মাত্র পাঁচ কিলোমিটারের জন্য ৫০ হাজার মানুষ ভুগছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরের উত্তর হারোয়া থেকে খোকশাবাড়ী ইউনিয়নের হালির বাজার পর্যন্ত রাস্তা কাঁচা। এই কাঁচা রাস্তার দূরত্ব পাঁচ কিলোমিটার। এ রাস্তাটুকু পাকা না হওয়ায় পৌর এলাকার হারোয়া, খোকশাবাড়ী ও টুপামারী ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ দুর্ভোগ পোহান। টুপামারী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের কৃষক আবদুল জলিল বলেন, জেলা শহর থেকে উত্তর হারোয়া এবং খোকশাবাড়ী ইউনিয়নের হালির বাজার পর্যন্ত পাকা রাস্তা আছে। মাঝের এই পাঁচ কিলোমিটার রাস্তার জন্য প্রায় ৫০ হাজার মানুষ কষ্টে আছেন। একটু বৃষ্টি হলে এ পথে চলা যায় না। এ ছাড়া বর্ষার সময় রাস্তা ঢুবে থাকায় ছেলেমেয়েদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়।খোকশাবাড়ীর ব্যাংক কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, একটু বৃষ্টি হলে কাদার মধ্যে চলাচল অসম্ভব হয়ে পড়ে। আবার শুষ্ক মৌসুমেও ধুলোবালিতে চলা দায়। তিনি জানান, এর আগে রাস্তাটি পাকা করতে কয়েক দফা মাপজোক করতে দেখা গেছে। কিন্তু আজ পর্যন্ত এটি পাকা করার কোনো নমুনা চোখে পড়ছে না।শাহাপাড়া গ্রামের ব্যবসায়ী তসলিম উদ্দিন (৪০) বলেন, আমাদের সাংসদ আসাদুজ্জামান নূর নিজে রাস্তা দেখে এটি পাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে উপজেলা চেয়ারম্যানও বলেছিলেন, তিনি রাস্তাটি পাকা করে দেবেন। এখানে যে-ই আসেন, তিনিই প্রতিশ্রুতি দেন। কিন্তু রাস্তা আর পাকা হয় না।নীলফামারী জেলা শহর থেকে মোনাগঞ্জ, রামকলা ও খানসামাসহ বিভিন্ন প্রসিদ্ধ হাটবাজারে ব্যবসায়ীরা তাঁদের পণ্য নিয়ে এ পথ দিয়ে চলাচল করেন। তা ছাড়া এখানে একটি হ্যাচারি থাকায় সব জেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে মাছচাষি ও পোনাবিক্রেতারা এ পথে আসা-যাওয়া করেন। সাফানা হ্যাচারির স্বত্বাধিকারী সোহেল পারভেজ বলেন, হ্যাচারির প্রয়োজনে নয়, এলাকাবাসীর প্রয়োজনে রাস্তা হওয়া দরকার। তিনি বলেন, এখানে শুধু হ্যাচারি নয়, আশপাশে কয়েকটি ছোট ছোট কলকারখানাও আছে। এ অঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে ওই পাঁচ কিলোমিটার রাস্তাটুকুই বড় কষ্টের হয়ে দাঁড়িয়েছে।খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম বলেন, রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তার দুই প্রান্ত পাকা আছে, মাঝে কিছু অংশ পাকা করা দরকার। এ অংশটুকু পাকা করতে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগে যোগাযোগ করেছি। নীলফামারী সদর উপজেলার প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, আমরা রাস্তা পাকা করার চেষ্টা করছি। স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, রাস্তাটি পাকা করার জন্য গত ৩০ মে নতুন করে আরেকটি প্রস্তাবনা চেয়েছে, আমরা তা পাঠিয়েছি। এখন বরাদ্দ পেলেই কাজ শুরু করা যাবে।