মাতৃভাষাকে ভালোবেসে সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষা নিয়ে মজার মজার প্রশ্ন আর জানা-অজানা নানা বিষয়ের প্রাণবন্ত আলোচনায় গতকাল শুক্রবার জমে ওঠে এইচএসবিসি-প্রথম আলো বগুড়া অঞ্চলের ভাষা প্রতিযোগ। আলোচনার ফাঁকে ছিল গান, আবৃত্তি ও নৃত্য। বগুড়ার নিশিন্দারার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও ছিলেন।সকালে এসওএস হারম্যান মেইনার কলেজের শিক্ষক অমরেশ মুখার্জির নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। এ সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভাষা প্রতিযোগ উদ্বোধন করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৈয়দ আজিজুল হক। উদ্বোধনের পর প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহিদ রেজা নূর ভাষা প্রতিযোগের পটভূমি ব্যাখ্যা করেন।বগুড়াসহ আটটি জেলার ৭৫০ জন শিক্ষার্থী ভাষা প্রতিযোগের চারটি বিভাগে অংশ নেয়। লিখিত পরীক্ষার পরই শুরু হয় মুক্ত আলোচনা। শুরুতেই অধ্যাপক সৈয়দ আজিজুল হক বলেন, দেশের প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে এই বগুড়ায়। সেই বগুড়া থেকেই ষষ্ঠ ভাষা প্রতিযোগ শুরু হলো। তিনি বলেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ বলেছিলেন, জননী একজন নয়, মাতৃভাষা ও জন্মভূমিও আমাদের জননী। শুধু জননীকে না, ভালোবাসি মাতৃভাষা ও জন্মভূমিকেও। মাতৃভাষা নিয়ে ইতিবাচক ধারণা ও গৌরব বৃদ্ধি করতেই এই আয়োজন। তাই মাতৃভাষাকে শুদ্ধভাবে শিখতে হবে।প্রশ্নোত্তরের ফাঁকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুস্মিতা শোনায় ‘নিথুয়া পাথারে...’ গানটি। সুস্মিতার সঙ্গে কলেজের অধ্যক্ষও কণ্ঠ মেলান। চতুর্থ শ্রেণীর ছাত্র সিয়ান পরিবেশন করে ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা...’ গানটি।বাংলা ভাষার মর্যাদার কথা বলেও বিভিন্ন দিবস কেন খ্রিষ্টীয় সাল হিসেবে পালন করা হয়, বাংলা ভাষার উত্পত্তি কোথায়—এমন নানা প্রশ্নে জমে ওঠে প্রশ্নোত্তর পর্ব। এরই মধ্যে বগুড়া বন্ধুসভার কয়েকজন সদস্য এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে।আলোচনা সভায় আরও বক্তব্য দেন সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষক প্রশান্ত মৃধা, মানিকগঞ্জের সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের শিক্ষক সোহেল হাসান, বাঘবিশেষজ্ঞ খসরু চৌধুরী, এইচএসবিসির কর্মকর্তা নেয়ামত উল্লাহ, প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ, প্রথম আলোর বগুড়ার নিজস্ব প্রতিবেদক মিলন রহমান, বগুড়া বন্ধুসভার সভাপতি সেলিনা শিউলী প্রমুখ। অনুষ্ঠানে অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের হাতে ভেন্যু স্মারক তুলে দেওয়া হয়।ষষ্ঠ ভাষা প্রতিযোগে বগুড়া অঞ্চল থেকে ৫২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তাদের হাতে পুরস্কার হিসেবে বই, সনদ ও পদক তুলে দেন অতিথিরা।