মাতৃভাষার শুদ্ধ চর্চার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরে আলো যখন ফোটে, তখন আকাশে শুভ্র মেঘের লুকোচুরি খেলা। এরপর বৈশাখের আলো-ঝলমলে সোনালি সকাল। এমন সুন্দর সকালে লাল, সবুজ, আকাশি, নীল, হলুদ, বেগুনি, খয়েরিসহ হরেক রঙের পোশাক পরা শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠল বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের চত্বর। গতকাল শুক্রবার সেখানে বসেছিল মাতৃভাষা বাংলাকে নিয়ে জমজমাট আয়োজন ‘এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৩’-এর বগুড়া অঞ্চলের আসর।সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ এবং ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হোসনে আরা। বেলুন উড়িয়ে আসরের উদ্বোধন ঘোষণা করেন যৌথভাবে জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস এবং বগুড়ার পুলিশ সুপার মোজামেঞ্চল হক। অনুষ্ঠানে অংশ নেয় বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার প্রায় ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী।উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে সারোয়ার মাহমুদ বলেন, মাতৃভাষাকে বেশি বেশি করে জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে। মায়ের ভাষাকে মায়ের মতোই ভালোবাসতে হবে। বাংলা ভাষাকে ভালোবেসেই শুদ্ধ চর্চার মাধ্যমে তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। এ সময় শিক্ষার্থীরাও বিশ্বব্যাপী বাংলা ভাষাকে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করে। এরপর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় মাতৃভাষা বাংলা নিয়ে ৩০ মিনিটের লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষে একদিকে চলে খাতা মূল্যায়ন ও ফলাফল তৈরির কাজ; অন্যদিকে বাংলা ভাষা নিয়ে জমজমাট প্রশ্নোত্তর পর্ব। প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় শিক্ষার্থীরা ভাষা নিয়ে একের পর এক জটিল ও মজার সব প্রশ্ন করতে থাকে শিক্ষকদের।বাংলা ভাষার প্রথম পত্রিকা সমাচার দর্পণ-এর কার্যালয় কোথায় ছিল? মাতৃভূমিকে ভালোবেসে ‘দেশপ্রেমিক হলে’ ‘দেশপ্রেমিকা’ নয় কেন? একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলে ৮ ফাল্গন নয় কেন? ভাষা প্রতিযোগ-২০১৩, ১৪২০ নয় কেন?—এ রকম নানা প্রশ্ন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এসব প্রশ্নের যুক্তিপূর্ণ ও রসাল উত্তর দেন অতিথির আসনে বসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তিন সহকারী অধ্যাপক—তারিক মনজুর, মোহামঞ্চদ আজম ও হোসনে আরা, একই বিভাগের প্রভাষক তাশরিক-ই-হাবিব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক রাজীব মণ্ডল। কম যায়নি শিক্ষার্থীরাও। প্রশ্নের উত্তরের জন্য শুধু অতিথিদের ওপর নির্ভর করেনি। নিজেরাও কঠিন সব প্রশ্নের ঝটপট উত্তর বলে দিয়েছে। প্রশ্নোত্তর পর্বের ফাঁকে ফাঁকে চলে অতিথিদের বক্তব্য, শিক্ষার্থীদের স্বরচিত কবিতাপাঠ ও গান পরিবেশন। অতিথির বক্তব্যে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাতৃভাষা নিয়ে যাদের এত আগ্রহ, তারা নিশ্চয় ভাষার শুদ্ধ চর্চার মাধ্যমে এ দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন বলেন, মাতৃভাষা বাংলাকে নিয়ে এ আয়োজন শিক্ষার্থীদের ব্যাপক আলোড়িত করেছে। এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা আবদুল্লাহ আল জোবায়ের বলেন, ‘মাতৃভাষা নিয়ে ভাষা প্রতিযোগের মতো এ রকম একটি জমজমাট অনুষ্ঠান আয়োজনে প্রথম আলোর সঙ্গে সহযোগী হতে পেরে আমরা গর্বিত।’ প্রথম আলোর বগুড়ার নিজস্ব প্রতিবেদক মিলন রহমান এ আয়োজনে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ক্লোজআপ তারকা আতিক। জনপ্রিয় বেশ কিছু গান গেয়ে তিনি শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন। শিক্ষার্থীরাও এ সময় নেচে-গেয়ে উল্লাস করে।বগুড়া অঞ্চলের সেরা: আঞ্চলিক পর্বে ৩০ নম্বর পেয়ে সেরাদের সেরা হয়েছে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রুবাইয়া ইসলাম। এ ছাড়া উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে বগুড়ার আকিব আজমাইন, জয়পুরহাটের মাহবুবা মুর্শেদ ও আহাদুজ্জামান চৌধুরী, সিরাজগঞ্জের মারিয়া তালুকদার ও রাজশাহীর খন্দকার মো. আবু তালহা। মাধ্যমিকে প্রথম হয়েছে রাজশাহীর মোস্তফা রাফিদ, বগুড়ার অন্তর কুমার ও মৌরী তানিয়া জয়া, নাটোরের দেবারতী সরকার ও গাইবান্ধার সীমান্ত নন্দী আকাশ। নিম্নমাধ্যমিকে প্রথম হয়েছে রাজশাহীর জুরাফা নাজিয়াত, বগুড়ার রুবাইয়া বিনতে রশীদ, স্বরনিকা দাস ও শায়েদ শাদ উল্লাহ। প্রাথমিকে প্রথম হয়েছে বগুড়ার তাফানুম আশিক ও ওয়ালিদ আহমেঞ্চদ, দিনাজপুরের কলি রানী সরকার, সিরাজগঞ্জের ইশতিয়াক আলম ও প্রজ্ঞা পারমিতা রহমান।ভাষা প্রতিযোগ আজ নীলফামারীতে: আজ শনিবার নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ভাষা প্রতিযোগ-২০১৩। এতে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশ নেবে। সকাল সাড়ে আটটার মধ্যে নিবন্ধিত শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত হতে হবে। অনুষ্ঠান শুরু হবে সকাল নয়টায়।