জন্মদিনে নিজের কথা, নিজের প্রসঙ্গই প্রাধান্য পায় সংগত কারণেই। তবে প্রথম আলোর ত্রয়োদশ বর্ষপূর্তির মিলনমেলায় নিজের কথার চেয়ে বেশি ছিল দেশের কথা, প্রাধান্য পেয়েছিল দেশ নিয়ে স্বপ্নের কথা।কাল শুক্রবার ছুটির দিন বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবর উন্মুক্ত মঞ্চে সমবেত শ্রোতাদের সামনে দাঁড়িয়ে দেশের বিশিষ্ট নাগরিক ও সাংস্কৃতিক অঙ্গনের নন্দিতজনেরা প্রথম আলোকে শুভেচ্ছা জানিয়ে আত্মশক্তিতে বলীয়ান হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে উদ্দীপনা দিয়েছেন। আহ্বান জানিয়েছেন সব নেতিবাচকতাকে অতিক্রম করে দেশকে বদলে দেওয়ার অগ্রযাত্রার মিছিলে শামিল হতে। মিলনমেলার এই অনুষ্ঠান প্রথম আলো অনলাইন, প্রথম আলো ই-পেপার ও প্রথম আলো ব্লগ সরাসরি সম্প্রচার করে। বিশ্বের ৭০ হাজারের বেশি মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন। এতে কারিগরি সহায়তা দিয়েছে কমজগৎ টেকনোলজি।
‘বদলে যাওয়ার অঙ্গীকারে নেমেছি আজ আলোর মিছিলে’, ‘বদলে যাওয়ার শপথে এসে মিলি একসাথে’, ‘বদলে যাও বদলে দাও’—প্রথম আলোর এসব আহ্বানসংবলিত ব্যানার দিয়ে সাজানো হয়েছিল মঞ্চ। দর্শকদের স্বাগত জানিয়ে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘প্রথম আলো এখন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। এ দেশের সংবাদপত্রের ইতিহাসে প্রথম আলোই প্রথম তিন লাখ ছাপার রেকর্ড করেছিল। তারপর চার লাখ, আজ ত্রয়োদশ বর্ষপূর্তিতে ছাপা হয়েছে পাঁচ লাখ তিন হাজার কপি। এই সাফল্য প্রথম আলোর একার নয়, এর মূল অংশীদার পাঠক। প্রথম আলোর সঙ্গে থাকার জন্য তিনি পাঠককে অভিনন্দন জানান।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসম্পাদক আনিসুল হক। তাঁর আহ্বানে সাড়া দিয়ে দর্শকেরা মাদককে ‘না’ বলেছেন, দিনবদলের অঙ্গীকারে দিয়েছেন প্রত্যয়ী সম্মতি।জাতীয় সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের মূল পর্ব শুরু করেন রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারার শিল্পীরা। এরপর তাঁরা ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি পরিবেশন করেন। গানের মাঝে মাঝে বিশিষ্ট নাগরিকেরা মঞ্চে এসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন দেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখার কথা। এ পর্যায়ে ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, জাতীয় অধ্যাপক এম আর খান, আবদুল্লাহ আবু সায়ীদ, রাশেদা কে চৌধুরী, সৈয়দ আবুল মকসুদ, সালমা খান, মোহিত কামাল, হাবিবুল বাশার, ইলিয়াস কাঞ্চন, জাহিদ হাসান, বিপাশা হায়াত, রিয়াজ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, তৃষা প্রমুখ।অতিথিরা বলেন, স্বাধীনতার ৪০ বছর পরও যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করা হয়েছিল, তা পূরণ হয়নি। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে নতুন করে স্বপ্ন দেখতে হবে। এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মকে। প্রথম আলো তার বর্ষপূর্তির দিনে সেই স্বপ্নের বীজ বুনে দিতে চেয়েছে বাঙালি হূদয়ে, চিন্তায়। এ জন্য প্রথম আলোকে অভিনন্দন।অনুষ্ঠানের একপর্যায়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান চিত্রনায়ক রিয়াজসহ অন্যরা।কথা যেমন হয়েছে দেশ নিয়ে, গানের বিষয়ও ছিল স্বদেশ। গানের দল মৃত্তিকার মাহমুদুজ্জামান বাবু শুনিয়েছেন জোহান বায়াসের সেই বিখ্যাত গান ‘বাংলাদেশ বাংলাদেশ/ অস্তাচলে যেখানে দিন শেষ’, নকিব খানের নেতৃত্বে রেনেসাঁ শুনিয়েছে ‘হে বাংলাদেশ তোমার বয়স কত হলো?’, আসিফ আকবর গেয়েছেন ‘শাবাশ বাংলাদেশ’, তাঁর সঙ্গে এস আই টুটুল, ফাহমিদা নবী ও দিনাত জাহান গেয়েছেন প্রথম আলোর দিনবদলের গান ‘তুমি জাগলে পোহাবে রাত’; সজীব গেয়েছেন ‘বাংলা আমার মায়ের আঁচল’, ইবরার টিপু গেয়েছেন, ‘ও পৃথিবী’, ক্লোজআপ শিল্পী মুহিন, কিশোর, নওরীন, নিশিতা, শশী, পুলক, সাব্বির, লিজা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘বন্ধু সামনে সোজা রাজপথ’। গানের পালার সঙ্গে অনুষ্ঠানও শেষ হয়েছিল দূরবীন ব্যান্ডের আরেফিন রুমি ও সাব্বিরের ‘জ্বলে ওঠো বাংলাদেশ গর্জে ওঠো বাংলাদেশ’ গানটি দিয়ে। তাঁর সঙ্গে গলা মেলাচ্ছিলেন সমবেত দর্শকেরা।সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে তখন। অজস্র কণ্ঠের সেই সুরের নিনাদ জাগিয়ে তুলেছিল স্বপ্ন বাস্তবায়নের পথে সব বাধা অতিক্রমের বরাভয়।