মাতৃত্বকালীন ছুটি ভোগরত মায়েরা বাড়তি দুই মাস পাবেন না
চলতি বছরের ৯ জানুয়ারির আগে থেকে যাঁরা মাতৃত্বকালীন ছুটি ভোগ করছেন, তাঁরা নতুন নিয়ম অনুযায়ী বাড়তি দুই মাস ছুটি পাবেন না। আগের নিয়ম অনুযায়ী এ মায়েরা চার মাসই ছুটি ভোগ করবেন।গতকাল মঙ্গলবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের যুগ্ম সচিব তপন কুমার কর্মকার।এর আগে ১১ জানুয়ারি এক প্রজ্ঞাপনে সরকারি নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়। এটি ৯ জানুয়ারি থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।তবে এ প্রজ্ঞাপন জারির আগ থেকেই যাঁরা ছুটিতে গেছেন বা ছুটি ভোগ করছিলেন, তাঁদের সম্পর্কে এতে কিছু বলা ছিল না। বর্তমান প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি ৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বিধায় যাঁরা এ প্রজ্ঞাপন জারির আগে থেকেই মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির সুবিধা প্রযোজ্য হবে না।এ প্রসঙ্গে তপন কুমার কর্মকার টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘সরকারি বিধি মোতাবেকই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’উল্লেখ্য, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর প্রতিশ্রুতি দেন। গত জুন মাসে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে লেখা চিঠিতে বলা হয়, ছুটির মেয়াদ বাড়ানোর কারণে অতিরিক্ত আর্থিক ব্যয় হবে না।