মাস কয়েক আগে বিশ্বকাপের ফরম্যাট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আলোচনায় উঠে এসেছিল, চূড়ান্ত কোনো বিপর্যয় ছাড়া টুর্নামেন্টের শেষ ১০ দিনে পৌঁছাতে পারব যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন হতে বাকি থাকবে তিনটি মাত্র ম্যাচ। ছয় সপ্তাহের প্রস্তুতি শেষে আমরা আজ এই পর্যায়ে। সুতরাং এখন কারোর বলার উপায় নেই যে, আমরা এখানে পৌঁছানোর জন্য প্রস্তুত ছিলাম না। কোয়ার্টার ফাইনালে উঠে আসা অন্য সাতটি দলও তা-ই। তারাও নিশ্চয়ই মনে করে, বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা তাদেরও আছে। প্রতিটি দল তাদের প্রতিপক্ষের দিকে তাকিয়ে তাদের জয়ের একটা রাস্তা দেখবেই। এখানে কেউই ‘আন্ডারডগ’ নয়। নিজেদের দিনে যে কেউ যে কাউকে হারাতে পারে। সেরা আটটি দলই কোয়ার্টার ফাইনালে উঠেছে।গ্রুপ পর্বে দুর্দান্ত কিছু ম্যাচ হয়েছে। কিছু কিছু ম্যাচ তো দীর্ঘদিন ধরে স্মৃতির মণিকোঠায় থাকবে। ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচটি আমাদের সবাইকে গা ঝাড়া দিয়ে উঠতে বাধ্য করেছে। আমাদের বিপক্ষে ইংল্যান্ডের জয়টি নিশ্চয়ই বিনোদনে ভরা ছিল। আমার নিজের ভালো লেগেছে ভারতের বিপক্ষে আমাদের ম্যাচটি। এ পর্যন্ত যতগুলো ম্যাচে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি, তার মধ্যে এই ম্যাচটি অন্যতম। ইংল্যান্ডের কাছে আমাদের পরাজয় থেকে আমরা যেমন শিখেছি, তেমনি শিখেছি ভারতের বিপক্ষে আমাদের জয় থেকেও।এই শিক্ষা, আমাদের ফর্ম সামনের দিনগুলোতেও এগিয়ে নিয়ে যেতে হবে। সামনের দেড় সপ্তাহের জন্য এর থেকে আমরা আত্মবিশ্বাসও খুঁজে নিতে পারি। কিন্তু গ্রুপ পর্বের ফলাফল নিয়ে এখন মাথা ঘামানো অর্থহীন। গ্রুপ পর্বে কত রান করলাম বা উইকেট নিলাম, সেটাও ভুলে যেতে হবে। এখন এগুলোর কোনো গুরুত্ব নেই। সামনের দিনগুলোতে কত রান করলাম, আর কত উইকেট নিলাম, সেটাই আসল।আমাদের এই দলটির ‘রিজার্ভ’ বেঞ্চের ফর্ম ও ফিটনেস এতটাই ভালো, সত্যিই আমরা এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত। এত গভীরতম একটা স্কোয়াডের সদস্য শেষ কবে ছিলাম, তা মনে করতে পারছি না। এর আগে কোনো সিরিজ অথবা টুর্নামেন্ট আমরা জিতব কি না, এ নিয়ে আলোচনার সময় বলা হতো, অমুক আর তমুক খেলোয়াড়টি যদি ফিট থাকে, তবেই সম্ভব। (মানে অ্যালান ডোনাল্ড ফিট থাকলে আরকি!)কিন্তু এই দলটার দিকে দেখুন। স্টেইন আর মরকেলের বিশ্রামের দিন একটি ম্যাচে সুযোগ পেয়েই দারুণ করেছে লনওয়াবো সতসোবে আর ওয়েইন পারনেল। কলিন ইনগ্রামও তার দক্ষতা দেখিয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ও গুরুত্বপূর্ণ রান করেছে।নকআউট পর্বে কোনো দল ভুল করা নিয়ে আতঙ্কিত হয়ে পড়লে তারা আরও নড়বড়ে হয়ে যাবে। আমরা তাই আমাদের আক্রমণাত্মক মেজাজটাও নিয়ন্ত্রণের মধ্যে রাখব। সব সময়ই চেষ্টা থাকবে খেলায় প্রাধান্য বিস্তার করে ম্যাচের লাগাম নিজেদের মুঠোয় রাখা। ছোটখাটো কিছু ভুল হবেই। তবে আমরা সবাই সবাইকে সমর্থন দিয়ে যাচ্ছি। আমরা জানি, দল হিসেবে সব সময় সবকিছু একেবারে নিখুঁতভাবে নাও চলতে পারে। তবে আমরা ঘুরে দাঁড়াতে পারি।শুক্রবারের ম্যাচ নিয়ে আমরা সবাই রোমাঞ্চিত, আবার শান্তও। যেটা আপনাকে করতে হবে, নিজের দক্ষতা ও মানসিকতার ওপর আস্থা রাখা। স্বাভাবিক খেলাটাই খেলতে হবে। আমরা জানি, বাকি তিনটা ম্যাচ জেতার সামর্থ্য আমাদের আছে। তবে এ-ও জানি, অন্য সাতটি দলও বিশ্বাস করে, সেই সামর্থ্য তাদেরও আছে।