মাতৃগর্ভে হাই তোলে ভ্রূণ!
মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় শিশু কেবল হেঁচকিই দেয় না, ঢোক গেলে, আড়মোড়া ভাঙে, এমনকি হাই তোলে। যুক্তরাজ্যের একদল গবেষক এই দাবি করেছেন। গতকাল বুধবার তাঁদের গবেষণাবিষয়ক নিবন্ধের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।গতকাল ‘পেলোস ওয়ান’ সাময়িকীতে এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়। যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের নাদজা রেইসল্যান্ড এ গবেষণায় নেতৃত্ব দেন। ২৪ থেকে ৩৬ সপ্তাহ বয়সী আটটি মেয়ে ও সাতটি ছেলেশিশুর ভ্রূণের ওপর চতুর্মাত্রিক স্ক্যানার ব্যবহার করে এ গবেষণা পরিচালিত হয়েছে। এই পরীক্ষণযন্ত্রের মাধ্যমে ১৫টি সুস্থ ভ্রূণ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা দেখতে পান, মাতৃগর্ভে শিশুর ভ্রূণ হেঁচকি দেয়, ঢোক গেলে, আড়মোড়া ভাঙে ও হাই তোলে।এর আগে কিছু বিজ্ঞানী ভ্রূণের হাই তোলার বিষয়টি দাবি করেছিলেন। তবে অন্য বিজ্ঞানীরা তাঁদের এ দাবি নাকচ করে বলেছিলেন, এটি আসলে মাতৃগর্ভে বেড়ে উঠতে থাকা শিশুর মুখ খোলা ও বড় করা ছাড়া আর কিছু নয়। ব্রিটিশ গবেষকদের দাবি, গবেষণায় তাঁরা উচ্চপ্রযুক্তির চতুর্মাত্রিক ভিডিও ফুটেজ ব্যবহার করে স্পষ্টভাবে ভ্রূণের হাই তোলার বিষয়টি চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। গবেষকেরা বলেছেন, তাঁরা মনে করেন যে মাতৃগর্ভে ভ্রূণের বেড়ে ওঠার একটি প্রক্রিয়া হাই তোলা। এ বিষয়টি গর্ভের শিশুর স্বাস্থ্য পরীক্ষায় চিকিত্সককে সহায়তা করবে।