মাতৃভাষা দিবসে শহীদ মিনার ঘিরে কঠোর নিরাপত্তাবলয়
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাল সোমবার মধ্যরাত থেকে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ছয় হাজার সদস্য। বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সমন্বয়ে ওই এলাকায় নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে।এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যা থেকে কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও বন্ধ থাকবে।পুলিশ ও র্যাব সূত্র জানায়, কাল সন্ধ্যা সাতটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের চারদিকে অন্তত ২৪টি স্থান ঘিরে কাঁটাতারের বেড়া ও নিরাপত্তা চৌকি বসিয়ে বসিয়ে পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ ও তল্লাশি করবে। এ ছাড়া র্যাব, গোয়েন্দা পুলিশের দল, সাদা পোশাকে পুলিশের নারী দল ও বোমা নিষ্ক্রিয়করণ দল দায়িত্ব পালন করবে। পুলিশের বিশেষায়িত দল ‘সোয়াত’ ও নাশকতা সংক্রান্ত তথ্যপ্রমাণ সংগ্রহকারী দল নিরাপত্তার বিষয়ে সজাগ থাকবে। তত্পর থাকবে র্যাবের ডগ স্কোয়াডও। শহীদ মিনার এবং এর আশপাশে পুলিশের অন্তত ৪২টি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) ও র্যাবের বেশ কিছু সিসি টিভি নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণে সচল থাকবে। পুলিশের সঙ্গে সমন্বয় করে র্যাব তিন স্তরের নিরাপত্তা গড়ে তুলবে।নিরাপত্তাত্ব্যবস্থাকে জোরদার করতে গত ১৪ ফেব্রুয়ারি থেকে তথ্য সংগ্রহ পূর্বক কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন জনসমাগমের স্থানসমূহে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় বলে র্যাব জানিয়েছে।আজ সন্ধ্যা থেকে শহীদ মিনারমুখী রাস্তার মোড়গুলোতে নিরাপত্তা-চৌকি বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি, ব্যাগ ও ফুলের তোড়া তল্লাশি করা হবে। শহীদ মিনারে আসা নারীরাও এ তল্লাশির আওতায় পড়বে।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার, আজিমপুরসহ বিভিন্ন কবরস্থানে ফুল দেওয়া, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও কবর জিয়ারত নির্বিঘ্ন এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তত্পর থাকবে। নিয়ন্ত্রণ কক্ষ ও সিসি ক্যামেরা কেন্দ্র থেকে সার্বিক নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।যান নিয়ন্ত্রণ: কাল সন্ধ্যা সাতটা থেকে মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত কয়েকটি সড়ক বন্ধ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।আজিমপুর গোরস্থানে যেতে: একুশে ফেব্রুয়ারির দিন যাঁরা আজিমপুর গোরস্থানে যেতে চান, তাঁদের পুরোনো হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ক্রসিং, বাংলা একাডেমী, টিএসসি মোড়, উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়, নিউমার্কেট ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর ফটক ব্যবহার করতে হবে। কবর জিয়ারতের পর আজিমপুর কবরস্থানের প্রধান ফটক (দক্ষিণ দিকের) দিয়ে বেরিয়ে আজিমপুর সড়ক হয়ে পলাশি মোড় ও ফুলার রোড হয়ে শহীদ মিনারে যেতে হবে।কবরস্থানে না গিয়ে যাঁরা বিকল্প পথ ব্যবহার করে কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে চান, তাঁরা উপাচার্য ভবন পার হয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় থেকে বাঁ দিকের রাস্তা সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাবেন।নিউ মার্কেট ক্রসিং থেকে গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও ইডেন কলেজের সামনের রাস্তা দিয়ে আজিমপুর মোড়, পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ ও জগন্নাথ হলের সামনের পথ ব্যবহার করে শহীদ মিনারে যাওয়া যাবে। চানখাঁরপুল থেকে বকশিবাজার মোড় হয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দক্ষিণ পাশের রাস্তা দিয়েও পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ ও জগন্নাথ হলের রাস্তা হয়ে দিয়ে যাওয়া যাবে।শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ও পেছনের রাস্তা দিয়ে চানখাঁরপুল বের হওয়া যাবে। শহীদ মিনারে আসা যাবে না।রাস্তা বন্ধ: টিএসসির মোড় থেকে জগন্নাথ হলের পাশের শিববাড়ীর পশ্চিম পাশ দিয়ে শহীদ মিনার ও মেডিকেল কলেজ যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। উপাচার্য ভবন ফটক থেকে ফুলার রোড হয়ে ফুলার রোড মোড় পর্যন্ত রাস্তা এবং চানখাঁরপুল থেকে কার্জন হল পর্যন্ত রাস্তা যাতায়াতের জন্য বন্ধ থাকবে।