মাতৃত্ব ও মানবসম্পদ উন্নয়ন
মাতৃত্ব ও মানবসম্পদ উন্নয়ন নিয়ে আলোচনা করার উদ্যোগ নিয়েছিল ব্র্যাক ব্যাংক ও প্রথম আলো জব্স। বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই আলোচনায়শুরুটা করেন এমরান রহমান। বললেন, ‘আমার পরিচয় হলো আমি একজন মমতাময়ী মায়ের সন্তান। ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান তায়নিয়্যাত আহমেদ করিম উদ্যোগ নিয়েছেন, আর সহযোগিতা করছে প্রথম আলো জব্স—তাই আমরা আজ একসঙ্গে হয়েছি, কথা বলব মাতৃত্ব ও মানবসম্পদ উন্নয়ন নিয়ে। সবার আগে আমরা শুনব একজন চিরন্তন মায়ের কথা। গুলশান আরা: আমি এখানে উপস্থিত হয়েছি একজন মা হিসেবে। এ জন্য নিজেকে ধন্য মনে করছি। পৃথিবীতে মা ও সন্তানের যে সম্পর্ক, তার চেয়ে মহৎ আর কিছু হতে পারে না। সন্তানের আগমনের সংকেত পাওয়ার পর থেকে জন্ম অবধি প্রতিটি স্তরে গভীর সহযোগিতা, গভীর মমতায় মা যে দায়িত্ব পালন করেন, তাতে কখনোই তিনি ক্লান্ত হন না। আমার মনে হয় ক্লান্তি মাকে স্পর্শ করতে পারে না। এ জন্যই সুসন্তান গড়ার মধ্য দিয়ে তিনি সার্থক। আমি তিন সন্তানের জননী। তাদের সব কাজেই সব সময় সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি। তাদের সফলতায় আনন্দিত হয়েছি। চেষ্টা করেছি তাদের সুসন্তান হিসেবে গড়ে তোলার। তাদের সংকটের সময়ও চেষ্টা করেছি সর্বোচ্চ সহযোগিতা করতে। আমার একটি মেয়ে, তারপর দুটো ছেলে। মেয়েটি এমবিএ শেষ করে বর্তমানে একটি স্কুলে চাকরি করছে। বড় ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে যুক্তরাজ্যে গিয়ে মাস্টার্স শেষ করেছে। অস্ট্রিয়াতে মাস্টার্স শেষ করে সিপিএ পড়ছে। ছোট ছেলে নর্থ সাউথে বিবিএ শেষের দিকে পড়ছে।সুমনা শারমীন: দীর্ঘদিন ধরে দেখছি যে অনেক মেধাসম্পন্ন মেয়ে, অনেক প্রতিভা ও যোগ্যতা থাকা সত্ত্বেও কাজের ক্ষেত্র থেকে সরে পড়েন। তাঁদের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ কী, তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখি, অধিকাংশ ক্ষেত্রে তাঁরা বলেন, সন্তানের কারণে কাজ থেকে সরে এসেছেন। দেশের বাইরেও দেখেছি যে খুব বড় বড় জায়গায় কাজ করছেন সেসব মায়ের মধ্যেও আত্মগ্লানি হয়। আমি ভাবতাম, এ কথাটা বোধহয় শুধু আমার। পরে দেখি যে শুধু বাংলাদেশ নয়, সীমানা ছাড়িয়ে বাইরের মায়েদেরও এই অবস্থা। তো, এই আত্মগ্লানিটা দূর করার কী কী উপায়, সেটা আমাকে সব সময় ভাবায়, আমাদের ভাবায় এবং আমরা এটা নিয়ে কিছু কাজও করেছি। তো, আমি বিশ্বাস করি, রাষ্ট্র যদি চায়, সমাজ যদি চায় এবং যে প্রতিষ্ঠানে মেয়েরা কাজ করে সে প্রতিষ্ঠানগুলো যদি চায়, তাহলে ইচ্ছে করলেই মেয়েদের এ আত্মগ্লানি দূর করে দিতে পারে। এটা আমার বিশ্বাস এবং চাওয়া, দুটোই। আইসিডিডিবিআরের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। সেখানে মেয়েদের কাজ করার সংখ্যা অনেক বেশি। মেয়েরা শুধু কাজ করে তা নয়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াও থাকে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যদি মেয়েরা আসে, তাকে দীর্ঘক্ষণ অফিসে কাজ করতে হয়। একটা চমৎকার আন্তর্জাতিক মানের ডে কেয়ার সেন্টার আইসিডিবিআরে আছে। ফলে যেটা হচ্ছে যে নিশ্চিন্ত মনে মায়েরা কাজ করতে পারছেন। এখন সারা পৃথিবীতেই একটা শব্দ শোনা যাচ্ছে ‘কোয়ালিটি টাইম’। কর্মজীবী মায়েরা সন্তানকে যতটা সময় দেন, চেষ্টা করেন কোয়ালিটি টাইম দিতে। তাহনিয়্যাত করিম: যেহেতু আমি কর্মজীবী মা, সব সময় মনে হয় বাচ্চাদের ঠিকমতো সময় দিতে পারছি না। ব্র্যাক ব্যাংকে খুব সুন্দর একটা পরিবেশ আছে। বিল্ডিং ভাড়া করেছি আমরা। ব্র্যাকে তো আছেই ডে কেয়ার সেন্টার। আমরা ব্র্যাক ব্যাংকেও ডে কেয়ার সেন্টারটা খুলছি। এটা এখন আমাদের জন্য খুব ভালো সংবাদ যে একটা কিছু আমরা আমাদের মেয়েদের জন্য করতে পারছি। মেয়ে বলে না। আমার কাছে মনে হচ্ছিল যে মানবসম্পদে আমরা যারা কাজ করি, আমরাই সবার ভালোমন্দ দেখা শোনা করি। আমি ব্র্যাক ব্যাংকে ছয় বছর ধরে আছি। যারা আমার সঙ্গে যোগ দিয়েছিল তাদেরও সন্তান হয়ে যাচ্ছে। কিন্তু সবাইকে মনে হয় আমার নিজের বাচ্চার মতো। মানবসম্পদ বিভাগের সঙ্গে আমি মায়ের অনেক মিল খুঁজে পেয়েছিলাম। সেজন্য বলেছিলাম, মায়ের যেমন বাসায় সন্তানদের প্রতি দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি প্রতিটি কর্মী যারা আমাদের সঙ্গে আছেন, সবার প্রতি আমাদের সমান একটা দায়িত্ববোধ আছে, তাদের সমস্যা, তাদের ভালো লাগা, তাদের কষ্ট পাওয়া—এগুলো যেন আমরা মানবসম্পদ বিভাগ থেকে বুঝতে পারি। আসলে মানবসম্পদ ব্যবসা আর মানুষের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে, সেটা আমরা মাঝেমধ্যে ভুলে যাই। এ জন্যই আমি বলছিলাম যে মা এবং মানবসম্পদের মধ্যে খুবই মজবুত একটা সম্পর্ক আছে। আর যারা আমরা মেয়েরা কাজ করছি, তারা তো অবশ্যই সেটা আরও বেশি অনুভব করতে পারি। সে জন্যই মানবসম্পদের ভাগে আরও বেশি মেয়ে আসা উচিত। অনেক মা তো কাজ করতে চান। পারছেন না সামাজিক কারণে। আমাদের কিন্তু বাসায় অবশ্যই দায়িত্ব আছে এবং ঠিক সেভাবে আমরা বাসায় আত্মীয়স্বজন বা ছেলেমেয়েদের প্রতি দায়িত্ব দেখানোর চেষ্টা করছি। আমরা আমাদের প্রতিষ্ঠানে মেয়েদের সে অনুভূতি দিতে পারি যে আমরা আছি। এবং আমাদের অনুভূতিটা ছড়িয়ে দিতে পারি মেয়ে নয়, পুরুষ কর্মীকেও। কারণ, একটা ছেলেকে মা-ই গড়তে পারেন। এই যে ইভ টিজিং হচ্ছে, আমি যদি মা হিসেবে আমার বাসা থেকে বলতে পারি যে তুমি এ কাজ করবে না।শামীমা আক্তার লাভলী: আমি আইডিএলসি ফাইনান্স থেকে এসেছি। আমি আমার নিজের কথা দিয়ে শুরু করি। আট বছর প্রায় হলো চাকরি করছি। এর মাঝখানে আমার দুটো মেয়ে। আমার বড় মেয়ে পঞ্চম শ্রেণীতে আর ছোট মেয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। মাঝেমধ্যে চিন্তা করি, আরেকজন মহিলা আছেন, যিনি আমাকে খুব সহায়তা করছেন। তিনি হচ্ছেন আমার মা। কারণ আমার বড় মেয়েটা আমার মায়ের কাছেই থাকে। ছোট মেয়েটাকে মা রাখতে পারছেন না, যেহেতু বড় বোনের মেয়েকেও দেখতে হচ্ছে। কারণ আমার বড় বোনও চাকরি করেন। তো আমার বাসায় একটা মেয়ে আছে, ও দেখে এবং আমি বলি যে আমার ছোট মেয়েটাকে দেখে রাখছে ঠিক, মানে একটা ছায়া দিয়ে রাখছে সে। নুসরাত নিগার: আমি একজন মা। মা হতে পেরেছি তার একটা কারণ বোধ হয় আমার মা আমাকে সহায়তা করছে। আমার স্বামী ব্যাংকে চাকরি করেন। বাচ্চা হওয়ার পর অনেক মায়ের পক্ষে সম্ভব হয় না চাকরি করা।এটা খুব জরুরি এবং আমরাও আমাদের প্রত্যেকটি কর্মীকে দেখাশোনা করতে চাই। তারা যেন আমাদের কাছে আসে এবং সব কষ্টকর মুহূর্তগুলোতে শেয়ার করে। সম্প্রতি পুরুষ সহকর্মীরাও এগিয়ে আসছেন। এটা খুব ভালো হয়েছে। একজন পুরুষ সহকর্মীর স্ত্রী গর্ভবতী হয়েছেন। তিনি আমার কাছে জানতে চান, আপা, কীভাবে কী করব, কোন চিকিৎসকের কাছে গেলে ভালো হয়। কীভাবে একটা ভালো সাপোর্ট দিতে পারি। এনজিওতে ছেলেরা যাঁরা কাজ করেন, আমি মনে করি, তাঁরা অনেক ভাগ্যবান। কারণ তাঁরা সময়মতো বাসায় যেতে পারেন। আমরা খুব উৎসাহিত করি, পাঁচটার পর অফিসে না থাকার জন্য। যেখানে আমি দেখি আমার স্বামীকে, তাদের কাজই শুরু হয় আটটার পরে। এবং নয়টার আগে সে তো বাসায় আসেই না। আমি তাকে খুব উৎসাহিত করার চেষ্টা করি যে তুমি এনজিওতে আসো। কিন্তু দুটো মিলিয়ে সব সময় তো আর হয় না। তো আমি ভাগ্যবতী যে আমি ছেলে হয়ে জন্মাইনি। আমি মেয়ে হয়ে জন্মেছি এবং আমি এ কারণে গর্বও বোধ করি যে মেয়েরাই পারে, বাসাও সামলাতে পারছে, অফিসও করছে, পুরোটাই করছে। মহুয়া রশীদ: আমি কান্ট্রি ম্যানেজার, এসিসিএ বাংলাদেশ। আমার প্রথম বাচ্চাটা অনেক দিন আগে হয়েছিল। আমি যখন বিশ্ববিদ্যালয়ে থাকি। তার বয়স এখন ২৫। আর ছোট মেয়েটা যখন হয়, তখন আমি খুবই নামকরা একটা প্রতিষ্ঠানে কাজ করতাম। সে মেয়েটার বয়সও এখন ১৬। কাজেই এ মুহূর্তে আমার সে সমস্যা নেই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে নুসরাত, তানিয়া, শামীমা ওঁরা বললেন যে কী চমৎকারভাবে তাঁদের প্রতিষ্ঠান তাঁদের সাহায্য করেছে। তাঁরা এখন ছয় মাস ছুটির কথা ভাবছেন। কিন্তু আমি যে খুবই নামকরা প্রতিষ্ঠানে কাজ করতাম, তারা আমাকে গুনে গুনে ঠিক ৪৫ দিন ছুটি দিয়েছিল, আমার বাচ্চা হওয়ার পর। বাচ্চা তো বুকের দুধ খেত না। বাচ্চাকে কে দেখাশোনা করবে। যেকোনো সভ্য দেশে এটাকে বলা যায় নিষ্ঠুর ঘটনাই। তো এ ব্যাপারে আমি অনেক অনুরোধও করেছিলাম এবং সে জন্য তখন তিন মাসের একটা ছুটির ব্যাপার ছিল। সে কারণে আমি কিন্তু প্রথম দিক থেকে ছুটি নিইনি। ছুটি নিয়েছিলাম বাচ্চা হওয়ার আগ মুহূর্তে। কিন্তু তারা তাদের সমস্ত বইপত্র দেখে বলেছিল যে এটা সম্ভব না। আমি জানি না, তাদের কোন বই দেখে বলেছিল। তো যা-ই হোক, এটা আমার এখনো মনে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব আবেগতাড়িত হয়ে যাচ্ছি। কারণ, ওই মুহূর্তে ৪৫ দিনের বাচ্চাকে রেখে আসা আমার জন্য খুবই কঠিন অবস্থা ছিল। আমার আম্মা অনেক দূরে থাকতেন। আমি নিজেও একজন কর্মজীবী মায়ের সন্তান। আমার জ্ঞান হওয়া অবধি জানতাম যে আমার মা কাজ করতেন।তার পরেও তখনকার সময় আমার অসুবিধা হয়নি। এ সময় সবাই বলছে যে গৃহসহকর্মী বাইরে চলে যায়, সেখানে ৪৫ দিনের বাচ্চাকে কে বাঁচাবে? তো যা-ই হোক নিশ্চয়ই আল্লাহ অনেক সদয়। বাচ্চা বড় হয়েছে। তো এখন আমার মনে হয় যে এইচআরের অনেক বড় দায়িত্ব, যাতে মায়েরা ওই সমস্যায় না পড়ে। ওইভাবে বাচ্চাটাকে বড় করতে না হয়। আরেকটা জিনিস আমার মনে হয়, এ প্রক্রিয়াটা অনেক আগে থেকেই শুরু করা উচিত। সওদাগর সানজিদা শারমীন: আমি এখনো মা হইনি। আশা করি ভবিষ্যতে হব। আমার কাছে মনে হয়, আজকে যে বিষয়টির ওপর ভিত্তি করে আমরা আমন্ত্রিত হয়ে এখানে এসেছি; সেটার খুব ভালো একটা উদ্দেশ্য আছে। যে বিষয়টি নিয়ে আজ খুব হালকাভাবে আলোচনা হচ্ছে, এটাকেই কালকে আমরা অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি, যদি আমরা সবাই বিষয়টিতে একমত থাকি। আমার কাছে মনে হয়, এখন পর্যন্ত বাংলাদেশে বেশির ভাগ প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রে পুরুষেরা কাজ করে। সে ক্ষেত্রে আমার কাছে মনে হয়, একটি প্রতিষ্ঠানে যদি আমরা বদল আনতে চাই, তাহলে পুরুষদেরও এ ধরনের আলোচনায় আসা উচিত।আমরা হয়তো ১০০ ভাগ পুরুষকর্মীকে বোঝাতে পারব না। আশা করি, কমপক্ষে ৮০ ভাগ পুরুষকর্মীকে বোঝাতে পারব। এটা তখন মানবসম্পদ বিভাগের জন্যও সহজ হবে তার পুরো প্রতিষ্ঠানে বদল আনার ক্ষেত্রে। আমার প্রতিষ্ঠানে এখন পর্যন্ত ডে কেয়ার সেন্টার না খুললেও আমার এখানে যে কয়েকজন মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন, তাঁদের কোনো সমস্যা হয়নি। আমি নিজে তাঁদের ছুটি নিশ্চিত করে বাসায় সন্তানের সঙ্গে থাকতে বলেছিলাম। যখন একজন মেয়ে গর্ভবতী হন, তখন আগে থেকে যদি আমরা তৈরি হয়ে নিতে পারি যে তাঁর অনুপস্থিতিতে এ কাজটা কে করতে পারে। একজনের ওপর চাপ প্রয়োগ না করাই ভালো। সে বিভাগে বেশি লোক থাকলে দুজনের ওপর দায়িত্ব দেওয়া যেতে পারে।পারভীন সাইদ: আমি দুই বছর ধরে একটি আইটি প্রতিষ্ঠানে কাজ করছি। মানবসম্পদ বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করছি। আমাকে যখন আলোচনার বিষয় বলা হয়েছিল, আমি তখন চিন্তা করেছিলাম এভাবে যে একজন মা তাঁর পরিবারে মানবসম্পদ বিভাগের কাজ করছেন। সেই সঙ্গে তিনি যেখানে কর্মী সেখানেও করছেন। আমি মনে করি, একজন মা যখন গর্ভবতী হন, তখন থেকেই তাঁর শারীরিক কষ্ট শুরু হয়। সংসারে যেমন সন্তানের গন্তব্য, তার ভবিষ্যৎ মা চিন্তা করেন যে কোথায় আমি তাকে দেখব। কিসের পর কী হবে। তেমনই আমরা যখন মানবসম্পদ বিভাগে কাজ করছি, তখন আমাদের কাজটা হয় নতুন যোগ দেওয়া একজন কর্মীকে পাঁচ অথবা ১০ বছর পর কীভাবে দেখব, সেটার ওপর ভিত্তি করে একজন তাঁকে তৈরি করি। সেখান থেকে আমি বলতে পারি, বাসার মতো প্রতিষ্ঠানেও আমাদের ভূমিকা আছে।মালিক শারমীন মুমতাহিন: আমার গর্ভে সাত মাসের সন্তান। আপনাদের আলোচনার সঙ্গে আমার অভিজ্ঞতা পুরোপুরি ভিন্ন। গর্ভবতী হওয়ার আগে কাজ করতে গিয়ে আমি কখনো অনুভব করিনি যে আমি ছেলে না মেয়ে। আমি যে মেয়ে—এটা তারপর থেকে অনুভব করতে লাগলাম। এ সংবাদে আমি যে সম্মান পেয়েছি, তা কখনো পাব বলে কল্পনাও করিনি। প্রত্যেকটি কর্মী আমার কষ্টটা অনুভব করছেন বলে আমার মনে হতো। আমি আগে ভুল করলে আমার বস কিছুটা রাগ করতেন, কিন্তু এখন করেন না। শুক্র ও শনিবার আমাদের ডে অফ। কিন্তু দেখা যায়, শনিবারে আসতে হয়। না এসে পারি না। কিন্তু আমাকে বলা হয়েছে, আপনি শুক্রবারে বিশ্রাম নিয়ে শনিবারে আসতে পারেন। সে ক্ষেত্রে আপনার ডে অফ আপনি মঙ্গলবারে করে নিন। তাহলে আপনার জন্য সুবিধা হলো। এ তো গেল প্রতিষ্ঠানের কথা। আর মায়ের পরিবারের কথা যদি বলি, গর্ভবতী হওয়ার পর আমার মাকে আমি প্রচণ্ড অনুভব করেছি। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ির কাছ থেকে যে পরিমাণ সাহায্য পেয়েছি, তা কখনো চিন্তাও করতে পারিনি। আমি এটুকুই বলতে চাই, আমার অভিজ্ঞতা খুবই ভালো, অফিসে এবং পরিবারেও। তো আমি আশা করি যে বাকি প্রতিষ্ঠানগুলোয়ও তা-ই হোক। কমপক্ষে সম্মানটা করুক। এটাই হচ্ছে চাওয়া। সুনিতা বড়ুয়া: আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করে নারীকর্মীদের সঙ্গে। চার মাসের একটি ছুটি আছে। কিন্তু এর বাইরেও যদি কোনো মহিলা ছুটি নিতে চান, তাহলে তিনি পাবেন। উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের শেষ মেডিকেল অফিসার যিনি ছিলেন, তিনি প্রায় এক বছরের মতো সময় ছুটি নিয়েছিলেন। চার মাস ছিল মাতৃত্বকালীন ছুটি, বাকি ছয় মাস আমরা বিভিন্নভাবে তাঁকে ছুটি দিতে পেরেছিলাম। কিন্তু যেকোনো কারণেই হোক, এই এক বছর ছুটি কাটানোর পর তিনি আমাদের প্রতিষ্ঠানে আর কাজ করতে পারেননি। পরে যখন নতুন মেডিকেল অফিসার নিতে গেলাম, তখন পুরুষ সহকর্মীরা বিভিন্নভাবে ম্যানেজমেন্টকে চাপ দিতে লাগলেন, যাতে কোনো মহিলাকে ভবিষ্যতে আর মেডিকেল অফিসার হিসেবে নেওয়া না হয়। যদিও আমাদের প্রতিষ্ঠানে ৯৫ ভাগ কর্মী হচ্ছেন মেয়ে এবং এই ৯৫ শতাংশ এঁদের ৯০ শতাংশ বিবাহিত। তার পরও পুরুষ কর্মীরা এ ব্যাপারটাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমাদের তো পাওয়ার প্লান্ট প্রতিষ্ঠান। তো চাইলেই আমরা সব পদে মেয়ে নিতে পারি না। শিফট-ইন ডিউটি যেহেতু করতে হয়। অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টস, মেডিকেল অফিসার—এসব পদে নেওয়া যায়। কিন্তু এ পদগুলোতেও যাতে মহিলা নিয়োগ না পান, সে জন্য পুরুষ সহকর্মীরা সব সময় সহযোগিতা করে যান।লামিয়া জোহা: শিশু দিবাযত্নকেন্দ্র গড়ে তোলা না গেলেও প্রতিষ্ঠান যেন অন্ততপক্ষে একটি পৃথক ঘর দেয়। সেই সঙ্গে শুধু একটি বিছানার ব্যবস্থা থাকলেই হবে। বাচ্চা দেখাশোনার জন্য আমরাই সহকর্মী নিয়ে আসব। নারীদের সংখ্যা বিচার না করে শিশু দিবাযত্নকেন্দ্র প্রতিটি প্রতিষ্ঠানে খোলা উচিত। এতে করে পুরুষ কর্মীরাও তাঁদের সন্তানকে এখানে রাখতে পারবেন। বিলকিস বানু: অফিসে সহকর্মীর সঙ্গে যেকোনো সমস্যার কথা ভাগাভাগি করে নিলে অনেক সমাধানের পথ বেরিয়ে আসে।কাজী বুশরা ইব্রাহীম: কর্মজীবী মাকে সব সময় দেখেছি যুদ্ধ করতে। তাই সব কর্মজীবী মায়ের মধ্যে নিজের মায়ের ছায়া দেখি। এ ধরনের উপলব্ধি সবার মধ্যে না এলে অবস্থার পরিবর্তন হবে না। নিজে মা না হলেও কর্মজীবী মায়েদের শ্রদ্ধা করতে হবে। তাঁদের সমস্যাগুলোকে শ্রদ্ধা করতে হবে।প্রিয়াঙ্কা দে: আমাদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে কোনো সমস্যায় পড়তে হয় না। আমি যখন চাকরির নিয়োগপত্রে দেখলাম যে এখানে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, তখন অবাক হয়েছিলাম। ভীষণ ভালো লেগেছিল। গর্ভবতী মায়েদের বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হয়।রুবিনা খান: আমার মা শিক্ষক ছিলেন। ছোটবেলা থেকেই আমাদের শিখিয়েছেন, পড়াশোনা শেষ করে কোনো একটি পেশায় কাজ করতে হবে। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, সেখানে অনেক মেয়ে কাজ করেন। কিন্তু এখানে কোনো ডে কেয়ার সেন্টার নেই। কাজের ক্ষেত্রে ব্যাঘাত হতে পারে চিন্তা করে বিবাহিত মেয়েরা বাচ্চা নিচ্ছেন না। আর অবিবাহিত মেয়েরা চাকরিতে ঢুকছেন না।ফারজানা হাফিজ: আমাদের প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস অনুমোদন করা হয়েছে। তাহনিয়্যাত আহমেদ করিম: ছেলেরা অনেক বদলে গেছে। তবে আমাদের সন্তান ও ভাইদের শেখাতে হবে নারীদের শ্রদ্ধা করতে। এ দায়িত্ব একজন মায়ের, বোনের ও মানবসম্পদ বিভাগের। আমরা যদি ছেলে ও ভাইদের বদলাতে পারি, তাহলে এ সমস্যাগুলো অনেকখানি কমে যাবে। আমরা ব্র্যাক ব্যাংকে ‘নিঃসংকোচে বলতে চাই’ নামে একটি সেল খুলেছি। সেখানেও মেয়েরা নিঃসংকোচে কথা বলতে পারে না। মতিউর রহমান (সম্পাদক, প্রথম আলো): সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এ আলোচনায় আসার জন্য। প্রতিষ্ঠানের মালিক ও প্রতিষ্ঠানের প্রধান যদি নারীকর্মীদের সমস্যার দিকে সুনজর না দেন, তাহলে আইন বা নিয়মনীতি কোনো কাজে আসবে না। আমরা নারীকর্মীদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি মা হওয়ার জন্য কারও যেন চাকরির অসুবিধা না হয়, সেটাও নিশ্চিত করছি।