মাতামুহুরী সংরক্ষিত বন কেটে সড়ক তৈরির উদ্যোগ
বান্দরবান জেলার আলীকদম এলাকার মাতামুহুরী সংরক্ষিত প্রাকৃতিক বনের গাছ কেটে সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এলজিইডি ইতিমধ্যে ছয় কিলোমিটার আলীকদম-জানালিপাড়া-পূয়ামড়ি এবং নয় কিলোমিটার আলীকদম-দোছড়ি সড়ক তৈরি করে ফেলেছে। বন বিভাগের বাধার মুখে সড়ক তৈরির কাজ আপাতত বন্ধ আছে।বন বিভাগের কর্মকর্তারা বলেছেন, বন বিভাগকে না জানিয়ে এলজিইডি সড়ক তৈরি করছে। বন কেটে সড়ক তৈরি করলে পরিবেশগত কী প্রভাব পড়বে, এ বিষয়ে কোনো সমীক্ষা করা হয়নি। এলজিইডির পরিকল্পনা অনুযায়ী সড়ক নির্মাণ করা হলে মাতামুহুরী সংরক্ষিত বন ধ্বংস হবে। তাঁরা আরও বলেন, সড়ক হওয়ার সঙ্গে সঙ্গে বনে জনবসতি বাড়বে। এর বিরূপ প্রভাব পড়বে আদিবাসীদের ওপর।লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বান্দরবানের মাতামুহুরী ও সাঙ্গু নদী উপত্যকায় ১৮৭০-এর দশকে ব্রিটিশ সরকার এক লাখ ৮৪ হাজার একর উপ-গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ প্রাকৃতিক বনকে সংরক্ষিত ঘোষণা করে। এর মধ্যে আলীকদমের মাতামুহুরী নদী উপত্যকায় এক লাখ দুই হাজার একর ও সাঙ্গু উপত্যকায় ৮২ হাজার একর বনাঞ্চল রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুই হাজার একর সৃজিত বন ছাড়া পুরো বনই প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে।সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ফিলিপ গাইন দেড় দশকের বেশি সময় ধরে বন ও প্রাণবৈচিত্র্য নিয়ে গবেষণা করছেন। তিনি প্রথম আলোকে বলেন, চিরহরিৎ এই বনে জারুল, গর্জন, চাপালিশ, টুন, গামার, কড়ই, সিবিট, চম্পাফুল, শিমুল, বৈলাম, বহেরা, ধূপ, চন্দুলসহ বেশ কিছু প্রজাতির গাছ ও লতাগুল্ম রয়েছে। উদ্ভিদ বৈচিত্র্য থাকায় এই বনে নানা প্রজাতির প্রাণী ও জীবজন্তু আছে। তিনি বলেন, কোনো কারণে বন উজাড় হলে অমূল্য প্রাণবৈচিত্র্য হারিয়ে যাবে।কেন এই সড়ক: এলজিইডির প্রকৌশলীরা বলছেন, আলীকদম উপজেলা সদর থেকে পূয়ামুড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বর্ষাকালে নদীপথ ছাড়া যোগাযোগের ব্যবস্থা নেই। উপজেলার জানালিপাড়া, কালিয়ার ছড়া, ক্রোকপাতা, পূয়ামুড়ি, ইন্দু-সিন্দু এলাকায় প্রায় ১০ হাজার মানুষ বাস করে। সেখানে সেনাবাহিনীর একাধিক ছাউনিও আছে। তাঁরা বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ৪৪ কিলোমিটার আলীকদম-জানালিপাড়া-পূয়ামুড়ি সড়ক এবং আন্তউপজেলা যোগাযোগের জন্য ৩০ কিলোমিটার আলীকদম-দোছড়ি সড়ক তৈরির করার কথা।বান্দরবানের এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ২০০৮ সালে সড়ক দুটির কাজ শুরু হয়। বন বিভাগ বাধা দেওয়ার কারণে সড়কের কাজ বন্ধ আছে।জনপ্রতিনিধিরা কী ভাবছেন: গত ২৭ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুুর পরিবেশ ও বন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে লিখেছেন, সড়ক দুটি নির্মাণ করলে এলাকায় উন্নয়ন ত্বরান্বিত হবে। এর ফলে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার হবে ও এলাকায় শান্তিশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে। আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন প্রথম আলোকে বলেন, জানালিপাড়া, ক্রোকপাতা ও পূয়ামুড়ি এলাকার মানুষের সড়ক দরকার এটা ঠিক। আবার সড়ক হলে সংরক্ষিত বনাঞ্চলের ক্ষতি হবে সেটাও ঠিক। বন ও পরিবেশের ক্ষতি না করে কীভাবে সড়ক করা যায় সে জন্য সমীক্ষা করা দরকার। তিনি বলেন, বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের সভায় আলোচনা হয়েছে ও উচ্চপর্যায়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।আলীকদম উপজেলার ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার প্রথম আলোকে বলেন, বন রক্ষা করা ও সড়ক তৈরি দুটিই গুরুত্বপূর্ণ। একটির উন্নয়ন কাজ করতে গিয়ে অন্য কোনো ক্ষতি যেন না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। এলজিইডি ক্ষতিপূরণ দিয়েছে: বন বিভাগের আলীকদম রেঞ্জ কর্মকর্তা নির্মল চন্দ্র নাথ বলেন, বন আইন অনুযায়ী বন বিভাগের অনুমতি ছাড়া সড়ক তো দূরের কথা, সংরক্ষিত বনাঞ্চলে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু বন বিভাগ বা বন মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে এবং না জানিয়ে এলজিইডি সড়ক তৈরির কাজ শুরু করে। এলজিইডি আলীকদম-দোছড়ি সড়কে কয়েক হাজার গাছ কেটেছে। ওই রেঞ্জ কর্মকর্তা বলেন, ঘটনা জানার পর বন বিভাগ সড়ক তৈরির কাজ বন্ধ করে দেয় এবং ধ্বংস করা গাছের জন্য চার লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করে এলজিইডি থেকে।এলজিইডির আলীকদম উপজেলা প্রকৌশলী সজল কৃষ্ণ দেব বন বিভাগকে চার লাখ টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে কোন খাত থেকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে, তিনি তা জানাতে পারেননি। বনের অবস্থা: এলজিইডির বদলি হওয়া নির্বাহী প্রকৌশলী সুশংকর আচার্য বলেন, বন বিভাগকে জানিয়েই সড়ক তৈরির কাজ শুরু করা হয়। কিন্তু সড়ক হলে মানুষ জানতে পারবে বনে কোনো গাছ নেই—এই জানাজানির ভয়ে বন বিভাগ পরে সড়ক তৈরির কাজে বাধা দেয়।জনসংহতি সমিতির আলীকদম উপজেলা শাখার সভাপতি মংসানু মারমা বলেন, বনে এখন মূল্যবান গাছ নেই। পাচারকারীরা বন বিভাগের যোগসাজশে গাছ কেটে পাচার করেছে। লামা বিভাগীয় বন কর্মকর্তা হারুনুর রশিদ জানান, মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলের ৩০ শতাংশ ধ্বংস হয়েছে। তিনি বলেন, বন বিভাগের কিছু দুর্বলতার সুযোগে চোরেরা গাছ পাচার করছে। তবে জুম চাষের কারণে বনভূমি বেশি ধ্বংস হচ্ছে।কী ক্ষতি হবে: বীর বাহাদুরের লেখা চিঠির পরিপ্রেক্ষিতে প্রধান বন সংরক্ষক গত ৫ জুলাই পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদনসহ একটি চিঠি পাঠান। প্রতিবেদনে বলা হয়, সড়ক তৈরি হলে বিভিন্ন প্রজাতির ৬৫০টি গাছ ধ্বংস হবে। পাহাড় কেটে সড়ক তৈরি হলে ভূমিধস বাড়বে এবং তাতে আরও অসংখ্য গাছের ক্ষতি হবে। যোগাযোগ সহজ হলে পাচারকারীদের দৌরাত্ম্য বাড়বে, বনাঞ্চলে নতুন নতুন বসতি গড়ে উঠবে। অন্যদিকে আদিবাসীরা উচ্ছেদ হয়ে বনের গভীরে গিয়ে জুম চাষ করবে। সড়ক হলে বন রক্ষা করা যাবে না বলে প্রতিবেদনে বলা হয়। বাবুপাড়ার হেডম্যান (মৌজা প্রধান) উক্যজাই মারমা বলেন, সড়ক যোগাযোগ না থাকা সত্ত্বেও এখনো চকরিয়া, কক্সবাজার থেকে লোকজন এসে বসতি গড়ে তুলছে। সড়ক হলে পুরো সংরক্ষিত এলাকা অবৈধ বসতকারীদের দখলে চলে যাবে। এলাকায় ম্রো, ত্রিপুরা, মারমা, তঞ্চঙ্গ্যা আদিবাসীরা বাস করে। বন ধ্বংস হলে আদিবাসীরা টিকে থাকতে পারবে না। তিনি বলেন, সড়ক হলে অবশিষ্ট বন যা আছে তা চিরতরে হারিয়ে যাবে। লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, সচিবের কাছে পাঠানো প্রতিবেদনে সরাসরি বনের যে ক্ষতি হবে তা জানানো হয়েছে। সমীক্ষা হয়নি বলে বন ধ্বংসের ফলে পরিবেশ ও প্রতিবেশগত কী ক্ষতি হবে এবং বন যে আর ফিরে পাওয়া যাবে না এ বিষয়গুলো প্রতিবেদনে তুলে ধরা হয়নি। তিনি বলেন, মাতামুহুরী সংরক্ষিত বন ধ্বংস হলে মাতামুহুরী নদী উপত্যকায় বসবাসকারী মানুষের ওপর বিরূপ প্রভাব পড়বে। এতে সামাজিক পরিবেশেরও বিপর্যয় দেখা দিতে পারে।এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, বন বিভাগ ও মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার প্রক্রিয়া চলছে। অনুমতি পাওয়া গেলে এবং যে পদ্ধতিতে কাজ করার অনুমতি পাওয়া যাবে সেভাবেই করা হবে। অনুমতি পাওয়া না গেলে সড়ক তৈরির কাজ করা হবে না।