মাথা গোঁজার ঠাঁই নেই, পৌঁছায়নি ত্রাণসামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টর্নেডো-দুর্গত ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্রামগুলোর বাসিন্দারা এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। ২৪ ঘণ্টা পরও ঘরবাড়ি হারানো এই মানুষগুলোর মাথা গোঁজার ঠাঁই তো দূরের কথা, ক্ষুধা নিবারণের সংস্থান পর্যন্ত হয়নি। এরই মধ্যে শোকে বিহ্বল এলাকাবাসী নিহত ব্যক্তিদের সৎকারের ব্যবস্থা করেছে। উৎকণ্ঠায় কাতর হয়ে অনেকে খোঁজ নিচ্ছে আহত প্রিয়জনদের।গত শুক্রবার ভয়াবহ টর্নেডোর আঘাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি উপজেলায় ১৫টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। নারী, শিশুসহ নিহত হয়েছেন অন্তত ২৩ জন। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি।গতকাল সরেজমিনে ব্রাহ্মণবাড়িয়া সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার টর্নেডো-দুর্গত কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, এখনো বেহাল অবস্থায় পড়ে আছে ঘরবাড়ি। দুর্ভোগের শিকার মানুষগুলো যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে। যাঁরা কথা বলছেন, তাঁদের কণ্ঠে ঝরে পড়ছে বিস্ময়-হতাশা। তাঁরা বলছেন, এ ঘটনার আগে কখনো এমন হূদয়বিদারক পরিস্থিতির শিকার হয়নি এই অঞ্চল।প্রকৃতির নির্মম আঘাতে বদলে গেছে ছায়াসুনিবিড় গ্রামগুলো। যেদিকে চোখ যায়, সেদিকেই তাণ্ডবের নির্মম চিহ্ন। টর্নেডো শিকড়সুদ্ধ উপড়ে ফেলেছে গাছপালা। কাঁচা-পাকা ঘরবাড়ি, ফসলি জমির মাঠ, গবাদি পশুর খামার, বিদ্যুতের খুঁটি, রাস্তাঘাট সবই বিধ্বস্ত। বিশ্ব আবহাওয়া দিবসের ঠিক আগের দিন ঘটে যাওয়া এ টর্নেডোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন আক্রান্ত গ্রামগুলোর প্রবীণ ব্যক্তিরা। চিনাইর গ্রামের নয়ঘরহাটি পাড়ার আনোয়ারুল হক বলেন, ‘আসর নামাজ পড়ে বাড়িতে ফিরে দোতলায় গেলাম। হঠাৎ দেখি উত্তর-পশ্চিম কোণ থেকে অজগরের মতো ফণা তুলে আসছে তুফান। মাত্র দেড়-দুই মিনিটের মধ্যে ওই তুফান আমার দোতলার ছাদটা উপড়ে নিয়ে ফেলল ১০০ গজ দূরে বাচ্চু মিয়ার বাড়িতে।’ সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উড়শীওড়া থেকে শুরু হয়ে রামরাইল, দুবলা, সোহাতা, মোহাম্মদপুর, পাতিরহাতা, চান্দপুর, চিনাইর, চাপুইর, পাইকপাড়া, বাসুদেব, ভাতশালা, জারুলতলা, খেয়াই, সিঙ্গারবিল ও পত্তনসহ ১৫টি গ্রাম তছনছ করে দিয়ে যায় টর্নেডো।ত্রাণ ও পুনর্বাসন তৎপরতা: টর্নেডো অবশ্য কোনো গ্রামেই গ্রামজুড়ে আঘাত করেনি। এঁকেবেঁকে নিজের পথ করে নেওয়া টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ব্যক্তিদের পাশে তাই প্রতিবেশীরাই দাঁড়িয়েছেন সবার আগে। এরই মধ্যে গ্রামের প্রধান প্রধান সড়কগুলোকে তাঁরা চলাচলের উপযোগী করে তুললেও গ্রামের ভেতরে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার পথগুলো চলাচলের উপযোগী হয়নি। উদ্ধারকর্মীদের তৎপরতায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে রেললাইনের এখানে-ওখানে গতকালও তাঁদের কাজ করতে দেখা গেছে। গতকাল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে ২০ হাজার, আহত ব্যক্তির পরিবারকে পাঁচ হাজার টাকা সহায়তাসহ ৩০ কেজি করে চাল এবং বসতঘর হারানো ব্যক্তিদের দুই বান্ডিল করে টিন ও ছয় হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন। যদিও সন্ধ্যা পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি বলে জানা গেছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ত্রাণ ও দুর্যোগসচিব মেসবাউল আলম, ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল ওয়াজেদ, জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।উবায়দুল মোকতাদির জানান, ডাচ্-বাংলা ব্যাংক দুর্গত এলাকার জন্য ৫০ লাখ টাকা ও ৭০০ বান্ডিল টিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ: শুক্রবার রাতে জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার জানিয়েছিলেন টর্নেডোতে নিহতের সংখ্যা ২০। গতকাল স্থানীয় সাংসদ উবায়দুল মোকতাদির জানান, সকালে আরও একটি লাশ পাওয়া গেছে এবং তিনি শুনেছেন, আহত ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহতের সংখ্যা পাঁচ শতাধিক। তবে ঢাকায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উবায়দুল মোকতাদির বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি নিরূপণ করা যায়নি। তবে টাকার অঙ্কে কয়েক শ কোটি হবে বলে তিনি অনুমান করেন। আর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা হবে ৫০০।টর্নেডোতে তিন উপজেলায় ৬০টি গরু ও ছাগল মারা গেছে বলে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জীব সূত্রধর জানান। তিনি বলেন, প্রাণিসম্পদের ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা।পেট্রোল ও চিকিৎসক দল: টর্নেডো-দুর্গত বিভিন্ন স্থানে নিরাপত্তা ও সহায়তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোট নয়টি পেট্রোল টিম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সরাইলের ১২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল আলম। তারা আখাউড়ার আমোদাবাদ, বিজয়নগরের আলীনগর, জেলা সদর হাসপাতাল, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আখাউড়া পৌর শহরে অবস্থান করছে। ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ইতিমধ্যে বিজিবির একটি মেডিকেল টিম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কাজ করছে সেনাবাহিনীর দুটি মেডিকেল টিমও। সেনাবাহিনীর এ টিম দুটিতে ৫৩ জন সদস্য রয়েছেন। গতকাল এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় অতিরিক্ত তিনটি চিকিৎসক দল পাঠিয়েছে। আহত ব্যক্তিরা ঢাকায়: গতকাল সন্ধ্যা পর্যন্ত নারী ও শিশুসহ ২৫ জন আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এর মধ্যে ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকি ১৪ জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন শিশু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যায় নয় মাসের শিশু সাবিহা চৌধুরী। মাথায় গুরুতর আঘাত থাকায় গতকাল তাকে হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বের হয়ে চিকিৎসক জানান, সাবিহা মারা গেছে। সাবিহার চাচা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, সাবিহার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরে। সে তার বাবা-মায়ের একমাত্র সন্তান। তার বাবা জসিম উদ্দিন ও মা জামিলা বেগমও আহত। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।