মাত্র ১০ মিনিটে পাস হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে গতকাল রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল, ২০১০ পাস হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উত্থাপন করেন। বিলটির ওপর জনমত যাচাই এবং সংশোধনী প্রস্তাব দিলেও বিরোধী দলের সদস্যরা অনুপস্থিত থাকায় কোনো রকম আপত্তি ছাড়াই মাত্র ১০ মিনিটের মধ্যে বিলটি পাস হয়ে যায়।অভিযোগ রয়েছে, মালিকপক্ষের স্বার্থকে প্রাধান্য দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল পাস করা হয়েছে। এর ফলে ছাত্রবেতন নির্ধারণের ওপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একক কর্তৃত্ব বহাল থাকছে। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কয়েক বছর ধরে এ বিষয়ে কিছুটা নিয়ন্ত্রণ হাতে রাখার যে চেষ্টা করে আসছিল, তা শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি নাকচ করে দিয়ে যে বিল চূড়ান্ত করেছিল তা গতকাল পাস হয়েছে।জাতীয় সংসদে বিলটি উত্থাপনের পর তা পরীক্ষার জন্য চলে যায় শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে। ওই কমিটির পর্যালোচনায় আইনটি অনেকাংশে দুর্বল হয়ে যায়। অবশ্য সংসদীয় কমিটি বলে আসছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনটি শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ভারসাম্যপূর্ণ হবে। দুই পক্ষের বিভিন্ন দাবি ও বক্তব্য পর্যালোচনা করে বিলটি চূড়ান্ত করা হয়েছে বলে কমিটি দাবি করছে।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ঘিরে মূল অভিযোগ ইচ্ছামতো বেতন-ভাতা আদায় এবং টাকার বিনিময়ে সনদ বিক্রি। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা খসড়া বিলে বলা হয়, প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রবেতন নির্ধারণের বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে অনুমোদন নেবে। মন্ত্রিসভার বৈঠকেও আইনের এ বিষয়টি অনুমোদন হয়েছিল। কিন্তু গত ৯ মার্চ জাতীয় সংসদে বিলটি উত্থাপনের পর তা পর্যালোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়। কমিটির সদস্য মির্জা আজমকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের সাব-কমিটি বিলটি নিরীক্ষা করে। এরপর স্থায়ী কমিটি গত ১৪ জুন অনুষ্ঠিত সভায় প্রতিবেদনটি জাতীয় সংসদে উত্থাপনের জন্য চূড়ান্ত করে। কমিটির সুপারিশে বলা হয়েছে, ছাত্রবেতন নির্ধারণে কমিশনের অনুমোদন নয়, কমিশনকে অবহিত করতে হবে। কমিশন অবহিত হওয়ার পর প্রয়োজনে পরামর্শ দিতে পারবে। এর ফলে ছাত্রবেতন নির্ধারণে মন্ত্রণালয় বা ইউজিসির কোনো ভূমিকা থাকবে না।জানা যায়, আলোচিত এই বিলে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি মালিকপক্ষের হাতের মুঠোয় থাকছে। প্রস্তাবিত বিলে অর্থ কমিটির প্রধান হিসেবে উপাচার্যকে রাখা হয়েছিল। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটিতে বোর্ড অব ট্রাস্টিজের একজন করে মনোনীত সদস্য দেওয়ার কথা ছিল। কিন্তু সংসদীয় কমিটি প্রতিটি কমিটিতে একজনের পরিবর্তে বোর্ড অব ট্রাস্টিজের তিনজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সুপারিশ করে এবং তা বহাল রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রমের প্রধান হিসেবে উপাচার্যকে স্থান দেওয়ার বিষয়টি বহাল আছে। উপাচার্য হতে হলে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ গবেষণা ও প্রশাসনিক কাজে মোট ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদের যোগ্যতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর ফলে ব্যবসায়ী, আমলা বা পরিবারের অযোগ্য কোনো সদস্য বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পদে অধিষ্ঠিত হতে পারবেন না।নতুন আইনে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দুজন প্রতিনিধি বেসরকারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য হবেন। বলা হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রক্ষাকবচ হিসেবে কাজ করবেন এই দুজন প্রতিনিধি। তবে তাঁরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ বা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারবেন না। কোনো সিদ্ধান্তের বিষয়ে একমত না হলে তাঁরা লিখিত আপত্তি (নোট অব ডিসেন্ট) দিতে পারবেন।অনুমোদন না থাকা কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবে না। এ ছাড়া বাংলাদেশে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার বা টিউটোরিয়াল সেন্টার সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবে না। আইনে বিধি প্রণয়ন করে দূরশিক্ষণ দেওয়া এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার সুযোগ রাখা হয়েছে।ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে জমির পরিমাণ এক একর নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হলে দুই একর জমি থাকলে চলবে।আগের আইনে দেশের যেকোনো স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হলে পাঁচ কোটি টাকা সংরক্ষিত তহবিল (রিজার্ভ ফান্ড) রাখার বিধান ছিল। নতুন আইনে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার জন্য পাঁচ কোটি টাকা এবং অন্যান্য মহানগরের জন্য তিন কোটি টাকার সংরক্ষিত তহবিল থাকতে হবে। এ ছাড়া অন্যান্য এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দেড় কোটি টাকা তফসিলি ব্যাংকে জমা রাখতে হবে।১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন হয় এবং ১৯৯৮ সালে সংশোধন হয় ওই আইন। জোট সরকার ২০০২ সাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নিলেও মালিকপক্ষের চাপের কারণে বিষয়টি এত দিন ঝুলে ছিল। বর্তমানে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই লাখ ছাত্রছাত্রী পড়াশোনা করছেন।এ ছাড়া গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ব্যাটালিয়ন আনসার (সংশোাধন) বিল, ২০১০ সংসদে উত্থাপন করেন। বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ১৪ দিনের সময় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) বিল, ২০১০ পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু।সংসদের বৈঠক আজ সোমবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।