মাতৃভূমি ও মাতৃভাষার মর্যাদা বাড়ানোর আহ্বান জানিয়ে শেষ হয়েছে এইচএসবিসি-প্রথম আলো মৌলভীবাজার অঞ্চলের ভাষা প্রতিযোগ। গতকাল শুক্রবার মৌলভীবাজার সরকারি কলেজে সিলেট বিভাগের এই প্রতিযোগ অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নেয়।কলেজ প্রাঙ্গণ সাতসকালেই প্রাণচঞ্চল হয়ে ওঠে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে। জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কার্যক্রম।অনুষ্ঠান উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মমিনুর রহমান। এরপর প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগের শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা এবং পরে কলেজের শহীদ জিয়া মিলনায়তনে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর বার্তাকক্ষ ব্যবস্থাপক অরুণ বসু।ভাষার নানান অপপ্রয়োগ নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৈয়দ আজিজুল হক ও তারিক মনজুর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের শিক্ষক বিনয় বর্মণ, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের শিক্ষক খুদরত-ই-হুদা এবং মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক মো. আবদুল খালিক। সুন্দর সব প্রশ্নের জন্য শিক্ষকেরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন।সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ আজিজুল হক বলেন, ভাষার প্রতি বিশেষত মাতৃভাষার প্রতি মমতা বাড়ানো উচিত। তিনি বলেন, পরীক্ষায় ভালো ফল দরকার। তবে শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করে যাওয়া।আরও বক্তব্য দেন এইচএসবিসি বাংলাদেশের করপোরেট সাসটেইনেবিলিটি ব্যবস্থাপক আবদুল্লাহ আল জুবায়ের, প্রথম আলো বন্ধুসভা মৌলভীবাজারের সভাপতি অপূর্ব সোহাগ ও মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন। গান গেয়ে শোনান ক্লোজ-আপ ওয়ানের শিল্পী পুলক। এ ছাড়া কয়েকজন শিক্ষার্থীও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।সবশেষে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রাথমিক বিভাগে যৌথভাবে প্রথম হয়েছে শাহরিয়ার মাছনুন সায়িক, ইবনুল মহতাদি শাহ, ধ্রুবজ্যোতি চক্রবর্তী সাগর, কেয়া হালদার ও মুমতাহিনা তিন্নি। নিম্নমাধ্যমিকে যৌথভাবে প্রথম হয়েছে বাঁধন দেব, বিদ্যুৎ পর্ণা শী, ইফফাত আনজুম হূষা, সামিহা রহমান ও রিবিকা সমদ্দার পায়েল।মাধ্যমিকে যৌথভাবে প্রথম হয়েছে মোহামঞ্চদ মাজহারুল মুমিন চৌধুরী, অনির্বাণ দেব, হাসিবুল হোসেন হিসাম, আলী আহমদ ইমন ও আমজদ ওয়াহিদ আলম।উচ্চমাধ্যমিকে যৌথভাবে প্রথম হয়েছে ফাইকা জান্নাত পিউলী, ফেরদৌসী খান, ওয়ালিদ মাহমুদ, জামিয়া বেগম ও সুমাইয়া সামিহা চৌধুরী। অনুষ্ঠানে প্রত্যেকের হাতে পুরস্কার হিসেবে বই ও মেডেল তুলে দেওয়া হয়।আজ অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায়: ভাষা প্রতিযোগের আজ শনিবারের অনুষ্ঠান হবে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে। নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এক হাজার ২০০ শিক্ষার্থী এতে অংশ নেবে।