মাত্র এক কিলোমিটার বাঁধ বাঁচাতে পারে গ্রাম কবরস্থান স্কুল বাজার
নীলফামারী জেলা সদরের চাপড়া সরমজামী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে চাড়ালকাটা নদীর ভাঙন শুরু হলেও ঠেকানোর কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। এলাকাবাসীর দাবি, ভাঙন ঠেকাতে বেড়াডাঙ্গা দক্ষিণপাড়ায় (হাজিপাড়া) এক কিলোমিটার একটি বাঁধ করে নদীটি খনন করা হলে নদী আগের গতিপথে প্রবাহিত হবে এবং ভাঙনরোধ হবে। এ ব্যাপারে পাউবো কর্তৃপক্ষ এলাকাবাসীর সঙ্গে একমত পোষণ করলেও বরাদ্দের অভাবে তা করতে পারছেন না বলে জানান। এ বছর সেখানে ভাঙনরোধে বাঁশের পাইলিং করে গ্রামটি রক্ষার চেষ্টা করা হলেও ফসলি জমি রক্ষার ব্যাপারে তাদের কোনো উদ্যেগ নেই।২২ সেপ্টেম্বর বিকেলে সরেজমিন দেখা যায়, হাজিপাড়ায় পাউবো কর্তৃপক্ষ বাঁশের পাইলিং শুরু করেছে। এ সময় কথা বলে জানা যায়, তারা ৭ সেপ্টেম্বর কাজ শুরু করলেও তা শেষ হতে আরও চার-পাঁচ দিন সময় লাগবে বলে জানান। বেড়াডাঙ্গা গ্রামের মুকুল (৩৫) বলেন, ‘এ পর্যন্ত নদীভাঙনের কারণে সাতবার বাড়ি নড়াইছি, বাড়িঘর নিয়া পুতুল খেলার মত খেলায়ছি। আবাদি জমি সব নদীতে গেছে। এখন কি খাব, কেমন করি চলবে জানি না।’গ্রামের সমাজসেবক আবুল হোসেন চৌধুরী (৬০) বলেন, ‘প্রতিবছর নদীভাঙনে এই গ্রামের মানুষ সর্বস্বান্ত হচ্ছে, কিন্তু তাদের কথা কেউ ভাবে না। পানি উন্নয়ন বোর্ড পরিকল্পিতভাবে সেখানে বাঁধ নির্মাণ করে নদীটি খনন করলে ভাঙনরোধ করা যায়।’ একই গ্রামের আ. ছামাদের স্ত্রী নুর নাহার বলেন, ‘১২ বছরে ছয়বার নদীভাঙনে বাড়ি ভাইংছে, জমি যায়গা এখন নদীত, ১০ শতক জমি কিনি বাড়ি করি আছি, ওঠেও ভাঙন শুরু হইছে।’ ইউনিয়ন পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ওই গ্রামে প্রায় দুই শতাধিক পরিবার বাস করত। নদীভাঙনের শিকার হয়ে অনেকে এখন খাস জমিতে আশ্রয় নিয়েছে। জমিজায়গা হারিয়ে তারা এখন দিনমজুর, কেউ রিকশাচালক।’যাদুরহাট বাজারের সাইকেল পার্স দোকানের মালিক বেড়াডাঙ্গা গ্রামের আ. মালেক (২২) জানান, প্রতি বছর ভাঙতে ভাঙতে নদীটি এখন যাদুরহাট, হাইস্কুল, এতিমখানা ও একটি মাদ্রাসার কাছে চলে এসেছে। গ্রামে যাওয়ার রাস্তাটিও নদীতে যাওয়ায় এখন গ্রামে কোনো যানবাহন নিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি নিজেও নদীর ধারের গর্তে পড়ে পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। জামিয়ার রহমান (৩০) বলেন, ‘বাঁধ নির্মাণ করা গেলে জমি, বসতভিটা ও রাস্তাসহ অন্যান্য স্থাপনা রক্ষার পাশাপাশি জালিয়াপাড়ায় প্রায় ৩০ বিঘা জলাধারে মৎস্য চাষ করা সম্ভব। ফলে প্রায় ৫০ একর জমি চাষাবাদ করা সম্ভব হবে।’ ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, জেলেপাড়া থেকে যাদুরহাট পর্যন্ত আধা কিলোমিটার বাঁধ নির্মাণ ও দক্ষিণপাড়ায় এক কিলোমিটার বাঁধ নির্মাণ করে নদী খনন করা হলে অনেক পরিবারকে রক্ষা করা যাবে। পাউবো নীলফামারী ডিভিশন সূত্র মতে ২০০৪-০৫ অর্থবছরে কাবিটার প্রকল্পে নদী সোজাকরণ প্রকল্পের আওতায় প্রায় আট লাখ টাকা ব্যয়ে জেলেপাড়া থেকে যাদুরহাট পর্যন্ত লুবকাটিং করে বাঁধ দেওয়া হয়েছিল, কিন্তু ওই বছরের বন্যায় বাঁধটি ভেঙে যায়।দক্ষিণপাড়ায় ভাঙনরোধে পাইলিং করার সময় কথা হয় পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডিভিশনের কার্য সহকারী ফয়েজ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নদী ভাঙছে। এবারই প্রথম ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে পাইলিং করা হচ্ছে। ৭ সেপ্টেম্বর কাজ শুরু করেছি। ১৩০ মিটার পাইলিং করে এখানে বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানো হবে।৭ থেকে ২২ তারিখ পর্যন্ত কাজ করার পরেও কাজ সম্পন্ন না হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, হঠাৎ করে দুদিন নদীর পানি অনেক বেড়ে গিয়েছিল। ঈদের ছুটি ছিল তিন দিন, সে কারণে দেরি হয়েছে। পাউবো শাখা কর্মকর্তা (এসও) মিজানুর রহমান বলেন, এখানে কাজের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে রাস্তা। রাস্তা না থাকায় মালামাল রিকশাভ্যানে আনতে সময় লাগছে। এলাকায় মাটি পাওয়া যাচ্ছে না। তারপরেও আশা করছি, তিন-চার দিনের মধ্যে কাজটি শেষ করতে পারব। তিনি বলেন, এখানে সাত-আট শ মিটার স্থায়ী বাঁধ নির্মাণ করে লুবকাটিং করতে পারলে ভাঙন ঠেকানো যাবে। আমরা প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছি, কিন্তু বরাদ্দ না পাওয়ায় কাজ করা সম্ভব হচ্ছে না।