মাতৃত্বকালীন ছুটি বাড়ছে, তবে...
সম্প্রতি প্রধানমন্ত্রী বললেন, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার চিন্তাভাবনা চলছে। অবশ্যই আশার কথা। কারণ চিকিত্সকেরা বলেন, ছয় মাস পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। শিশুর এ সময়টা মায়ের সান্নিধ্য খুবই প্রয়োজন।তবে, এখন চার মাসের যে মাতৃত্বকালীন ছুটি আছে সেটা কি সবাই মানছে? মাতৃত্ব। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এটি। এ সময় অনেকেই নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন, বিশেষ করে কর্মজীবী নারীরা। সন্তান জন্ম নেওয়ার আগেই তাঁরা চিন্তিত হয়ে পড়েন। সময়মতো ছুটি পাব তো? যদিও বা মাতৃত্বকালীন ছুটি চার মাস পান, তাঁর মন পড়ে থাকে সন্তানের কাছে। কেননা এই সময় শিশু মায়ের বুকের দুধ ছাড়া কিছুই খায় না। চিন্তিত হয়ে পড়েন মা। কর্মস্থলেও সঠিকভাবে মনোযোগ দিতে পারেন না। যে কারণে অনেকের চাকরিও চলে যায়। কেউ বা স্বেচ্ছায় অবসর নেন। আশার কথা এই যে সরকার মাতৃত্বকালীন ছুটি চার থেকে বাড়িয়ে ছয় মাস করার চিন্তাভাবনা করছে। ২৪ এপ্রিল ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউটসের শতবর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ ছাড়া দৈনিক প্রথম আলোর ২২ এপ্রিলের একটি প্রতিবেদনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সূত্র থেকেও এমন খবর জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মা ও নবজাতকের শারীরিক প্রয়োজনের কথা মাথায় রেখেই এ বিষয়টি ভাবা হচ্ছে। চিকিত্সকেরা অন্তত ছয় মাস শিশুকে বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়ায় প্রধানমন্ত্রীর আগ্রহে এই সিদ্ধান্ত হতে যাচ্ছে। এতে কর্মজীবী মায়েরা সন্তানের কাছাকাছি বেশি সময় থাকতে পারবেন। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নারীরা। এ বিষয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক মাহমুদা ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এটি সত্যিই অনেক ভালো খবর। সরকারের এ উদ্যোগ আমাদের নতুন আশার আলো দেখাচ্ছে। এ জন্য আমাদের মনমানসিকতার পরিবর্তন আনতে হবে। মনে করা হয় গর্ভধারণ করে নারী। ফলে মাতৃত্বকালীন সময়ের দায়িত্বও তাঁদেরই। ক্ষুদ্র পরিসরের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। একজন নারী, একজন মায়ের দায়িত্ব পুরো সমাজের। ছয় মাস ছুটি পাওয়াকে ব্যক্তিকেন্দ্রিক দেখলে হবে না। এই দীর্ঘ সময় ছুটি দেওয়া মানে তাঁকে করুণা করা নয়। মানুষ হিসেবে এটি তাঁর অধিকার। সে ক্ষেত্রে অধিকার আদায়ে তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। একজন সুস্থ মা ও শিশু পুরো জাতির সম্পদ। এটি মনে রাখতে হবে। শুধু সিদ্ধান্ত নিলেই হবে না, সরকারকে দ্রুত এর বাস্তবায়ন করতে হবে। এমনভাবে এই নিয়ম কার্যকর করা উচিত, যাতে করে দেশের কর্মজীবী নারীরা এর সুফল ভোগ করতে পারেন। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে এ ছুটি বাধ্যতামূলক করা উচিত। যে প্রতিষ্ঠানগুলো এই আইন মানবে না, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নীতিমালাও থাকতে হবে। এমনটাই আশা করছি।’‘মাতৃত্বকালীন ছুটি ছয় মাস হওয়াই উচিত। কেননা ছয় মাস পর্যন্ত প্রত্যেক শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। তা না হলে সন্তান ও মায়ের মধ্যে আত্মিক বন্ধন গড়ে ওঠে না।’ মনে করেন বারডেম হাসপাতালের শিশুরোগ বিভাগের প্রধান অধ্যাপক তাহমীনা বেগম। মায়ের বুকের দুধ ছয় মাস পর্যন্ত শিশুর একমাত্র উপযুক্ত খাবার। এর পরিবর্তে অন্য খাবার দিলে শিশুর ক্ষতি হয়। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তারা ঘন ঘন ডায়রিয়া, নিউমোনিয়ায় আক্রান্ত হয়। মানসিক বৃদ্ধি-বিকাশ পরিপূর্ণ হয় না। মায়ের বুকের দুধে সব ধরনের পুষ্টিগুণ থাকে, যা পুষ্টিহীনতা থেকে শিশুকে রক্ষা করে। হাড় ও দাঁতের গঠন মজবুত হয়। অন্যদিকে বুকের দুধ না খাওয়ালে মা-ও নানা হুমকির সম্মুখীন হন। স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ ছাড়া ঘন ঘন গর্ভধারণের আশঙ্কা থাকে। অনেক ক্ষেত্রে মায়ের রক্তশূন্যতা দেখা দেয়। যে কারণে মা ও শিশু দুজনেরই অধিকার এই ছয় মাস কাছাকাছি থাকার। মাতৃত্বকালীন এই ছুটি সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত প্রতিটি ক্ষেত্রে কার্যকর করতে হবে। ছয় মাস পরে একজন মা যখন তৃপ্ত মনে কাজে ফিরে আসবেন, তাঁর কাজের আগ্রহ বেড়ে যাবে। এতে করে প্রতিষ্ঠানেরই লাভ হবে।তবে...বাস্তবতা বলে ভিন্ন কথা। মাতৃত্বকালীন ছুটি ছয় মাস হয়ে যাচ্ছে। অনেক কর্মজীবী নারী এ বিষয়ে শঙ্কিত হয়ে পড়ছেন। কেননা আগের চার মাস ছুটিও তাঁরা ঠিকভাবে পেতেন না। সহকর্মীরা এত দিনের ছুটি মেনে নিতে পারেন না। চাকরিও চলে গেছে অনেকের। এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন—এমন কয়েকজন নারীর কথা তুলে ধরা হলো। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন খেয়া (ছদ্ম নাম)। দীর্ঘ পাঁচ বছর একই প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি। প্রথম সন্তান জন্ম নেওয়ার আগে মাতৃত্বকালীন ছুটিতে যান। ছুটি শেষে অফিসে এসে জানতে পারেন, তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। এর কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, তাঁর চারিত্রিক ত্রুটি ছিল। তাঁর জায়গায় অন্য লোককে নেওয়া হয়েছে। কী করবেন খেয়া বুঝতে পারেন না। চাকরি বাঁচানোর আশায় নানা জায়গায় ছোটাছুটি করেন। অনেকে তাচ্ছিল্যের স্বরে বলেন, ‘মা হওয়ার সাধ মিটে গেছে তো?’ ইলোরা বরাবরই মিশুক। একটি বহুজাতিক মোবাইল ফোন কোম্পানির গ্রাহক সেবাকেন্দ্রে কাজ করতেন। সবাই তাঁর কাজের প্রশংসা করতেন। কিন্তু তাঁর গর্ভধারণের কথা জানতে পেরে সেই পরিবেশটা বদলে যেতে শুরু করে। তাঁর শারীরিক পরিবর্তনের সঙ্গে সহকর্মীদের ব্যবহারেও আমূল পরিবর্তন দেখা যায়। ইলোরা প্রথমে বিষয়টি ধরতে না পারলেও পরে বুঝতে পারেন। প্রতিটি ক্ষেত্রে তাঁর ভুল ধরার চেষ্টা করা হয়। এটি তাঁকে মানসিক চাপের মধ্যে ফেলে দেয়। তাঁর মনে হতে থাকে কাজ না করেই বুঝি বেতন নেওয়া হচ্ছে। মনে অপরাধবোধ বাসা বাঁধে। একসময় চাকরিটা ছেড়ে দেন। ইলোরা বলেন, ‘পরিবেশটা আমার অনুকূলে ছিল না। সহকর্মীদের কাছ থেকে কোনো সাহায্য-সহযোগিতা পাইনি। তখন মনে হয়েছিল মা হতে চাওয়া জীবনের ভুল সিদ্ধান্ত। ক্যারিয়ারটা থমকে দাঁড়ায়। সন্তান একটু বড় হলে আবার কোনো নতুন চাকরিতে যোগ দেব। কিন্তু প্রতিযোগিতার এ বাজারে আমি পিছিয়ে পড়লাম।’ পোশাকশ্রমিক কাকলীর কাছে এটি যেন সাধারণ বিষয়। ঢাকার এলিফ্যান্ট রোডের একটি পোশাক শিল্প তৈরি কারখানায় কাজ করতেন। তিনি জানান তাঁর সেই অভিজ্ঞতার কথা। ‘আমরা তো বাচ্চা হওয়ার খবর কাউকে বলি না। শারীরিক পরিবর্তন এলেই চাকরি চলে যায়। আমার নিজেরও গিয়েছিল। প্রথম সন্তান হওয়ার সময়। সেদিন মাথা ঘুরছিল। একবেলা কাজ করতে পারিনি। তাড়াতাড়ি চলে এসেছিলাম। পরদিন গিয়ে দেখি চাকরি নেই। আমার সন্তান জন্ম নিল। এর তিন মাস পরে নতুন জায়গায় কাজ পেয়েছি।’ মাতৃত্বকালীন ছুটি ছয় মাস হচ্ছে শুনে তিনি হেসে ওঠেন। বলেন, ‘এতে আমাদের কী। মা হতে হলে চাকরি ছাড়তে হবে। ছাঁটাই করে দেবে। আমাদের না বলে মালিককে বুঝিয়ে বলেন। তাঁদের ধারণা, গর্ভধারণ করলে ঠিকমতো কাজ করতে পারব না। সন্তান হওয়ার পর সারাক্ষণ তার জন্য চিন্তা করব, কারখানার কাজের ক্ষতি হবে। লোকসান হবে। এর থেকে বাদ দিয়ে নতুন লোক নেওয়া ভালো। তবে এ আইন যদি সবাই মানে, তাহলে ভালো হতো। আমাদেরও সন্তান হওয়ার পরে নতুন চাকরি খুঁজতে হতো না।’ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজিয়া বেগম সংবাদপত্রে বলেছেন, ‘বিশেষজ্ঞরা বলছেন, জন্মের ছয় মাস পর্যন্ত একটানা মায়ের দুধ খাওয়ানো শিশুর স্বাস্থ্যের জন্য উপকারী। অনেক দেশে দুই থেকে আড়াই বছর পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি আছে। সেখানে এই ছুটির পর নারীকর্মী অফিসে ফিরলে জটিলতা দেখা দেয় বলে শুনিনি।’