কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের দুই গ্রুপ একই স্থানে ইফতার মাহফিলের আয়োজন করায় ওই স্থানে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে কাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের মোহাম্মদ মামুন গ্রুপ মজিদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মাঠে আজ বিকেলে ইফতার মাহফিলের আয়োজন করে। তারা এ নিয়ে এলাকায় মাইকিং করে। পরে একই স্থানে ইফতার মাহফিল করার ঘোষণা দিয়ে মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হেলাল উদ্দিন গ্রুপ পাল্টা মাইকিং করে। এতে দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।আজ দুপুরে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা প্রশাসন মাতারবাড়ী মজিদিয়া মাদ্রাসার মাঠে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেন। ওই স্থানে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত কোনো সভা, সমাবেশ ও ইফতার মাহফিল না করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে। ফলে দুই গ্রুপের ইফতার মাহফিলই পণ্ড হয়ে গেছে।মহেশখালী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে জানান, এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য মাতারবাড়ী মজিদিয়া মাদ্রাসার মাঠে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।