মাথা উঁচু করে বাঁচতে চাই
এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের শিক্ষাবৃত্তি পাওয়া আরও এক নারী, গাজীপুর কাপাসিয়া টোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মারজিয়া আকতার আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছেন।গাজীপুর জেলার কাপাসিয়া থানার টোকনগর গ্রামের আবুল কাসেম ও ফাতেমা আকতারের মেয়ে মারজিয়া আকতার কেমন আছেন তা দেখার জন্য গত ২০ এপ্রিল দুপুরবেলা সরেজমিনে গিয়ে দেখা গেল, ছায়াঘেরা বিদ্যালয় প্রাঙ্গণ নিশ্চুপ। কারণ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা চলছে। অপেক্ষা করলাম। বিদ্যালয়ের ঘণ্টা বেজে উঠল। পরীক্ষা শেষে দায়িত্বরত শিক্ষকেরা বেরিয়ে এলেন। কথা হলো শিক্ষকদের সঙ্গে।মারজিয়া আকতার বলেন, ‘এই গ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয়। একটিতে পড়াশোনা করেছি, অন্যটিতে শিক্ষকতা করছি। জীবনে এমন কোনো অন্যায় করিনি। কী কারণে আমার গায়ে এসিড ছোড়া হয়েছিল, আমি আজও জানি না। এসিড-সন্ত্রাসের শিকার হয়ে মনে হয়েছিল, জীবনটা অভিশপ্ত। প্রথম আলোর শিক্ষাবৃত্তি পেয়ে এইচএসসি পাস করেছি। এখন চাকরি করছি। পরিবারে বাবা-মা ছাড়াও আছে চার বোন, দুই ভাই। আমি ছাড়া বাকি বোনদের বিয়ে হয়েছে। এক ভাই সম্মান তৃতীয় বর্ষে, অন্য ভাই দ্বাদশ শ্রেণীতে পড়ে। পরিবারকে সহায়তা করছি।’ কথা বলতে বলতে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ‘এসিড ছুড়লেই সবকিছু শেষ হয়ে যায় না। চেষ্টা করছি। মাথা উঁচু করে বাঁচতে চাই।’২০০১ সালের ১৩ জুন রাতে বোনদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত জানালা দিয়ে তাঁকে লক্ষ্য করে এসিড ছোড়ে। এসিডে বুক, দুই হাত, ঊরু ও শরীরে বেশ কিছু অংশ ঝলসে যায়।মারজিয়ার বাবা আবুল কাসেম বলেন, ‘সপ্তম শ্রেণীতে পড়ার সময় ওকে এসিড নিক্ষেপ করে। ১৫৫ জন শিক্ষার্থীর মধ্যে আমার মেয়ের ক্রমিক নম্বর ছিল এক। জীবনে ক্লাসে দ্বিতীয় হয়নি। সেই মেয়ে দুই বছর স্কুলে যায়নি, চোখের সামনে মৃত্যুযন্ত্রণা সহ্য করেছে। তার পর টোক সরযু বালা বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান শাখায় জিপিএ ৩.২০ পেয়ে উত্তীর্ণ হয়। ২০০৬ সালের ২৬ জুলাই এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল থেকে মাসিক এক হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। কাপাসিয়ার টোক নয়নে শরীফ মোমতাজ উদ্দিন আহমেদ কলেজে পড়েছে। বিজ্ঞান শাখার ছাত্রী হওয়ার সুবাদে কখনো কলেজ কামাই দেয়নি। কলেজের অধ্যক্ষ তাজ উদ্দিন আহমেদ খুব সহযোগিতা করেছেন। এইচএসসিতে বিজ্ঞান শাখায় জিপিএ ২.৫৬ পেয়ে উত্তীর্ণ হয়। তারপর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে যোগ দেয়। সবার সহযোগিতা পেয়েছি।’ গাজীপুর কাপাসিয়া টোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোপা রানী সাহা জানান, বিদ্যালয়ে সাতজন শিক্ষকের মধ্যে নারী পাঁচজন ও দুজন পুরুষ। মারজিয়া ২০১০ সালের ২৬ অক্টোবর সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন। মারজিয়া কাজের প্রতি আন্তরিক। শিশুরাও তাঁকে পছন্দ করে।