মাতৃমৃত্যুর হার বেশি, সেবা অপর্যাপ্ত, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জন শঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রসূতি স্বাস্থ্যসেবার অবস্থা ভালো নয়। ৪০ শতাংশ নারী গর্ভধারণকালে চিকিত্সকের প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন না। ৮২ শতাংশ মা প্রসবের সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর সহায়তা পান না। প্রসব-পরবর্তী সেবা পান না ৭৯ শতাংশ মা। সরকারি পরিসংখ্যান বলছে, এক লাখ জীবিত সন্তান জন্ম দিতে গিয়ে ২৯০ জন মায়ের মৃত্যু হচ্ছে। যেকোনো বিবেচনায় এ হার অনেক বেশি। মাতৃ-স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সরকারের উদ্যোগ সীমিত এবং অনেক ক্ষেত্রে বিক্ষিপ্ত। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবার বর্তমান ধারা অব্যাহত থাকলে মাতৃমৃত্যু কমবে না। আর এ ক্ষেত্রে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-৫ (এমডিজি-৫) অর্জিত হবে না। এমডিজি-৫ অনুযায়ী, মাতৃমৃত্যুর হার ১৯৯০ সালের তুলনায় ২০১৫ সালের মধ্যে তিন-চতুর্থাংশ কমাতে হবে। ১৯৯০ সালে এক লাখ জীবিত জন্মে ৫৭৪ জন মায়ের মৃত্যু হতো। ২০১৫ সালে তা কমিয়ে ১৪৩ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগের অধ্যাপক সায়েবা আখ্তার প্রথম আলোকে বলেন, এমডিজি-৫ অর্জন করা বাংলাদেশের জন্য বিরাট চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা মনে করেন, আগামী পাঁচ বছরে প্রসূতিসেবা সবার কাছে পৌঁছানো সম্ভব হবে না।মাতৃমৃত্যুর চিত্র: পর্যাপ্ত ও সঠিক মাতৃ-স্বাস্থ্যসেবা না থাকার মূল্য দিতে হচ্ছে এ দেশের মায়েদের। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ‘হেলথ বুলেটিন-২০০৯’-এ বলা হচ্ছে, ৪৬ শতাংশ গর্ভবতী নারী রক্তশূন্যতায় ভোগেন। ১৯ বছর বয়স হওয়ার আগেই ৫৭ শতাংশ কিশোরী মা হচ্ছেন। গর্ভকালীন বা প্রসব জটিলতার কারণে ১৫ থেকে ২০ শতাংশ নারী দীর্ঘ মেয়াদে পঙ্গুত্বের শিকার হচ্ছেন। শুধু ফিস্টুলা (বিলম্বিত প্রসবের কারণে সৃষ্ট প্রজননতন্ত্রের জটিলতা) সমস্যায় ভুগছেন দেশের ৭১ হাজার নারী।মাতৃ-স্বাস্থ্যসেবা ও মাতৃমৃত্যুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের মৃত্যুর ২০ শতাংশই প্রসূতিজনিত কারণে ঘটছে। ওই প্রতিবেদনে মাতৃমৃত্যুর প্রধান কারণ হিসেবে প্রসবজনিত রক্তক্ষরণকে দায়ী করা হয়েছে। ২৯ শতাংশ মা এ সমস্যায় মারা যাচ্ছেন। অন্যদিকে ২৪ শতাংশ মায়ের মৃত্যু ঘটছে খিঁচুনির কারণে।এসব কারণে বর্তমানে প্রতি লাখ জীবিত জন্মে ২৯০ জন মায়ের মৃত্যু হচ্ছে বলে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর হিসাব দিচ্ছে। ইউএনএফপিএ ও ইউনিসেফ বলছে, এই হার আরও অনেক বেশি। তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তারা বলেন, পৃথিবীর যে কয়টি দেশে মাতৃমৃত্যুর হার বেশি, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। সেবার চিত্র: ইউনিসেফের বিশ্ব শিশু পরিস্থিতি ২০০৯ সালের তথ্যমতে, যেসব নারী প্রসবপূর্ব পরিচর্যা পাননি, তাঁদের মৃত্যুর হার যাঁরা সেবা পেয়েছেন তাঁদের তুলনায় ২০ ভাগ বেশি। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০০৭ সালের তথ্যমতে, ৪০ শতাংশ নারী গর্ভধারণকালে কোনো সেবা পান না। গর্ভকালীন জটিলতা হলে ১৯ শতাংশ নারীর কোনো সেবা পাওয়ার সুযোগ নেই। সন্তান জন্ম দেওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টায় মাতৃমৃত্যু ও রোগগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। এ ঝুঁকি কমপক্ষে ৪২ দিন পর্যন্ত বজায় থাকে। অথচ দেশের মাত্র ২১ শতাংশ মা এই সেবা পাচ্ছেন।বিভিন্ন জরিপ এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের মতে, বাড়ি থেকে স্বাস্থ্যকেন্দ্রের দূরত্ব, স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত সেবা না পাওয়া, সেবা সম্পর্কে না জানা, খারাপ পরিবহনব্যবস্থা, পর্যাপ্ত রাস্তাঘাটের অভাব, প্রসবের সময় বাইরের লোকের উপস্থিতির ব্যাপারে সাংস্কৃতিক বাধা, স্বামীর একক সিদ্ধান্ত, চিকিত্সা-ব্যয় এ দেশের নারীদের জরুরি প্রসূতিসেবা পাওয়ার ক্ষেত্রে বড় বাধা।সরকার ও জাতিসংঘের একাধিক সংস্থা যৌথভাবে চারটি জেলায় মা ও নবজাতকের স্বাস্থ্য (এমএনএইচ) নিয়ে পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করছে। ওই প্রকল্পের জরিপে দেখা যায়, গর্ভকালীন জটিলতার সময় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৪৫ মিনিটের বেশি অপেক্ষা করতে হয় ৮৫ শতাংশ গর্ভবতী নারীকে। ৬২ শতাংশ নারী প্রসবপূর্ব সেবার আওতায়ই আসতে পারেননি। টাকার অভাবে সেবা নিতে পারেনি ২৫ শতাংশ, বাড়ির বাইরে গিয়ে সেবা নেওয়ার অনুমতি পায়নি ৬ শতাংশ। স্বাস্থ্যকেন্দ্র অনেক দূরে বলে সেখানে সেবা নিতে যাননি ৭ শতাংশ নারী। বৈষম্য: সরকার যে সেবা দিচ্ছে তার মধ্যেও বৈষম্য লক্ষ করা যাচ্ছে। সরকারি মাতৃ-স্বাস্থ্যসেবা শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ কম পাচ্ছে। অন্যদিকে ধনিক শ্রেণীর মানুষ দরিদ্রদের চেয়ে বেশি সেবা পাচ্ছে। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০০৭ সালের তথ্যমতে, শহরে ৭১ শতাংশ মা দক্ষ ব্যক্তিদের মাধ্যমে প্রসবপূর্ব সেবা নেন। গ্রামে এই হার অনেক কম, মাত্র ৪৬ শতাংশ।সরকার এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমএনএইচ প্রকল্প বাস্তবায়ন করছে জামালপুর, মৌলভীবাজার, নড়াইল ও ঠাকুরগাঁও জেলায়। প্রকল্প জরিপ বলছে, দক্ষ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে কমপক্ষে তিনবার প্রসবপূর্ব সেবা নিয়েছেন ৩৩ শতাংশ মা। নিম্ন আয়ের নারীদের ক্ষেত্রে এ হার ২৩ শতাংশ। চারটি জেলায় স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের সংখ্যা মাত্র ১৪ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে নিম্ন আয়ের পরিবারের ক্ষেত্রে মাত্র ৬ শতাংশ। প্রসবের সময় দক্ষ সহায়তাকারীর সহায়তা পেয়েছে ১৯ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে নিম্ন আয়ের মধ্যে ১০ শতাংশ এ সেবা পেয়েছে। সরকার কী করছে: সরকার ১৯৯৩ সাল থেকে সারা দেশে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম বাস্তবায়ন করেছে। এ প্রসঙ্গে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের স্বাস্থ্য বিশেষজ্ঞ মনিরা পারভীন প্রথম আলোকে বলেন, জরুরি প্রসূতিসেবা সবার দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হয়নি। অন্যদিকে যে সেবাটুকু আছে তারও পর্যাপ্ত ব্যবহার হচ্ছে না। এ ছাড়া আছে দক্ষ জনবলের ঘাটতি।এমডিজির লক্ষ্যমাত্রা পূরণে ২০১৫ সালের মধ্যে ১৫ হাজার দক্ষ প্রসব-সহায়তাকারী তৈরি করার কথা। এ লক্ষ্য সামনে রেখে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের আর্থিক সহায়তায় দেশব্যাপী দক্ষ প্রসব-সহায়তাকারী প্রশিক্ষণ কর্মসূচি (সিএসবিএ) চলছে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। তবে গত জুন পর্যন্ত মাত্র পাঁচ হাজার দক্ষ প্রসব-সহায়তাকারী তৈরি করা সম্ভব হয়েছে। বাকি ১০ হাজার কর্মী কবে নাগাদ প্রশিক্ষণ পাবেন তা কেউ বলতে পারেননি। ওজিএসবির প্রেসিডেন্ট ও পিজি হাসপাতালের অধ্যাপক সায়েবা আখ্তার বলেন, বাংলাদেশ দক্ষ প্রসব-সহায়তাকারী কর্মসূচি যে গতিতে এগোচ্ছে তাতে করে এমডিজির লক্ষ্য পূরণ সম্ভব হবে না। এ ছাড়া ‘ডিম্যান্ড সাইড ফিনান্সিং: মেটারন্যাল হেলথ ভাউচার স্কিম’ নামের একটি প্রকল্প ৩৩টি উপজেলায় পরীক্ষামূলকভাবে বাস্তবায়িত হচ্ছে। সরকারি-বেসরকারি ১৫টি মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে জাতীয় ফিস্টুলা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। আছে নবজাতক ও শিশুরোগ নিরাময়ে সমন্বিত ব্যবস্থাপনা কর্মসূচি। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয়ভিত্তিক না হওয়ায় এসব প্রকল্পের প্রভাব খুব সামান্য। স্বাস্থ্য অধিদপ্তরের প্রজনন স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তা মো. শাইখুল ইসলাম হেলাল বলেন, এমডিজি-৫ অর্জনে সরকার, বেসরকারি সংস্থা ও দাতাগোষ্ঠীর সমন্বয়ে একাধিক কর্মসূচি চলছে। এসব কর্মসূচির মাধ্যমে জরুরি প্রসূতিসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তিনি আশা করেন, বাংলাদেশ এমডিজি-৫ অর্জন করতে পারবে।জাতিসংঘ জনসংখ্যা তহবিলের আবাসিক প্রতিনিধি আর্থার আরকেন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবার পরিকল্পনার আধুনিক পদ্ধতির ব্যবহার বাড়ানো, দক্ষ সহায়তাকারীর মাধ্যমে প্রতিটি প্রসব করানো এবং যেকোনো জটিলতার সময় জরুরি প্রসূতিসেবা নিশ্চিত করা সম্ভব হলেই কেবল এমডিজির এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।