মাতৃত্বকালীন ছুটি ছয় মাস!
মা। ছোট্ট একটি শব্দ। কিন্তু এর মধ্যে আছে পৃথিবীর মমতাময়ী রূপ। সন্তান গর্ভে ধারণ করার পর থেকে সব দায়িত্বই হাসিমুখে পালন করে যান, তা যতই কষ্টকর হোক না কেন। বরং কষ্ট তখনই বহু গুণ বেড়ে যায়, শিশু যখন বঞ্চিত হয় মায়ের সান্নিধ্য থেকে। কর্মজীবী মায়েরাই এ ঘটনার শিকার হন বেশি। একদিকে চাকরি অন্যদিকে সন্তান। প্রতিষ্ঠানের ঠিক করা মাতৃত্বকালীন ছুটি শেষ হলেই কাজে যোগদান। কাজে এলেও মনটা তো পড়ে থাকে ঘর আলো করা সন্তানের দিকেই। ঠিকমতো খেয়েছে তো? সব ঠিক আছে তো? অফিসের কাজ তাড়াহুড়ো করে শেষ করা। দেরি করে অফিসে আসা—সারাক্ষণ একটাই চিন্তা। বাধ্য হয়ে কোনো কোনো মাকে অবশেষে চাকরিটাই ছেড়ে দিতে হয়।২ জুন সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, মাতৃত্বকালীন ছুটির মেয়াদ চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার কাজ চলছে।এর আগে ২৪ এপ্রিল ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব গার্লস গাইডস ও গার্লস স্কাউটসের শতবর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানেও তিনি এই ছুটি ছয় মাস করার কথা বলেন।সরকারিভাবে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হতে আরও কিছুটা সময় লাগবে। তবে এর আগেই ঢাকার বেসরকারি ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (আইইউবি) ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।সে অনুযায়ী ছয় মাসের ছুটি মঞ্জুরও করা হয়েছে।এখন থেকে বিশ্ববিদ্যালয়টিতে কর্মরত নারীকর্মীরা এ মেয়াদে ছুটি পাবেন। ১০ বছর ধরে এই শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করছেন শামীমা খাতুন। বর্তমানে তিনি মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা।মা হয়েছেন ছয় বছর আগে। মা হওয়ার দুই দিন আগেও প্রতিষ্ঠানে এসেছেন। কাজ শেষ করে তবেই বাড়ি গেছেন। ‘ছুটিগুলো জমাচ্ছিলাম। সন্তান হওয়ার পর যেন তার সঙ্গে কিছুদিন কাটাতে পারি। দিতে পারি মাতৃত্বের পরিপূর্ণ স্নেহ। সন্তান হওয়ার পর সব মিলিয়ে চার মাসের ছুটি পেয়েছিলাম। কিন্তু অন্তঃসত্ত্বা থাকার সময়ে অতিরিক্ত কাজের চাপ প্রভাব ফেলে বাচ্চাটার ওপর। ফলে শিশুটি আক্রান্ত হয় চর্মরোগে।’ সেই দিনগুলোর কথা বললেন তিনি।‘মাতৃত্বকালীন ছুটির মেয়াদ নিয়ে পরিকল্পনাটি অনেক আগে থেকেই আমাদের মাঝে ছিল। অবশেষে এ বছরের ২৯ মার্চ আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এর অনুমোদন দেওয়া হয়।’ বললেন আইইউবির উপাচার্য বজলুল মোবিন চৌধুরী। তিনি বলেন, ‘পরিবর্তনশীল সমাজকাঠামোর কারণেই পরিবারের ধারণা বদলে যাচ্ছে। একক পরিবারের সংখ্যাও বাড়ছে। কিছুদিন পর হয়তো বাড়িতে কোনো সাহায্যকারীকেও পাওয়া যাবে না। জন্মের পর সন্তানের পরিচর্যা করতে গিয়ে মাকে যেন কোনো সমস্যার মুখোমুখি না হতে হয়, এ বিষয়টি চিন্তা করেই এ পদক্ষেপ নেওয়া।’মায়ের ওপর ভরসা করেই প্রথম সন্তানটি বাসায় রেখে এমবিএ সম্পন্ন করেছেন মোনা রহমান। অফিস থেকে দেড় মাসের ছুটি পেয়েছিলেন সে সময়।বাইরের কাজগুলো ঠিকমতো করতে পেরেছেন পরিবারে কেউ ছিল বলেই। তবে দ্বিতীয় সন্তান হওয়ার সময় মাতৃত্বকালীন ছয় মাসের ছুটি পেয়েছেন আইইউবির জ্যেষ্ঠ সহকারী রেজিস্ট্রার মোনা রহমান। অবশ্য এই সিদ্ধান্ত অনুমোদন পাওয়ার আগেই তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তখনই এই ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয়।এ কারণেই তিনি গত বছরের ৯ আগস্ট থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ছয় মাস ছুটি পান। শিশুটিকে নিশ্চিন্ত মনে সামলেছেন। পরে নতুন নিয়মের মধ্যে এনে তাঁর ছুটি দেখানো হয়। ‘অনেকে এ সুযোগটা পায়নি। আমি পেয়েছি। এ নিয়মের মধ্যে থেকে মা হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’ মোনা বলেন।প্রতিযোগিতার এ বাজারে কোনো কর্মজীবী নারী চান না পিছিয়ে পড়তে। অন্তঃসত্ত্বা হওয়া স্বাভাবিক প্রক্রিয়া। তবে অনেক প্রতিষ্ঠানে সন্তান হওয়ার পর অতিরিক্ত ছুটি চাওয়াটাই যেন অপরাধের। চাকরিও হারাতে হয়েছে অনেককে। ‘পেশা, পরিবার, শিক্ষা—সবকিছু ছাপিয়ে মাতৃত্বটাই আগে আসে। এ নিয়মের কারণে নারীরা পেশার দিক থেকে আর পিছিয়ে থাকবেন না। পরিবার, সন্তানের চাহিদা মেটানোর পাশাপাশি চাকরিতে নিজের অবস্থানও বজায় রাখতে পারবেন কর্মজীবী মায়েরা।’ এমনটি মনে করছেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম এবং যোগাযোগ বিভাগের কনিষ্ঠ প্রভাষক জেসিকা তারতিলা।