মাত্র চার বছরে...
মাসান্ত শ্রেয়সী আয়েন্দা। বয়স মাত্র চারবছর। এ বয়সে সাঁতার! পানির কাছে যেতেও বাবা-মার কত সতর্কতা। অথচ নিজস্ব সুইমিং পুলে নিয়মিত সাঁতার কাটছে আয়েন্দা। গাইবান্ধা শহরের মাস্টারপাড়া এলাকায় তার বাড়ি। বাবা মুকুল কাদেরী একজন ব্যবসায়ী। মা মিথিলা কাদেরী গৃহিণী। ভাঙা ভাঙা কণ্ঠে আয়েন্দা বলে, ‘আমি পানি দেখে ভয় পাই না। সাঁতার কাটতে মজা পাই।’ মিথিলা কাদেরী বলেন, ছোট থেকে আয়েন্দা পানিকে ভয় পেত না। পানি দেখলেই নামতে চাইত, একটু নামিয়ে দিলে খুব খুশি হতো। প্রত্যেক বাবা-মা’র মতো আমরাও চাইতাম আমাদের সন্তানটি হাসিখুশি থাকুক। তাই ওর জন্যই এক সময় বাসায় ছোট্ট একটা সুইমিং পুল তৈরি করা হলো। তখন ওর আনন্দ কে দেখে। ওই সুইমিং পুলেই একদিন ও সাঁতার শিখে ফেলল। এখন দিনের একটা নির্দিষ্ট সময় ওখানে আয়েন্দা আনন্দে ভেসে বেড়ায়। বাবা মুকুল কাদেরী বলেন, আয়েন্দার আজন্ম আনন্দের বিষয় সাঁতার। তিন বছর বয়সেই সে সাঁতার শিখে ফেলে। তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে আমি জাতীয় পর্যায়ে সাঁতারু বানাতে চাই। সে ভবিষ্যতে জাতীয় পর্যায় পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করবে—এটাই আমার আশা। শহরের মাস্টারপাড়ার ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, এত কম বয়সে আয়েন্দার সাঁতার কাটার বিষয়টি এলাকাবাসীকে অবাক করে দিয়েছে। আমি নিজে সুইমিং পুলে শিশুটিকে সাঁতার কাটতে দেখেছি। একই এলাকায় অবস্থিত শিক্ষামূলক প্রতিষ্ঠান হেরা একাডেমিক এডুকেশন প্রোগ্রাম পরিচালক বিরতি রঞ্জন বলেন, চার বছর বয়সী শিশু সাঁতার জানে, শুনে বিশ্বাস হয়নি। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সচিব তামজিদুর রহমান বলেন, আয়েন্দার সাঁতার দেখার জন্য প্রায়ই আমি তার বাসায় যাই। তিনি আরও বলেন, জেলায় মহিলা সাঁতারু নেই বললেই চলে। এক্ষেত্রে আয়েন্দা ভাল সাতারু হোক। সেজন্য তার বাবা-মাকে উত্সাহ দেয়া হচ্ছে।