মাতৃত্বকালীন ছুটির আবেদনে এ কেমন সুপারিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে নগর ও গ্রামীণ পরিকল্পনা (নগ্রাপ) ডিসিপ্লিনের অফিস সহকারী অঞ্জলী মণ্ডলের মাতৃত্বকালীন ছুটির আবেদনে ওই বিভাগের প্রধান অধ্যাপক মহসীন উদ্দিন আহমেদের সুপারিশকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেওয়া অঞ্জলীর এই আবেদনপত্রে সুপারিশ করতে গিয়ে মহসীন উদ্দিন আহমেদ এমন কিছু দাবি জানান, যা অপমানজনক বলে বিশ্ববিদ্যালয়ের অনেকেই মন্তব্য করেছেন। অঞ্জলী মণ্ডল গত ৪ মার্চ আগামী ৪ এপ্রিল থেকে ৩ আগস্ট পর্যন্ত চার মাস মাতৃত্বকালীন ছুটির জন্য উপাচার্য বরাবর আবেদন করেন। এতে সুপারিশ করেন মহসীন উদ্দিন আহমেদ। সুপারিশে তিনি উল্লেখ করেন, ‘অঞ্জলী মণ্ডলের পরিবর্তে একজন পুরুষ কর্মচারী দিতে হবে, লাইব্রেরিতে কাজ করা ছাড়াও তাঁকে অফিস সহকারীর কাজ করতে হবে। থাকতে হবে সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করার মনোভাব। মহিলা বলে অঞ্জলীকে অফিসের বাইরে পাঠানো সম্ভব নয় এবং তিনি যেতেও চান না।’ ছুটি ভোগ করে আসার পর অঞ্জলীকে আর নগ্রাপ ডিসিপ্লিনে না দেওয়ার দাবি জানান তিনি। তাঁর মতে, তখন চাকরির দায়িত্ব পালনের চেয়ে সন্তানের দায়িত্ব পালনই অঞ্জলীর কাছে বড় হয়ে উঠবে। সুপারিশে একজন নারী-কর্মী সম্পর্কে মহসীন উদ্দিন আহমেদের এ ধরনের মন্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের নারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার একজন নারী কর্মকর্তা বলেন, ‘এটি শুধু অঞ্জলীর নয়, কর্মজীবী সব নারীর অপমান। তাঁদের মাতৃত্বকে ছোট করে দেখা। আমরা এর যথাযথ ব্যবস্থা চাই।’গত রোববার বিকেলে নারী কর্মকর্তা-কর্মচারীরা এর প্রতিবাদে রেজিস্ট্রার আবদুল্লাহেল বাকীর মাধ্যমে উপাচার্য সাইফুদ্দিন শাহের কাছে একটি স্মারকলিপি দেন। এতে মহসীন উদ্দিনের বিরুদ্ধে তাঁরা যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রওশান আরা বলেন, ‘মাতৃত্ব বিষয়টি প্রতিটি নারীর কাছে খুবই সংবেদনশীল। এ নিয়ে উপহাস করা তো নিজের মাকেই ছোট করা।’ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক রুমানা রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। এটি আসলে কোনো মেয়ের পক্ষেই মানা সম্ভব নয়।’ অঞ্জলী মণ্ডল জানান, এই ডিসিপ্লিনে তিনি মাস্টাররোল থেকে এখন অ্যাডহক ভিত্তিতে কাজ করছেন। এখন তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা। ডিসিপ্লিন প্রধানের সুপারিশের ব্যাপারে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। কারণ ওটা আমি দেখিনি।’এ ব্যাপারে মহসীন উদ্দিন আহমেদ বলেন, ‘আমি যা বলার প্রশাসনকে বলেছি। আর কারও কোনো কথার উত্তর দিতে পারব না।’ রেজিস্ট্রার আবদুল্লাহেল বাকী বলেন, ‘অধ্যাপক মহসীন উদ্দিনকে ডাকা হয়েছিল। তিনি ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং তাঁর সুপারিশ তিনি তুলে নেবেন বলে কথা দিয়েছেন। অঞ্জলীর ছুটি মঞ্জুর করা হয়েছে।’এ ব্যাপারে কথা বলার জন্য উপাচার্য সাইফুদ্দিন শাহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।