মাতৃত্বকালীন ছুটি ছয় মাস হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মজীবী নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্যমতে, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বিষয়টি এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরপর অর্থ ও আইন মন্ত্রণালয়ের আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে সরকারি আদেশ জারি হবে।২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানো (এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং) এবং শিশুর সার্বিক পরিচর্যার জন্য মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর প্রতিশ্রুতি দেন। ৭ ডিসেম্বর অর্থ বিভাগ থেকে বিষয়টি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়।অর্থসচিব মোহাম্মদ তারেক টেলিফোনে প্রথম আলোকে বলেন, মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর বিষয়টি যেকোনো সময় সরকারি আদেশ আকারে জারির অপেক্ষায় আছে। তবে কত দিন সময় লাগবে, তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।বর্তমানে সরকারি নারী কর্মকর্তা ও কর্মচারীরা বেতন ও অন্যান্য ভাতাসহ চার মাস মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন। চাকরিজীবনে একজন নারী এ সুযোগ সর্বোচ্চ দুবার পাচ্ছেন।জানা যায়, মাতৃত্বকালীন ছুটি বাড়াতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পরামর্শসহ রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। এরই মধ্যে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন বিষয়টি অনুমোদনসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করেছে।শিশুর স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই। সরকারি নির্দেশনাতেই জন্মের পর শিশুকে ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ানোর (এক ফোঁটা পানিও নয়) কথা। কিন্তু কর্মজীবী নারীদের পক্ষে বর্তমানে এ নির্দেশনাটি মানা সম্ভব হচ্ছে না।শিশু বিশেষজ্ঞ এম কিউ কে তালুকদার প্রথম আলোকে বলেন, ‘শিশুকে এক্সক্লুসিভ ব্রেস্টফিড করানোর জন্য প্রথম থেকেই এ ছুটি ছয় মাস করার দাবি তুলে আসছিলাম। বর্তমানে এটি কার্যকর হতে যাচ্ছে, এ জন্য সরকারকে সাধুবাদ জানাই।’জানা যায়, শুধু সরকারি কর্মজীবীরা ছয় মাস মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারবেন। বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বিষয়টি বাধ্যতামূলক নয়। এ প্রসঙ্গে এম কিউ কে তালুকদার বলেন, সরকার ইচ্ছে করলে সব কর্মজীবী নারীর জন্য একটি নির্দেশনা দিতে পারে, যাতে কেউ এ সুবিধা থেকে বাদ না পড়েন।মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস দেওয়ার জন্য সরকার বেসরকারি প্রতিষ্ঠানকে বাধ্য করতে পারে না। তবে জাতীয় নারী উন্নয়ননীতিতে ছয় মাস ছুটির কথা উল্লেখ থাকবে, যাতে সব প্রতিষ্ঠান বা সংস্থা বিষয়টি মেনে চলে। প্রতিমন্ত্রী জানান, যেদিন গেজেট প্রকাশ হবে, সেদিন থেকেই এ ছুটির সুবিধা ভোগ করতে পারবেন নারীরা।