মাথাভাঙ্গা পাড়ের ১২ গ্রামের মানুষের দুর্ভোগ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাটের পাশে মাথাভাঙ্গা নদীর ওপর একটি সেতুর অভাবে খাদিমপুর ও গাংনী ইউনিয়নের ১২টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ও জাতীয় নির্বাচনের আগে প্রার্থীরা এখানে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেননি।খাদিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিল্লুর রহমান গত ১৭ ফেব্রুয়ারি জানান, চুয়াডাঙ্গা সদর আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দারের সুপারিশ নিয়ে একটি প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম মণ্ডল জানান, মুন্সিগঞ্জে সেতু নির্মাণের বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।নদীর তীরবর্তী পারকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সানোয়ার হোসেন (৬২) বলেন, ‘জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দাবির মুখে এ ঘাটে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর পরই তা ভুলে যান। এবারও যেসব প্রার্থী জাতীয় সংসদ, উপজেলা ও ইউপির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁরাও একইভাবে প্রতিশ্রুতি দিয়েছেন। এখন দেখার পালা, কে কথা রখেন।’নৌকা ও বাঁশের সাঁকোয় মাথাভাঙ্গা নদী পার হয়ে মুন্সিগঞ্জ পশুহাট এলাকায় রোগী দেখতে আসেন কান্তপুর গ্রামের চিকিৎসক আলী হায়দার (৪৩)। তিনি জানান, তাঁর মতে এলাকার ১২টি গ্রামের অর্ধ লাখের বেশি মানুষ নিয়মিত এ নদী পার হয়ে থাকে। তাই, এখানে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।মুন্সিগঞ্জ সৃজনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আহসানারা, রেখা খাতুন ও ইলিয়াস হোসেন জানায়, বছরের বারো মাসই ঝুঁকি নিয়ে নদী পার হয়ে তাদের স্কুলে যাতায়াত করতে হয়।ওই স্কুলের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা জানান, প্রায় সময় অনেক অভিভাবক তাঁদের সন্তান স্কুলে ঠিকমতো পৌঁছাল কি না, আবার বাড়ি ফিরতে দেরি করলে স্কুল কখন ছুটি হয়েছে ইত্যাদি বিষয়ে খোঁজ নেন।চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র লিয়াকত হোসেন জানান, এলাকার ১২টি গ্রামের বহু মানুষ যেমন প্রতিদিন এ নদী পার হয়, তেমনি শত শত শিক্ষার্থী নদী পার হয়ে স্কুল-কলেজে যায়। এলাকার প্রবীণ কৃষক আলী হোসেন জানান, মুন্সিগঞ্জের বিপরীতে যেসব গ্রাম আছে, প্রতিটিরই সবজি চাষের জন্য বিশেষ খ্যাতি রয়েছে। চুয়াডাঙ্গা জেলা থেকে প্রতিদিন যে পরিমাণ সবজি ঢাকায় যায়, সেগুলোর একটি বড় অংশ এ মাথাভাঙ্গা নদীর পাড়ের গ্রামগুলোয় উৎপাদিত হয়। এসব গ্রামের কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য এবং ব্যবসায়ীরা তাঁদের মালামাল নিয়ে নদী পার হতে দুর্ভোগ পোহাচ্ছেন। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য পশুহাট এলাকায় একটি সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে।এ ব্যাপারে খাদিমপুর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জানান, মাথাভাঙ্গা নদীর এ পয়েন্টে সেতু নির্মাণ করলে অবশ্যই এলাকাবাসী উপকৃত হবেন, কিন্তু এত বড় প্রকল্প ইউপির নিজস্ব আয়ে সম্ভব নয় । এ জন্য প্রয়োজন মন্ত্রণালয়ের যথাযথ উদ্যোগ।