মাতৃভাষাকে ভালোবাসার দৃপ্ত প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী নিঝুম। এদিক-সেদিক ঘোরাঘুরিতে বেশ ব্যস্ত। একপর্যায়ে চোখেমুখে ক্লান্তি আর হতাশা। বন্ধুসভার সদস্যরা কাছে যেতেই তার চোখে পানি। জানা গেল, ভাষা প্রতিযোগে অংশ নিতে এসেছে সে। কিন্তু পরীক্ষার আসন নম্বর খুঁজে পাচ্ছে না। বাড়ির পাশেই অনুষ্ঠানস্থল। তাই সঙ্গে অভিভাবকও নেই। এ অবস্থায় একা কী করবে ঠিক বুঝতে না পেরে তার যত উদ্বেগ। বন্ধুসভার সদস্যদের সহযোগিতায় আসন নম্বর জানার পরই তার সেই উদ্বেগ ছাপিয়ে প্রকাশ পেল উচ্ছ্বাস।গতকাল রোববার নিঝুমের মতোই শত শত শিক্ষার্থীর উচ্ছ্বাস আর আনন্দে জমে ওঠে এইচএসবিসি-প্রথম আলো ষষ্ঠ ভাষা প্রতিযোগ ২০১০ নেত্রকোনা অঞ্চলের উত্সব। নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উত্সবে আলোচনা, মজার মজার প্রশ্নোত্তর, গান ও আবৃত্তিসহ সব পর্বেই ছিল মাতৃভাষাকে ভালোবেসে দেশকে এগিয়ে নেওয়ার দৃপ্ত প্রত্যয়। উত্সবে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও অভিভাবকেরাও ছিলেন।সকাল নয়টায় বন্ধুসভার সদস্য ও শিক্ষার্থীদের যৌথ পরিবেশনায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভাষা প্রতিযোগ উদ্বোধন করেন আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ। ভাষা প্রতিযোগের পতাকা যৌথভাবে উত্তোলন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ও নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক মতীন্দ্র সরকার। উদ্বোধনের পর প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর ভাষা প্রতিযোগের পটভূমি ও উদ্দেশ্য বর্ণনা করেন।নেত্রকোনাসহ ছয়টি জেলার ৬৮০ জন শিক্ষার্থী ভাষা প্রতিযোগের চারটি বিভাগে অংশ নেয়। ৩০ মিনিটের মূল্যায়ন পরীক্ষার পরই শুরু হয় মুক্ত আলোচনা। আলোচনা সভায় মাহবুবুল হক বলেন, ভাষা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। মাতৃভাষার মাধ্যমে দর্শন, বিজ্ঞান, চিন্তা-চেতনা সবই প্রকাশ করা সম্ভব। আলোচনার ফাঁকে নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের আহ্বানে এক মিনিট নীরবতা পালন করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি নির্মলেন্দু গুণ, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা, এইচএসবিসির কর্মকর্তা খান মো. গোলাম শাহরিয়ার, পর্বতারোহী মুসা ঈব্রাহীম, প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ, নেত্রকোনা প্রতিনিধি মনিরুজ্জামান, নেত্রকোনা বন্ধুসভার সাধারণ সম্পাদক মওদুদ মান্নান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজের হাতে ভেন্যু স্মারক তুলে দেওয়া হয়।প্রশ্নোত্তরের ফাঁকে শিক্ষার্থী অনিক পাল পরিবেশন করে ‘আমার দেশের মাটির গন্ধে...’ গানটি। বাংলা ভাষা নিয়ে মজার মজার প্রশ্নে জমে ওঠে প্রশ্নোত্তর পর্ব।নেত্রকোনা অঞ্চল থেকে ৫২ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। তাদের হাতে পুরস্কার হিসেবে বই, পদক ও সনদ তুলে দেন অতিথিরা।