন কাজ করে দেখানোর জন্য সেটি আমাদের খানিকটা বাংলা লেখা পড়ে শোনাল। (পড়ে শোনানোর জন্য অবধারিতভাবে বেছে নিয়েছে মুক্তিযুদ্ধ-সংক্রান্ত একটি লেখা—আজকাল নতুন প্রজন্ম সব সময়ই এ কাজটি করে, সুযোগ পেলেই তারা মুক্তিযুদ্ধ এবং দেশের জন্য মমতা কিংবা রাজাকার ও যুদ্ধাপরাধীদের জন্য ঘৃণা প্রকাশ করার চেষ্টা করে!) সফটওয়্যারটি মোটামুটি সাবলীলভাবেই পড়ে শোনাল, কাটা কাটা অনুভূতিহীন যান্ত্রিক কণ্ঠস্বর, শুনে উদ্বেলিত হওয়া যায় না, কিন্তু কী বলছে সেটা বেশ বোঝা যায়। সফটওয়্যার অনেক জটিল কাজ করে ফেলতে পারে কিন্তু সহজ কাজ করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যায়। যেমন—‘পারব’ লেখা থাকলে সেটাকে ‘পারোব্’ উচ্চারণ না করে ‘পারবো’ উচ্চারণ করতে শেখানো হয়েছে, কাজেই দেখা গেল ‘বানর’ লেখা থাকলে সেটাকে ‘বানোর’ উচ্চারণ না করে ‘বানরো’ উচ্চারণ করে বসে থাকে! আপাতত সেটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তিত নই। গবেষণা করার অর্থই হচ্ছে সমস্যার সমাধান করা, কাজেই কখন ‘পারবো’ বলতে হবে এবং কখন ‘বানোর’ বলতে হবে, সেটা বোঝার মতো বুদ্ধিমত্তা তৈরি করে দিতে হবে। সেটা নিয়ে কাজ হচ্ছে, কাজ হবে।আমরা যন্ত্রকে শুদ্ধ উচ্চারণ শেখানোর চেষ্টা করছি। একটা মানুষের জন্য কাজটি যত সোজা, একটা যন্ত্রের জন্য সেটি ঠিক ততটুকু কঠিন। অথচ আমরা সবিস্ময়ে আবিষ্কার করছি, আমাদের দেশের অনেক মানুষ ইচ্ছে করে ভুল উচ্চারণে কথা বলার চেষ্টা করে যাচ্ছে! গ্রামীণফোনের ডিজুস বলে একটা ব্যাপার আছে, দেখেছি সারা দেশে তাদের বিশাল বিশাল বিলবোর্ডে ইংরেজিতে অমার্জিত বাংলা লেখার একটা প্রবণতা আছে। বিলবোর্ডের ছবি দেখে মনে হয় সুদর্শন তরুণ-তরুণীরা নিশ্চয়ই ইংরেজি উচ্চারণে এই বাংলা কথাগুলো বলে থাকে এবং সেটা হয়তো একধরনের আধুনিকতা, যেটা আমরা জানি না। এ ছাড়া আছে এফএম রেডিও স্টেশন, সেখানে বাংলার সঙ্গে শুধু ইংরেজি মেশানো হয় না, সেটাকে ভেঙেচুরে একধরনের বিকলাঙ্গ উচ্চারণ তৈরি করা হয়। আজকালকার নতুন প্রজন্ম দেখি বেশ আগ্রহ নিয়ে সেগুলো শোনে, আমাদের মতো তাদের মোটেও গা চিড়বিড় করে না।এর সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার ঘটছে উপন্যাস, গল্পে বা টেলিভিশনের নাটকে প্রমিত ভাষা ব্যবহার না করে একধরনের কথ্য ভাষার ব্যবহার করা। যাঁরা করছেন, তাঁদের অনেকেই গুরুত্বপূর্ণ মানুষ, কাজেই তাঁদের দেখাদেখি অনেকেই সেটা করতে শুরু করেছেন। এটা এখানেই শেষ হয়নি আরও একধাপ অগ্রসর হয়েছে। আজকাল ইংরেজি অক্ষরে বাংলা লিখে অসংখ্য এসএমএস পাঠানো হয়। সেখানেও দেখি ইংরেজি অক্ষরে ভুল উচ্চারণে বাংলা লেখা হয়। আমি অস্বীকার করছি না, আমরা যখন মুখে কথা বলি, তখন অনেক সময়ই উচ্চারণে উনিশ-বিশ করে ফেলি। কিন্তু যখন লিখতে হয়, আমরা চেষ্টা করি ঠিক করে লিখতে। তাই যখন আমি দেখি, ইংরেজি অক্ষর ব্যবহার করে ভুল উচ্চারণের বাংলা লিখছে, তখন আমি একটু দুশ্চিন্তা অনুভব করি। তাহলে কি এই ভুল উচ্চারণটাই আমাদের সবার কাছে গ্রহণযোগ্য একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে? তারুণ্যের একধরনের উচ্ছ্বাস আছে, মনে হয় তার সঙ্গে খানিকটা পাগলামোও আছে, নতুন নতুন বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার চেষ্টাও আছে। যতক্ষণ পর্যন্ত বিষয়টা এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, কোনো সমস্যা নেই। কিন্তু এ ব্যাপারটাকে সামাজিক আন্দোলনের মতো করে জোর করে অন্যদের টেনে দল ভারী না করা হলেই আমি খুশি। খাঁটি জিনিসটা টিকে থাকে, এটা বহুল পরীক্ষিত সত্য।২.বাংলা ভাষাটা খুব চমত্কার একটা ভাষা—নিজের ভাষা আমার কাছে চমত্কার লাগতেই পারে, কিন্তু সেজন্য বলছি না। বহুকাল আগে যখন কম্পিউটারে বাংলা লেখা যেত না, তখন সেটি করার জন্য আমাকে এই ভাষার অনেক খুঁটিনাটি বিশ্লেষণ করতে হয়েছিল। আমি তখন খুব অবাক হয়ে এই ভাষার কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য আবিষ্কার করেছিলাম। যাঁরা ভাষাবিদ তাঁরা সেগুলো আগে থেকেই জানেন, আমার কাছে সেটা ছিল সম্পূর্ণ নতুন। স্কুলে লেখাপড়া করার সময় বাংলা ব্যাকরণ নামে একটা ভয়াবহ বিষয় আমাদের পড়তে হয়েছিল। এখনো নিশ্চয়ই সেই অবস্থার খুব উন্নতি হয়নি! আধুনিক কিছু মানুষ মনে হয় ইচ্ছে করলেই সম্পূর্ণ নতুন একধরনের ব্যাকরণ বই লিখতে পারেন, যেটি পড়লে ছেলেমেয়েরা ভাষার এই চমকপ্রদ বৈশিষ্ট্যগুলো জানতে পারবে, নিজের ভাষার জন্য গর্বে বুক ফুলে উঠবে।তবে বাংলা ভাষায় একটি বিষয় করতে গিয়ে আমি সব সময়ই একটু অসুবিধা বোধ করেছি। সেটা হচ্ছে বিজ্ঞানবিষয়ক লেখা। আমার কাছে সব সময়ই মনে হয়েছে বিজ্ঞানের কোনো বিষয় ইংরেজিতে প্রকাশ করা তুলনামূলকভাবে সহজ। যেমন—ইংরেজিতে খুব সহজেই বলা যায়: ‘উই ক্যান শো দ্যাট দেয়ার আর টু কাইন্ডস অব চার্জ বাই রাবিং এ গ্লাস রড উইথ সিল্ক অ্যান্ড হ্যাংগিং ইট ফ্রম এ লং থ্রেড অ্যাজ ইন ফিগার ২৬.১’ (স্নাতক পর্যায়ের পদার্থবিজ্ঞানের বই থেকে নেওয়া।) আমরা যদি এই বাক্যটাকে বাংলায় অনুবাদ করতে চাই, তাহলেই ঝামেলায় পড়ে যাব, একটা বাক্যে লিখতে হলে আমাদের লিখতে হবে: ‘একটা কাচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষে ২৬.১ নম্বর ছবিতে দেখানো উপায়ে লম্বা সুতা দিয়ে ওপর থেকে ঝুলিয়ে আমরা দেখাতে পারি যে, দুই রকমের চার্জ আছে।’ মোটামুটি একটা অনুবাদ হয়েছে কিন্তু বাক্যের গুরুত্বপূর্ণ অংশটা সঠিক জায়গায় নেই। বাক্যের গুরুত্বপূর্ণ অংশ ঠিক জায়গায় রাখতে হলে দুটো আলাদা বাক্য হিসেবে লিখতে হবে: ‘আমরা দেখাতে পারি দুই রকমের চার্জ আছে। একটা কাচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষে ২৬.১ নম্বর ছবিতে দেখানো উপায়ে লম্বা সুতা দিয়ে ওপর থেকে ঝুলিয়ে সেটা দেখানো যায়।’বাংলায় বিজ্ঞানের বিষয় লিখতে হলে সেটা যেমন কটমটে হয়ে যেতে পারে, তার একটা উদাহরণ দিই। বাংলা একাডেমীর পাঠ্যপুস্তক লেখার প্রকল্পে লেখা একটা বই থেকে একটা বাক্য পড়ে শোনানো যাক। ‘পলিনিউক্লিওটাইড সূত্র দুটি তাদের কুণ্ডলীর সজ্জায় পরস্পর হাইড্রোজেন বন্ড দ্বারা বিপরীত সূত্রের ক্ষারের মাধ্যমে যুক্ত, ফলে উত্পন্ন ক্ষারক জোড় দুটি শিকলের অক্ষের উলম্ব ঠিক ঘূর্ণিত সিঁড়ির মতো ধাপে ধাপে অবস্থান করে।’ এ বাক্যটাকে কী বলা হয়েছে আমি সেটা জানি, তার পরেও এটা বুঝতে আমার জান বের হয়ে গেছে। পুরো বাক্যটাকে যদি ভেঙে তিন টুকরো করা হতো, তাহলে আমার ধারণা, বিষয়টা বোঝা সহজ হতো। যেমন: ‘পলিনিউক্লিওটাইড দুটো সুতার একটার ক্ষারক অন্যটার বিপরীত ক্ষারকের সঙ্গে হাইড্রোজেন বন্ড দিয়ে আটকে থাকে। এই ক্ষারকের জোড়গুলো দেখায় ঘুরে ঘুরে উঠে যাওয়া একটা সিঁড়ির ধাপগুলোর মতো।’ আমার ধারণা, বিষয়টা এবারে অনেকেই বুঝতে পেরেছেন।আমাদের দেশের ছেলেমেয়েদের বিজ্ঞান পড়ার আগ্রহ অনেক কমে আসছে তার একটা প্রধান কারণ হচ্ছে, এ রকম কটমটে ভাষায় লেখা বিজ্ঞান বই। যাঁরা লিখেছেন তাঁদের খুব বেশি দোষ দেওয়া যায় না। কারণ, আমার ধারণা, এই ভাষায় অনেক কবিতা লেখা হয়েছে কিন্তু বিজ্ঞান লেখা হয়েছে খুব কম। তাই ভাষাটা এখনো বিজ্ঞান লেখার জন্য পুরোপুরি প্রস্তুত হয়নি। আমরা বাংলা ভাষায় যত বেশি বিজ্ঞান লিখব এবং পড়ব, ভাষাটা তত বেশি প্রস্তুত থাকবে। আমরা সব সময়েই নতুন প্রজন্মকে নানা কারণে গালমন্দ করি, তারা ডিজুস প্রজন্ম এবং এফএম রেডিও শুনে বাংলা ভাষার হেলাফেলা করছে, হিন্দি সিনেমায় আকণ্ঠ ডুবে নিজের মাতৃভাষা ভুলতে বসেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি খুব আনন্দের সঙ্গে লক্ষ করছি, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হয়নি কিংবা মাত্র পার হয়েছে এ রকম অনেক তরুণ খুব উত্সাহ নিয়ে চমত্কার চমত্কার গণিত এবং বিজ্ঞানের বই লিখছে। এই দেশের ছেলেমেয়েরা নিশ্চয়ই সেই বই পড়ে, কারণ আমি আবিষ্কার করেছি, আজকাল প্রকাশকেরা খুব আগ্রহ নিয়ে গণিত এবং বিজ্ঞানের বই ছাপেন! এই দেশের তরুণ বিজ্ঞান লেখকদের কারণে গণিত এবং বিজ্ঞানের বই রোমান্টিক উপন্যাসের পাশাপাশি দাঁড়িয়ে যাচ্ছে, সেটি চারটিখানি কথা নয়। মাতৃভাষাটাকে অনেকভাবে সেবা করা যায়, যাঁরা ভাষা নিয়ে কাজ করেন, সাহিত্য চর্চা করেন, তাঁরা সোজাসুজি সেবা করেন। বিজ্ঞান-প্রযুক্তি দিয়ে নতুন প্রজন্ম অন্যভাবে তার সেবা করছে, তার গুরুত্বটা কিন্তু খুব কম নয়। ইন্টারনেটে আজকাল অনেক বাংলা তথ্য পাওয়া যায়, উইকিপিডিয়াতে বাংলা চলে এসেছে। আজকাল ই-মেইলের অনেকগুলোই বাংলায় লেখা হয় দেখে আমার খুব ভালো লাগে। বিশ্ববিদ্যালয়ে বাংলাকে কম্পিউটারে নেওয়ার ব্যাপারে নানা ধরনের গবেষণা হচ্ছে, যার সুফল আমরা কিছুদিনের ভেতরে পেতে শুরু করব। এর পাশাপাশি নতুন একটা প্রজন্ম তৈরি হচ্ছে, মাতৃভাষার সঙ্গে তাদের যোগাযোগ কম। ইংরেজি মিডিয়ামের ছোট একটি মেয়ে একবার আমার কাছে দুঃখ করে বলেছিল, তাদের স্কুলে বাংলায় কথা বললে রীতিমতো শাস্তি দেওয়া হয়। আমি কোনো কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আবিষ্কার করেছি, যেখানে তাদের সব কথাবার্তা হয় ইংরেজিতে এবং সেটা নিয়ে তাদের মাঝে সূক্ষ্ম একধরনের অহংকার আছে। আমি অনেক সভা-সেমিনারে হাজির থেকেছি, যেখানে দর্শকদের মাঝে একজনও বিদেশি নেই কিন্তু তারপরেও বক্তারা ধাক্কাধাক্কি করে ইংরেজিতে বক্তব্য রাখছেন। যাঁরা বড় হয়ে গেছেন, তাঁদের ঠিক পথে ফেরানোর উপায় নেই। কিন্তু নতুন প্রজন্মকে নিয়ে আমি এত সহজে হাল ছেড়ে দিতে রাজি নই। আমি একান্তভাবে চাই, তারা মাতৃভাষাকে ভালোবাসার আনন্দটুকু উপভোগ করুক। আমার মনে হয়, তাদের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর কথাটা শোনানো যেতে পারে। কথাটা এ রকম: সব মানুষেরই তিনটি করে মা থাকে, জন্মদাত্রী মাতা, মাতৃভাষা আর মাতৃভূমি। নতুন প্রজন্ম এই তিন মায়ের কারও অবহেলা করবে না, সেটুকু আশা তো আমরা করতেই পারি! যারা করে—সেই কুলাঙ্গারদের কী অবস্থা হয়, সেটি তো আমরা নিজের চোখেই দেখছি।