এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১০
মাতৃভাষা ও মাতৃভূমির মর্যাদা বৃদ্ধির অঙ্গীকার
সারা দিন হইহুল্লোড়, গান শোনা, দেশের বিভিন্ন ক্ষেত্রের বড় মাপের মানুষের সঙ্গে ছবি তোলা, স্বাক্ষর সংগ্রহ—এরই এক ফাঁকে পরীক্ষায় বসে পুরস্কার জয়ের আনন্দে মেতে উঠেছিল সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা। উপলক্ষ, এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১০-এর জাতীয় উৎসব। স্থান ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের চত্বর।আনন্দে উদ্ভাসিত নবীন প্রজন্মের প্রতিনিধিরা শুদ্ধ করে মাতৃভাষা শিখে বিশ্বসভায় এর মর্যাদা বৃদ্ধির দৃঢ় অঙ্গীকার ঘোষণা করেছে। চারপাশ প্রকম্পিত করে তারা সমস্বরে মাদককে বলেছে ‘না, না, না’। আর এই দুঃখিনী, পিছিয়ে পড়া মাতৃভূমিকেও বিশ্বের অগ্রগামী দেশগুলোর কাতারে এগিয়ে নিয়ে যেতে অবদান রাখতে চায় তারা।গতকাল শুক্রবার ছুটির দিনে প্রায় ৪০০ শিক্ষার্থী আর তাদের অভিভাবকদের উপস্থিতিতে উদ্দীপনাময় আনন্দঘন ছিল পুরো অনুষ্ঠান। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগম। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক।বরাবরের মতো এবারও মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে দেশব্যাপী এ প্রতিযোগ শুরু হয়েছিল। আঞ্চলিক পর্যায়ে দিনাজপুর, বগুড়া, নেত্রকোনা, খুলনা, বরগুনা, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই আটটি জেলায় প্রতিযোগ হয়। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ে চারটি বিভাগ। প্রতিটি বিভাগের সেরা ২০ জনকে নিয়ে অনুষ্ঠিত হলো চূড়ান্ত পর্ব।উদ্বোধনী বক্তৃতায় রোকেয়া আক্তার বেগম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মাতৃভাষা শুদ্ধ করে না শেখা অত্যন্ত লজ্জার। তোমাদের খাতায় অনেক ভুলভ্রান্তি দেখি। শুদ্ধ করে ভাষা শেখার জন্য তোমাদের সচেতন থাকতে হবে, চেষ্টা করতে হবে।’ শুদ্ধরূপে ভাষা শেখার জন্য এই আয়োজনে দেশের বরেণ্য শিক্ষাবিদ ও জ্ঞানী-গুণী ব্যক্তিরা অংশ নিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছেন বলে উল্লেখ করেন তিনি।এরপর গান শোনার পালা। বুলবুল ইসলাম ও শারমিন সাথী ইসলাম প্রথমে একত্রে গেয়ে শোনান ভাষার গান—‘মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা’। শারমিন সাথী শোনান ‘ও আমার বাংলাদেশের মাটি’। শেষ গানটি রবীন্দ্রনাথের, গাইলেন বুলবুল ইসলাম—‘আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ’।গানের শেষে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ মজার মজার গল্প শুনিয়ে শিক্ষার্থীদের মোহিত করেন। তিনি বলেন, ‘আমরা যদি সুন্দর করে কথা বলি, সুন্দর করে লিখি, সুন্দর করে ভাবি, তাহলেই আমাদের ভাষা সুন্দর হয়ে উঠবে। আমাদের জীবন সুন্দর হবে এবং আমাদের দেশও সুন্দর হয়ে উঠবে।’কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘আমাদের ভাষার মতো এত সুন্দর ভাষা আর নেই। আমাদের নিজস্ব বর্ণমালা আছে। সব ধ্বনি এতে উচ্চারণ করা যায়। মা, মাতৃভাষা ও মাতৃভূমি—এই তিন মায়ের মর্যাদা আমাদের রাখতে হবে।’অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘বাংলা ভাষা যাতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষার মর্যাদা লাভ করতে পারে, সে জন্য আমাদের যা যা করা দরকার, তার সবকিছু করতে হবে। আধুনিক প্রযুক্তির উপযোগী করে তুলে সারা বিশ্বে একে ছড়িয়ে দিতে হবে।’ তিনি বলেন, ‘যারা পুরস্কার পাবে না, তাদের মন খারাপের কিছু নেই। আমি আছি পুরস্কার না পাওয়াদের দলে।’অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘জ্ঞানচর্চার জন্য ইংরেজি আমরা ভালোভাবে শিখব, কিন্তু মাতৃভাষা শিখতে হবে সঠিকভাবে। এর ওপর পরিপূর্ণ দখল থাকতে হবে। মাতৃভাষায় যার দখল নেই, সে হতভাগ্য মানুষ। বলতে বা লিখতে বাংলার মধ্যে অযথা ইংরেজি শব্দ ব্যবহার করে ভাষার সৌন্দর্য নষ্ট করব না। অযথা ইংরেজি মিশিয়ে বাংলা বললে কৃতিত্ব বাড়ে না, বরং তাতে নিজের অজ্ঞতাই প্রকাশ পায়।’অধ্যাপক মাহবুবুল হক বলেন, ‘শিখতে হবে আনন্দের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে। ভাষাকে ভালো করে শেখার পাশাপাশি ভালো মানুষও হতে হবে।’আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, বিশ্বজিত্ ঘোষ ও সৌরভ সিকদার, আবদুন নূর তুষার, এইচএসবিসি ব্যাংকের স্পনসর ব্যবস্থাপক সামি হাফিজ।প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ, আনিসুল হক ও ভাষা প্রতিযোগের সমন্বয়কারী সহকারী সম্পাদক জাফর আহমেদ উপস্থিত ছিলেন। অভিভাবকদের মধ্যে বগুড়ার আক্তারুল ইসলাম ও দিনাজপুরের শামস পারভিন তাঁদের প্রতিক্রিয়া জানান।আলোচনার ফাঁকে অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু ছাত্র-ছাত্রীদের ডাকছিলেন মঞ্চে। তাদের কেউ নিজের লেখা কবিতা আবৃত্তি করেছে, কেউ শুনিয়েছে কৌতুক, কেউ বা গেয়েছে গান। সঞ্চালক নিজেও আবৃত্তিতে, ভাষ্যে অনুপ্রাণিত করে তুলেছিলেন অংশগ্রহণকারীদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য।এই পর্বের পরপরই শুরু হয়েছিল চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। ভাষা নিয়ে ৪০ মিনিটের লিখিত পরীক্ষা। তারপর মধ্যাহ্নভোজের বিরতি। আয়োজনের সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা।প্রতিযোগিতার শেষে বিরতির সময়টুকু কেটেছে হই-হুল্লোড়ে, ছবি তুলে, স্বাক্ষর সংগ্রহ করে। তারপর তো দুরু দুরু বুকে আবার মিলনায়তনে হাজির ফল জানতে। তাদের উদ্বেগমুক্ত করতেই দ্বিতীয় পর্বে মঞ্চে এসেছিলেন শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। ‘দূর দ্বীপবাসিনী’, ‘মমের পুতুল’, ‘মা বলেছেন’—পরপর তিনটি গান শুনিয়েছেন তিনি। এরপর কুমার বিশ্বজিত্। গল্পে গল্পে তিনি জমিয়ে তোলেন অনুষ্ঠান। গেয়ে শোনান ‘বাংলাদেশ জেগে ওঠো বাংলাদেশ’।এ পর্বে এইচএসবিসি ব্যাংকের যোগাযোগ ও বিপণন ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান বলেন, ‘ছয় বছর ধরে প্রথম আলোর সঙ্গে এ কর্মকাণ্ডে অংশ নিয়ে নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ করে মাতৃভাষা শেখার আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টিতে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এতে আমরা সামাজিক কর্তব্য পালন করেছি বলে মনে করি।’ তিনি প্রথম আলোর সম্পাদকের হাতে ব্যাংকের ক্রেস্ট তুলে দেন এবং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানান।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এই প্রতিযোগের স্থানটি ব্যবহার করতে দেওয়ার জন্য ভিকারুননিসা নূন স্কুলের অধ্যক্ষের প্রতি, প্রতিযোগের সহযোগী এইচএসবিসি ব্যাংক ও সন্তানদের নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। অভিনন্দন জানান অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরও। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মাতৃভাষার জন্য আমরা বুকের রক্ত দিয়েছি। ভাষা আন্দোলনের পথ ধরে এসেছে স্বাধীনতা। সঠিকভাবে ভাষাচর্চার মধ্য দিয়ে ভাষার মর্যাদাকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিতে অনুপ্রেরণা দিতেই আমরা এ ধরনের আয়োজন করে থাকি। আমরা বাংলায় কথা বলব, বাংলাকে এগিয়ে নিয়ে যাব।’বিজয়ী যারা: এরপর প্রতীক্ষিত পুরস্কার বিতরণের পালা। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ১৭টি বিশেষ পুরস্কারসহ ২০টি পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে অতিথিরা বিজয়ীদের হাতে বই ও ক্রেস্ট তুলে দেন।প্রাথমিক বিভাগে প্রথম হয়েছে ময়মনসিংহ জিলা স্কুলের সাদমান সাকিব, দ্বিতীয় সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের সিরাজুল আরেফিন ও তৃতীয় হয়েছে ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের নিসর্গ নিঝুম।নিম্নমাধ্যমিকে প্রথম ভিকারুননিসা নূন স্কুলের আঁখি আলম, দ্বিতীয় ময়মনসিংহ জিলা স্কুলের সানজিদ আনোয়ার ও তৃতীয় বাজিতপুর রেজ্জাকুন্নেছা পাইলট উচ্চবিদ্যালয়ের সুবাহ সামরুন।মাধ্যমিকে প্রথম বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের রুবাইয়াত বিনতে রশীদ, দ্বিতীয় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মুনতাসির হাসান ও তৃতীয় ঢাকার হলিক্রস স্কুল ও কলেজের লুত্ফা তানজিম।উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে ঢাকার কবি নজরুল ইসলাম কলেজের অভিজিত্ দাশ, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে রংপুর সরকারি কলেজের শামসুজ্জোহা ও মনিরুজ্জামান।