মাত্র এক কিলোমিটারের জন্য ভুগছে রায়গঞ্জ পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একমাত্র পৌরসভার প্রধান সড়কটির এক কিলোমিটার অংশের জন্য ভুগছে পৌরবাসী। গত নভেম্বর মাসের প্রথম দিকে সড়কটির মেরামতকাজ শুরু হলেও নির্ধারিত সময় পার হয়ে গেছে অনেক আগে। অথচ সড়কটির কাজ এখনো শেষ হয়নি। এতে পৌরবাসীর সমস্যার সমাধান হয়নি। ২০০৪ সালে ধানগড়া-ফুলজোর নদীর সেতুর পশ্চিম অংশ থেকে ব্রহ্মগাছা বাজার পর্যন্ত আট কিলোমিটার সড়ক প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে মেরামত করা হয়। ঠিকাদার ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতা। এতে মেরামতের কিছুদিন পরই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে ধানগড়া নতুন চৌরাস্তা থেকে পুরোনো চৌরাস্তা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক বেহালদশায় পড়ে। বর্ষা মৌসুমে এ সড়কে চলাচল করা কঠিন হয়ে পড়ে। এদিকে ২০০৫ সালের মে মাসে ধানগড়া ইউনিয়নের বড় একটি অংশ নিয়ে রায়গঞ্জ পৌরসভা কাজ শুরু করে। সড়ক মেরামতের দায়িত্ব নিয়ে পৌরসভা ও অন্যান্য বিভাগের মধ্যে রশি টানাটানি চলে। অবশেষে গত ২০০৯ সালের মাঝামাঝিতে প্রায় ৩৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় দেখিয়ে ৬৩৮ মিটার ড্রেনসহ সড়কের এই অংশের মেরামতের কাজ পায় সিরাজগঞ্জ শহরের মেসার্স জাহিদ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পাঁচ মাস পরে কাজ শুরু করে সড়কের ওপরের অংশ তুলে ফেলে এবং ইটের খোয়া ও বালু দিয়ে প্রথম পর্যায়ের কাজ সারে। কিন্তু গত প্রায় দুই মাস পার হচ্ছে, সড়কটি ওই অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন এই সড়কে ট্রাক, সিএনজিচালিত যানবাহনসহ হালকা ও মাঝারি কয়েকশ যান যাতায়াত করে। এতে বালু ও ধুলায় সড়কের দুই পাশে অবস্থিত বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়েছে। রিকশাচালক তাহাজ্জত আলী বলেন, ‘আগে রাস্তা ছিল ভাঙাচোরা। এখন খালি খোয়া। এই ঝামেলা কবে শেষ অইব, কেউ কইতে পারে না।’ ভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, মালবোঝাই করে এটুকু সড়ক পার হওয়া খুব কষ্টকর। অনেক সময় চাকার রিং বসে যায়। রায়গঞ্জ পৌরসভার একটি সূত্র জানায়, ৩৩ লাখ টাকার মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ২৪ লাখ টাকা তুলে নিয়ে গেছে। এতে কাজ সম্পন্ন করার তাগিদ তাদের মধ্যে দেখা যাচ্ছে না। রায়গঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আকতারুল ইসলাম বলেন, ঠিকাদারকে কাজ শেষ করার জন্য চিঠি দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাহিদ ট্রেডার্সের মালিক জাহিদুল ইসলাম বলেন, ‘সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে। অল্প দিনের মধ্যে বাকি কাজ শেষ করা হবে।’