মাতৃত্বকালীন ছুটি ছয় মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মজীবী নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস হলো। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ইমদাদুল হক।গতকাল প্রজ্ঞাপন জারি হলেও ৯ জানুয়ারি থেকে তা কার্যকর হচ্ছে। সমগ্র চাকরিজীবনে একজন নারী এই ছুটি সর্বোচ্চ দুবার পাবেন। আগে এই ছুটি ছিল চার মাস।নারী অধিকার নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ও ব্যক্তি সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক বলেছেন।২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানো এবং শিশুর সার্বিক পরিচর্যার জন্য মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর প্রতিশ্রুতি দেন। গত জুন মাসে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সবিচকে লেখা চিঠিতে বলা হয়, ছুটির মেয়াদ বাড়ানোর কারণে অতিরিক্ত আর্থিক ব্যয় হবে না।বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা এস কে রায় বলেন, এ উদ্যোগের ফলে এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার কমানো সম্ভব হবে। তিনি বলেন, সুযোগ পাওয়া নারীদের সুযোগটি পুরোপুরি কাজে লাগাতে হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারি চাকরি বিধিতে বলা আছে, চাকরিতে যোগদানের পর নয় মাসের মধ্যে এ সুযোগ কেউ পাবে না। তবে এই বিধি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, জন্মের পর শিশুকে ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ানোর কথা। কর্মজীবী নারীদের পক্ষে এটা মানা সম্ভব হচ্ছিল না। এখন সম্ভব হবে। তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের জন্য এটি বাধ্যতামূলক নয়। তারা নিজেদের দায়িত্বে ও বিশেষ উদ্যোগে এটা চালু করতে পারে। পিতৃত্বকালীন ছুটির বিষয়টিও সরকারের বিবেচনায় আছে বলে জানান ইমদাদুল হক।বুমেরাং যাতে না হয়: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেন, চাকরিতে নিয়োগ দেওয়ার সময় এ বিষয়টি যাতে বুমেরাং না হয়, তা নিশ্চিত করতে হবে। ছয় মাস ছুটিতে থাকবে এই বিবেচনায় নারীকে নিয়োগ ও পদোন্নতি দিতে অনেকে অনীহা প্রকাশ করতে পারে। ছুটির ইতিবাচক দিক নিয়ে প্রচার বাড়াতে হবে।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, এ অধিকার দায়িত্বশীলতার সঙ্গে উপভোগ করতে হবে। পরিবার, রাষ্ট্র ও সমাজকেও ইতিবাচক মনোভাব দেখাতে হবে। সন্তানের দায়িত্ব শুধু মায়ের নয়, পরিবার, রাষ্ট্র—সবার।কর্মজীবী নারীর সভাপতি শিরিন আখতার বলেন, ছয় মাস কাজে অনুপস্থিত থাকবে এ অজুহাতে যাতে নারীর কর্মের সুযোগ সংকুচিত না হয়ে পড়ে, সে দিকে নজর দিতে হবে।গতকাল আইন ও সালিশ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে সরকারের এ সিদ্ধান্তকে নারী উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। এই সংস্থাটি মনে করে, এই সুযোগ সব ধরনের কর্মজীবী নারীর পাওয়া উচিত।জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদেও বিবাহ অথবা মাতৃত্বজনিত কারণে নারীর অধিকার নিশ্চিত ও বৈষম্য রোধে রাষ্ট্রকে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে।