মাথার ওপর ছায়া আর বসার জন্য বস্তাই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাতে বস্তা, অন্য হাতে বই। তাই নিয়ে ছুটছে একদল শিশু। পরনের পোশাক দেখে বুঝতে কষ্ট হয় না ওরা কোনো বিদ্যালয়ের শিক্ষার্থী। কোথায় চলছে? এ প্রশ্ন শুনেই সমস্বরে উত্তর আসে, ‘স্কুলে’। তাহলে চটের বস্তা কেন! এবার তারা জানায়, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ আর বসার বেঞ্চের অভাবে নিয়মিতই তাদের খোলা মাঠে এসব বস্তা বিছিয়ে বসে পাঠগ্রহণ করতে হয়। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর জামুড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এরা।২২ নভেম্বর সকালে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, মাঠে চলছে পঞ্চম শ্রেণীর ক্লাস। শ্রেণী শিক্ষিকা ইসরাত আরা বেগম পেতে রাখা একমাত্র চেয়ারটিতে কখনো বসে আবার কখনো দাঁড়িয়ে পড়াচ্ছেন। শিক্ষার্থীরা ঘাসে পাতা চটে হাত-পা ছড়িয়ে বসে শুনছে তাঁর পাঠদান। কিছুক্ষণ পর রোদের তীব্রতা বাড়লে আর সহ্য করতে না পেরে ছেলেমেয়েরা উঠে আবার ছায়ায় গিয়ে বসল। শিক্ষিকারও চেয়ারটি সেখানে নিয়ে গিয়ে ওখানে শুরু হলো আবার পাঠদান।শ্রেণী শিক্ষিকা জানান, তিনি এ বিদ্যালয়ে নতুন এসেছেন। খোলা আকাশের নিচে পাঠদান করাতে তিনি নিজেও অবাক হয়েছিলেন। তিনি শুনেছেন বিদ্যালয়ের বেঞ্চগুলো চুরি হওয়ায় ও একটি শ্রেণীকক্ষের ছাউনি নষ্ট হওয়ায় এ অবস্থা হয়েছে। অন্যদিকে দেখা গেল, জরাজীর্ণ একটি কক্ষে চলছে দ্বিতীয় শ্রেণীর পাঠদান। সেখানেও নেই কোনো বেঞ্চ। মেঝেতে সারি সারি বস্তা বিছিয়ে চলছে পাঠগ্রহণ। মেঝেতে পা গেড়ে বসে থাকা শিক্ষার্থীদের দেখে মনে হলো না পড়ায় কারও তেমন মনোযোগ আছে।ক্লাস শেষে রত্না সেন বলে, ‘বছরের শুরু থেকেই মাটিতে বসে ক্লাস করছে তারা। দীর্ঘক্ষণ মাটিতে বসে লিখতে কষ্ট হয়। পা লেগে যায়। তখন আর আপাদের পড়া শুনতেও ভালো লাগে না।’শ্রেণী শিক্ষিকা বলেন, ‘বসার বেঞ্চ চুরি হয়ে যাওয়ায় দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাস মেঝেতে চট বিছিয়েই নিতে হয়। এতে পাঠদান ব্যাহত হলেও বাধ্য হয়ে এভাবেই ক্লাস করাতে হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার কথা চিন্তা করে গত মাসে শিক্ষিকারা মিলে চাঁদা তুলে বসার জন্য ওদের চট কিনে দিয়েছি। এরপরও সংকট না মেটায় বাধ্য হয়ে ছাত্রছাত্রীদের বাড়ি থেকে বস্তা আনতে পরামর্শ দিয়েছি।’প্রধান শিক্ষিকা রওশন আরা জানান, ১৯৭৩ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামুড়ীপাড়া গ্রামে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। বর্তমানে পাঁচটি শ্রেণীতে ২৭৮ জন ছাত্রছাত্রী লেখাপড়া করছে। শিক্ষিকা আছেন চারজন। বিদ্যালয়ে রয়েছে মাত্র ১৪টি বেঞ্চ। ফলে ছাত্রছাত্রীদের বিদ্যালয় মাঠ বা শ্রেণীকক্ষের মেঝেতে বসে ক্লাস করতে হচ্ছে। তাই তারা বিদ্যালয়ে আসতে আগ্রহ হারিয়ে ফেলছে। তিনি আরও জানান, বিদ্যালয়ের বেঞ্চ, টিউবওয়েল, জানালার গ্রিল চুরি হয়ে গেছে। এমনকি শিক্ষা উপকরণও খোয়া গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. বদিউর রহমান বলেন, বেঞ্চ চুরির বিষয়টি নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে বসা হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমীন জানান, শিক্ষার মান বাড়াতে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অতি জরুরি। এ বিদ্যালয়টিরও বেঞ্চ, আসবাব, অবকাঠামো ও সীমানাপ্রাচীর নির্মাণ করা দরকার।