আশপাশে সারি সারি করমচা, জাম, ঝাউ ও কৃষ্ণচূড়াগাছ। সদ্য ফোটা জামফুলের মিষ্টি সুবাস চৈত্রের বাতাসে। সকাল আটটা না বাজতেই শিক্ষার্থীদের আনাগোনায় মুখর পুরো মাঠ। মাঠের উত্তর দিকে সুবিশাল মঞ্চ। এ মঞ্চ ঘিরেই উত্সবে মাতোয়ারা শিক্ষার্থীরা। এভাবেই গতকাল শনিবার সিলেট মহানগরের মীরের ময়দান এলাকার ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের মাঠে হয়ে গেল এইচএসবিসি-প্রথম আলো সিলেট অঞ্চলের ষষ্ঠ ভাষা প্রতিযোগ।সকাল সোয়া নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বেগম সুলতানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌমিত্র শেখর যথাক্রমে জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন। বেলুন উড়িয়ে প্রতিযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করে অধ্যক্ষ বেগম সুলতানা বলেন, ‘ভাষার প্রতি আমাদের মমতা আরও বাড়াতে হবে। আর ছয় বছর ধরে এ মমতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে ভাষা প্রতিযোগ।’উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভাষা প্রতিযোগের চারটি বিভাগের আধা ঘণ্টার লিখিত পরীক্ষা হয়। বেলা ১১টায় শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। ‘জোশ, ফাটাফাটি শব্দগুলো প্রতিদিন কথাবার্তায় ব্যবহূত হলেও তা অভিধানে নেই কেন’, ‘পাণ্ডুলিপি কী’, ‘চর্যাপদ কে লিখেছেন’, ‘নবম-দশম শ্রেণীর একটি ব্যাকরণ বইয়ে নারীর সমার্থক শব্দ হিসেবে অবলা কেন লেখা হয়েছে’, ‘পৃথিবীর আদি ভাষার নাম কী’—এমন অসংখ্য মজার, বিচিত্র ও বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন সিলেট মদন মোহন কলেজের বাংলা বিভাগের প্রধান আবুল ফতেহ ফাত্তাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৌমিত্র শেখর, তারিক মঞ্জুর, সিলেট আলিয়া মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক জফির সেতু এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ফারজানা সিদ্দিকা।প্রশ্নোত্তর পর্বের ফাঁকে বাংলাদেশের ফুল নিয়ে আলোচনা করেন মোকারম হোসেন। তিনি সিলেট অঞ্চলের প্রকৃতি, জীববৈচিত্র্য ও নানা ধরনের ফুলের বিশেষত্ব বর্ণনা করেন।আলোচনা পর্বে সৌমিত্র শেখর বলেন, ‘সবাইকে নিজের ভাষা, সংস্কৃতি এবং দেশের প্রতি যত্নশীল ও সচেতন হতে হবে। আঞ্চলিক ভাষার যে বৈচিত্র্য রয়েছে, তাও রক্ষা করতে হবে। শিক্ষার্থীদের অবশ্যই পাঠ্যপুস্তকের বাইরেও অন্য বই পড়তে হবে।’ আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘ভাষার শ্রী ও সৌন্দর্যে আমরা যেমন সমৃদ্ধ হব, তেমনই অন্যদেরও সমৃদ্ধ করতে হবে।’ আগামী ভাষা প্রতিযোগে আরও সুন্দর ও মজার প্রশ্ন করার প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ফারজানা সিদ্দিকা। অনুষ্ঠানে আরও আলোচনা করেন এইচএসবিসির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও প্রথম আলো সিলেট বন্ধুসভার সভাপতি মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু।আলোচনার ফাঁকে শিক্ষার্থীরা নাচ-গানে পুরো অনুষ্ঠান-চত্বর মাতিয়ে তোলে। ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ‘তুমি জাগলে তবে পোহাবে রাত’ দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। বাউলসম্রাট শাহ আবদুল করিমের ‘আসি বলে গেল বন্ধু আইল না...’ গানটি পরিবেশন করে শিক্ষার্থী ফারজানা মাহাজাবিন। নৃত্য পরিবেশন করে শিক্ষার্থী দীপংকর সিংহ, প্রমা দেবী সিংহ ও তন্বী সূত্রধর।হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার ৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭৪ জন শিক্ষার্থী প্রতিযোগে অংশ নেয়। তাদের মধ্যে ৫২ জন শিক্ষার্থী বিজয়ী হয়। তাদের হাতে পুরস্কার হিসেবে বই, সনদ ও পদক তুলে দেন অতিথিরা। ভেন্যু স্মারক হিসেবে অধ্যক্ষ বেগম সুলতানার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিক মঞ্জুর। উত্সব উপলক্ষে সিলেট বন্ধুসভা মেঘ পাহাড় নামের একটি প্রকাশনা বের করে।