মাথা থেকে চটের বস্তায়
ছিল মাথায়, এখন আছে চটের বস্তায়। বস্তুটি মহিষের শিং। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার দোতলায় ঢুকতেই চোখে পড়ল। মহিষের চার জোড়া শিং চারটি আধভরা চটের বস্তার দুই কিনারে জুড়ে দেওয়া। যেমন থাকে মহিষের মাথায়। বস্তায় ঘণ্টিও ঝোলানো আছে। শিল্পকর্ম বলেই খানিকটা অভিনব দর্শন। চলমান সপ্তদশ নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে ‘বিলুপ্তপ্রায় প্রজাতি’ নামের এই শিল্পকর্মটি অসীম হালদারের।মহিষের শিঙের ব্যবহার অনেক দিন থেকে। আমাদের লোক ও কারুশিল্পীদের হাতে পড়ে মহিষের শিং মানুষের মাথায় উঠেছিল কেশরঞ্জনী বা চিরুনি হিসেবে। শিঙা নামের একটি বাদ্যযন্ত্রও তৈরি হয় শিং দিয়ে। এর বাদকদের বলে ‘শিঙ্গাদার’। কবিকঙ্কনের চণ্ডীমঙ্গল কাব্যে আছে ‘পণমূলে শিঙ্গা জোড়া বেচে শিঙ্গাদার’। এ ছাড়া ছুরি-চাকুর বাঁট, জমিতে নিড়ানি দেওয়ার খুরপি-পাচনের হাতল, বৃদ্ধের অবলম্বন হিসেবে হাতের ছড়ি, ফুলদানি এবং আরও বিবিধ শৌখিন সামগ্রীরূপে মহিষের শিং বহু আগেই জুড়ে গিয়েছিল আমাদের দৈনন্দিন জীবনযাত্রায়। আজও সে সংযোগ বিচ্ছিন্ন হয়নি।মাথায় ভীষণ দর্শন যুগল শিং নিয়ে ঘুরে বেড়ালেও মহিষ হিংস্র নয়, বরং নিরীহ গোছেরই বলা যায়। জলচর না হলেও জলকেলিতে তার প্রবল অনুরাগ। প্রাণীটি গরম সহ্য করতে পারে না। সলিল স্বচ্ছ কি কর্দমাক্ত, তাতে কোনো ইতরবিশেষ নেই তার। সুযোগ পেলেই নেমে পড়ে পরমানন্দে। প্রায়ই দেখা যায়, স্নানে পরিচ্ছন্ন হওয়ার বদলে সারা গায়ে একপরত কাদার প্রসাধনী মেখে কৃষ্ণবরণ মহিষের পাল সফেদ কলেবরে উঠে আসছে কর্দমাক্ত জলাভূমি থেকে।এমন মহিষ আর গরুতে পার্থক্য হলো—গাড়িতে জুড়ে দেওয়া ঠিক আছে, কিন্তু পিঠে কেউ চেপে বসবে, এটা কিন্তু গরু মোটেই বরদাশত করে না। মহিষের কিন্তু কোনোটিতেই আপত্তি নেই। বাহন হিসেবে মহিষ গ্রামের ছেলেপুলেদের খুব পছন্দের। তারা মহিষের পিঠে চেপে মাঠের পর মাঠ ঘুরে বেড়ায়। পুরাণে আছে, যমরাজও বাহন হিসেবে এই প্রাণীটি পছন্দ করেছিলেন। সে কারণে এর একটি নাম যমবাহন। উপরন্তু লুলাপ, কৃষ্ণশৃঙ্গ, অতিবিসান, সৈরিভ বা কাসর বললেও চেনা যাবে মহিষকে (নাম নিয়ে যত কথা : দিলীপ দেবনাথ)। গরুকে যেমন কালজয়ী করে গেছেন শরত্চন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ‘মহেষ’ গল্পে, তেমনি মহিষের প্রতি কৃপাদৃষ্টি পড়েছিল বাংলা সাহিত্যের আরেক দিকপাল তারাশঙ্করের। কালাপাহাড় গল্পে তিনি মহিমান্বিত করেছেন গৃহপালিত এই কৃষ্ণচতুষ্পদকে।মহিষ আর শিং নিয়ে বাংলায় কিছু বাগ্ধারাও চালু আছে। যেমন, ‘নিজের খেয়ে বনের মোষ তাড়ানো’র (পরোপকারী) মতো কিছু লোক যেমন চিরকালই থাকবে, তেমনি ‘শিং ভেঙে বাছুরের দলে ভিড়ে যাওয়া’র (বয়স লুকানো) সুযোগসন্ধানীরও অভাব হবে না। এতে কোনো সমস্যা নেই। তবে সমাজে ‘শিং গজানো’ (দুর্বৃত্ত) লোকের প্রাদুর্ভাব বাড়লেই সমস্যা। তারা ‘শিং নাড়া দিয়ে’ (ভয় দেখানো) শান্তি-স্বস্তি হারাম করে তুলবে।মহিষের কথা বলতে গেলে ভারতের মহীশূর রাজ্যের কথা বাদ দিলে চলে না। পণ্ডিতেরা মনে করেন, মহিষ শহর বা মহিষাসুর থেকেই রাজ্যটির নামকরণ। তবে মহিষের সঙ্গে মহিষীর যে কোনো সম্পর্ক নেই, তা সবারই জানা। শব্দটি মহিষের স্ত্রীবাচক নয়। মহিষী হলেন পাটরানী। গোয়ালে নয়, রাজপ্রাসাদে তাঁর স্থান। মহিষীরা এখন আর নেই, মহিষ আছে তার শিংসমেত। সেই শিং নতুন দিনের শিল্পীর হাতে পড়ে হয়ে উঠেছে নতুন শিল্প।