মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার কথা বললেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা হবে। তিনি বলেন, ‘আমি মনে করি, একটি নবজাতক শিশুর যথাযথ যত্ন নেওয়ার জন্য মাতৃত্বকালীন চার মাস সময় যথেষ্ট নয়।’ প্রধানমন্ত্রী গতকাল রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ মাতৃত্ব দিবস-২০১০ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন। খবর ইউএনবি ও বাসসের। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে দক্ষতার সঙ্গে জরুরি প্রসূতিসেবা দেওয়ার জন্য সাতটি বিভাগের ২৭টি স্বাস্থ্যসেবা-সম্পর্কিত প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের গণমুখী স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় ১৩ হাজার ৫০০ ‘কমিউনিটি হেলথ প্রোভাইডার’ নিয়োগ দেওয়া হবে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শিগগিরই এসব নিয়োগ শুরু হবে।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ‘ভিশন-২০২১’-এর আলোকে ২০২১ সালের মধ্যে শিশুমৃত্যুর হার বর্তমানে হাজারে ৫৪ থেকে ১৫-তে এবং মাতৃমৃত্যুর হার ৩ দশমিক ৮ শতাংশ থেকে ১ দশমিক ৫ শতাংশে কমিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্য খাতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ছাড়া গর্ভবতী মায়েদের প্রসবকালীন অকালমৃত্যু রোধে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।প্রধানমন্ত্রী এ লক্ষ্যে নেওয়া বিভিন্ন কার্যক্রমের উল্লেখ করে বলেন, তাঁর সরকার জরুরি প্রসূতিসেবা কার্যক্রম, কমিউনিটি ক্লিনিক, স্কিল্ড বার্থ অ্যাটেনডেন্ট ট্রেনিং প্রোগ্রাম ও মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শেখ হাসিনা বলেন, বর্তমানে নয় হাজার ৭২২টি কমিউনিটি ক্লিনিকে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। এসব ক্লিনিক কার্যকর করার লক্ষ্যে ইতিমধ্যে ১০ হাজার কমিউনিটি গ্রুপ গঠন করা হয়েছে। এর মধ্যে নয় হাজার গ্রুপের প্রায় এক লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে গ্রামাঞ্চলের প্রসূতি মায়েরা আরও সহজেই প্রয়োজনীয় সেবা নিতে পারবেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ কর্মসূচির মাধ্যমে মহিলা মাঠকর্মীদের ছয় মাসের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ২০১৫ সালের মধ্যে ১৩ হাজার ৫০০ জরুরি প্রসূতিসেবা কর্মী (সিইসবিএ) তৈরি করা হবে।প্রধানমন্ত্রী প্রত্যেক প্রসূতি মা ও শিশুর স্বাস্থ্যসেবা জোরদার এবং মৃত্যুহার কমানোর লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শেখ হাসিনা শিশুরা যাতে মায়ের বুকের দুধ পান করতে পারে, এ জন্য প্রতিটি অফিসে ‘ডে কেয়ার সেন্টার’ চালু এবং শপিং মল, রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একটি করে ‘মাদার সেন্টার’ চালুর ওপর জোর দেন। স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী অধ্যাপক এ এফ এম রুহুল হক, প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির প্রমুখ।