মাতুয়াইলে বাস কেড়ে নিল মা-ছেলের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে রিফাত মাহমুদকে (১২) নিয়ে স্কুলে যাওয়া হলো না রেবেকা ইয়াছমিনের (৪০)। রাজধানীর মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (বিশ্বরোড) পার হওয়ার সময় বেপরোয়া গতির বাস কেড়ে নিয়েছে এই মা-ছেলের প্রাণ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মাতুয়াইলে মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে।রিফাত মাতুয়াইলের শামসুল হক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিফাতদের বাসা মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের কাছে তুষারধারা আবাসিক এলাকায়। তার স্কুল মহাসড়ক পেরিয়ে কিছুটা দূরে। বেলা ১১টার দিকে রেবেকা ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। রিফাত ছিল কিছুটা সামনে। এ সময় বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সামনে ছিটকে পড়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়। রেবেকা ছেলের কাছে যাওয়ার চেষ্টা করলে বাসটি তাঁকেও চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মা-ছেলে মৃত্যু হয়। খবর পেয়ে যাত্রাবাড়ী থানার পুলিশ দুর্ঘটনাস্থলে আসে এবং নিহত রেবেকার সঙ্গে থাকা মুঠোফোন থেকে তাঁর স্বামীকে ফোন করে মৃত্যুর খবর জানায়। রেবেকার স্বামী সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মনছুর আলী খান ঘটনাস্থলে ছুটে এসে স্ত্রী-সন্তানের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন।মনছুর কাঁদতে কাঁদতে বলেন, ‘সোমবার আমার জ্বর ছিল। স্ত্রী অনেক সেবা করেছে। ছোট ছেলে রিফাত আমার জন্য শরবত বানিয়েছে। রাতে তার সঙ্গে বাসায় ক্রিকেট খেলেছি। ছেলে হারালাম, স্ত্রী হারালাম। আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার আর কিছুই নেই।’ কিছুক্ষণ পর তিনি বলেন, ‘রিফাত বলেছিল বাবা, স্কুল থেকে এসে তোমার সঙ্গে ক্রিকেট খেলব। তুমি কিন্তু জ্বর জ্বর ভাব করতে পারবে না।’ তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ‘এখন থেকে বাসায় থাকা রিফাতের ক্রিকেট ব্যাট ও বলের মধ্যে তাকে খুঁজতে হবে।’মনছুর আলী খান সপরিবারে তুষারধারা আবাসিক এলাকায় থাকেন। তাঁর দুই ছেলে এক মেয়ের মধ্যে রিফাত ছিল ছোট। রেবেকা ইয়াছমিন ছিলেন গৃহিণী। তাঁদের গ্রামের বাড়ি বাগেরহাটের রায়েন্দায়।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার কুণ্ডু জানান, ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। বাসটির নম্বর জানা যায়নি। তবে বাসটি ঢাকা-মতলব রুটের ছিল বলে স্থানীয় লোকজন জানিয়েছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে জানান, পরিবারের সম্মতিক্রমে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।পারিবারিক সূত্র জানায়, রেবেকা ও রিফাতের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হবে।