মাতুয়াইলে নিজের ট্রাকের নিচে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটি সারাতে দুই সহকারীকে নিয়ে নিজেদের ট্রাকের নিচে শুয়ে কাজ করছিলেন চালক জালাল উদ্দিন (৩০)। পেছন থেকে হঠাত্ একটি কাভার্ড ভ্যান এসে সজোরে ধাক্কা দিলে মুহূর্তেই ঝরে যায় তিনটি তাজা প্রাণ। রাজধানীর মাতুয়াইলে আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত অপর দুজন হলেন চালকের সহকারী রুবেল (১৮) ও জসীম (১৯)।ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, আজ ভোর সোয়া পাঁচটার দিকে মাতুয়াইলের মাতৃসদন হাসপাতালের সামনে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে যায়। ট্রাকের চালক ও তাঁর দুই সহকারী ট্রাকের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান সজোরে ট্রাকটিকে ধাক্কা দিলে নিজেদের ট্রাকের চাপায় চালক ও তাঁর দুই সহকারী পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই চালক ও এক সহকারী নিহত হন। আরেক সহকারী জসীমকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, কাভার্ড ভ্যানসহ চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।ময়নাতদন্তের জন্য জালাল ও রুবেলের লাশ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এবং জসীমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।