মাতাসাগর ‘উদ্ধারের’ সিদ্ধান্ত
দীর্ঘ তদন্ত শেষে দিনাজপুরের মাতাসাগর দিঘি অবৈধ দখল থেকে উদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে ভূমি মন্ত্রণালয়। তিন দশক ধরে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও পর্যটন আকর্ষণ হিসেবে খ্যাত জলাশয়টি উদ্ধারে নাগরিক সমাজের আন্দোলন চলছিল। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সব ধরনের আইন ও বিধি লঙ্ঘন করে এ দিঘিটি বন্দোবস্ত দেওয়া হয়েছিল। প্রতিবেদনে এটি সরকারি দখলে ফিরিয়ে নেওয়া এবং দায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।আশির দশকে মাতাসাগরকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাবা এম এস্কান্দার মজুমদারের আবেদনক্রমে লিজ দেওয়া হয়েছিল। সেখানে প্রতিষ্ঠা করা হয় দিনাজপুর লাইভস্টক অ্যান্ড পোলট্রি ফার্ম নামে মুরগির খামার। এর বর্তমান মালিক বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের পরিবার।‘দিনাজপুর ঐতিহ্য ফোরাম’-এর নেতা হাফিজুর রহমান দিঘিটি উদ্ধারে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করলে একটি তদন্ত কমিটি গঠিত হয়। মন্ত্রণালয়ের উপসচিব (আইন) শংকর চন্দ্র বসুর নেতৃত্বে ওই কমিটি তিন মাস তদন্ত করে গত মাসে প্রতিবেদন জমা দিয়েছে। ভূমিমন্ত্রী রেজাউল করিম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘মাতাসাগর দিঘির অবৈধ বন্দোবস্ত বাতিল করা হবে। কোনো ধরনের নিয়মকানুনের তোয়াক্কা না করে জিয়া পরিবারের সদস্যরা এটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন।’ খালেদা পরিবার হয়ে ফজলুর রহমান: তদন্ত প্রতিবেদনের তথ্যানুসারে, মাতাসাগর দিঘি ১৯৮১ সালে খালেদা জিয়ার বাবা এস্কান্দার মজুমদারের নামে ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সব ধরনের বিধিবিধান লঙ্ঘন করে তা করা হয়েছিল। খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান তখন বাংলাদেশের রাষ্ট্রপতি। প্রতিবেদনে বলা হয়েছে, এস্কান্দার মজুমদার বন্দোবস্তের নামমাত্র টাকাও সরকারি কোষাগারে জমা দেননি। অথচ মাতাসাগরকে সম্পত্তি হিসেবে বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নেন। এস্কান্দার মজুমদারের মৃত্যুর পর ১৯৮৬ সালে তৈয়বা মজুমদার কোম্পানিসহ জমি বিক্রি করে দেন ফজলুর রহমানের কাছে। একের পর এক জালিয়াতি: ৯৩৯ ও ৯৪০ দাগে মাতাসাগরে জমির পরিমাণ ৪৫ দশমিক ৬০ একর। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে বিভিন্ন মিস কেসের মাধ্যমে ১০টি ব্যক্তি খতিয়ানে এই দিঘির ২৯ দশমিক ৮২ একর রেকর্ড দেখানো হয়েছে। বাকি মাত্র ১৫ দশমিক ৭৮ শতাংশ জমি খাস খতিয়ানে দেখানো হয়। অথচ সিএস রেকর্ড অনুসারে এ জমির মালিক ব্রিটিশ ভারতের সম্রাট। জালিয়াতির মাধ্যমে মিস কেস দেখিয়ে এ জমিটি ১০টি ব্যক্তিগত খতিয়ানে পরিবর্তন করা হয়। জমিটি অধিগ্রহণের জন্য কেস রেজিস্টারে বলা হয়েছে, ১২ নম্বর কেস রেজিস্টারে এসব জমির কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু তদন্ত কমিটি রেকর্ডরুমে ১২ নম্বর কেস নামে কোনো রেজিস্টারই খুঁজে পায়নি। আবেদনের আগেই বিবেচনা!: ১৯৭৭ সালের ১২ নভেম্বর দিনাজপুর লাইভস্টক অ্যান্ড পোলট্রি ফার্মের স্বত্বাধিকারী এস্কান্দার মজুমদার তাঁদের বরাদ্দ দিতে জমি অধিগ্রহণের জন্য দিনাজপুরের জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। তদন্ত কমিটি দেখেছে, আবেদন করারও প্রায় এক বছর আগে জেলা ভূমি বরাদ্দ কমিটি ১৯৭৬ সালের ২৩ নভেম্বর ওই প্রস্তাব বিবেচনা করে বিভাগীয় ভূমি বরাদ্দ কমিটির অনুমোদনের জন্য পাঠায়। বিভাগীয় কমিটি ৯ ডিসেম্বর তা অনুমোদন করে ঢাকায় পাঠায়। কিন্তু কেন্দ্রীয় অনুমোদন না পেলেও ১৯৭৯ সালের ২ জানুয়ারি জেলা কমিটি নিজেরাই অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করে। তবে এ সময় মোট ৪৫ একরের মধ্যে বিভিন্ন ব্যক্তির নামে দেখানো ৩০ দশমিক ১৬ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়। জেলা প্রশাসন ৩০ একরের বেশি জমির দাম নির্ধারণ করে এক লাখ ৫০ হাজার ৭৩৫ টাকা। প্রথম কিস্তিতে ৭৫ হাজার ৬৩০ টাকা দেওয়া হয়। হুকুমদখল আইন অনুযায়ী, প্রথম দফায় ১৫ দশমিক ৮ একর জমি হস্তান্তর করা হয়। তবে অনুমোদন পাওয়ার কয়েক বছর আগে থেকেই পুরো দিঘি এস্কান্দার মজুমদারের দখলে ছিল। অধিগ্রহণের বাকি ৭৫ হাজার টাকা আর কখনোই দেওয়া হয়নি। তদন্ত প্রতিবেদনে এ ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াকে ‘অবৈধ ও সাজানো নাটক’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে আরও বলা হয়, এ-সংক্রান্ত সরকারি কাগজপত্রের কোনো ধারাবাহিকতা বা সামঞ্জস্য নেই। দখলে থাকলেও দিঘির পুরো খাসজমির মধ্যে ১৫ দশমিক ৭৮ একর দিনাজপুর লাইভস্টক অ্যান্ড পোলট্রি ফার্মের নামে বরাদ্দ ছিল না। এ জন্য এই জমিটুকুও ‘সংলগ্ন’ উল্লেখ করে ইজারা চাওয়া হয়। তদন্তে দেখা গেছে, এ ক্ষেত্রেও অনিয়ম করে জেলা প্রশাসন জমিটি ১৯৮১ সালের ৪ জুন ৯৯ বছরের জন্য স্থায়ী বন্দোবস্ত দেয়। ২০০৪ সালের ২৮ এপ্রিল খামারের ব্যবস্থাপনা পরিচালক এস্কান্দার মজুমদারের আবেদনের পরিপ্রেক্ষিতে ফজলুর রহমানের ভাই মিজানুর রহমানের নামে জমির নিবন্ধনের অনুমোদন দেন দিনাজপুরের জেলা প্রশাসক। ওই বছরই এস্কান্দার মজুমদার মারা যান।তদন্ত প্রতিবেদনে বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক মৃত্যুর আগে বন্দোবস্তের টাকা না দেওয়ায় দিনাজপুর লাইভস্টক অ্যান্ড পোলট্রি ফার্মের সঙ্গে চুক্তি আইনত আপনাতেই বাতিল হয়ে গেছে। মিজানুর রহমান একজন আগন্তুক মাত্র। প্রতিবেদনে বলা হয়, নীতিমালা অনুসারে বাজারমূল্য নির্ধারণ করা হলে ২০০৪ সালে এ জমির দাম হতো প্রায় ১০ কোটি টাকা। এ ক্ষেত্রে সরকারের ক্ষতি হয়েছে প্রায় পুরো টাকাই। ভোগদখলদারের বক্তব্য: ফজলুর রহমান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘সরকারের পদক্ষেপ দেখে আইনি ব্যবস্থা নেব।’ তিনি আর বেশি কিছু বলতে রাজি হননি।ফজলুর রহমানের ভাই মিজানুর রহমান দাবি করেন, সরকারি আইনকানুন মেনেই তাঁরা মাতাসাগরের মালিক হয়েছেন।এলাকার বর্তমান অবস্থা: দিনাজপুর লাইভস্টক অ্যান্ড পোলট্রি ফার্ম দখলে নেওয়ার পর দিঘির দুই পাড়ের মাটি ও সারিবদ্ধ গাছগুলো বিক্রি করে দেওয়া হয়। দিঘির দক্ষিণ পাড়ের মাটি কেটে সেখানে স্থাপন করা হয়েছে মুরগির খামার। দিঘিতে হয় মাছ চাষ। পশ্চিম দিকের পাড় কেটে হয়েছে ধানের মিল। দক্ষিণ দিক প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।মাতাসাগরের ইতিহাস: সপ্তদশ শতাব্দীতে এ অঞ্চলের প্রভাবশালী জমিদার ছিলেন সুখদেব। মোগল সম্রাট আওরঙ্গজেব তাঁকে ১৬৭৭ সালে ‘মহারাজা’ উপাধি দেন। মহারাজা সুখদেব প্রজাদের পানির কষ্ট দূর করতে দিঘিটি খনন করে তাঁর মাকে উৎসর্গ করেন। এ জন্য এর নাম হয় মাতাসাগর। একসময় শালবনে ঘেরা ছিল দিঘিটি।