মাথার ওপর বিলবোর্ডের বিপদ
নগরের নীলাকাশ, উদ্যান ও ভবনের দেয়াল দিনে দিনে ঢাকা পড়ছে বড় বড় বিলবোর্ডে। দৃশ্যদূষণের জন্য দায়ী অনেক বিলবোর্ডের নেই অনুমোদন। ঝড়ে ভেঙে পড়তে পারে, এমন অবস্থায়ও দাঁড়িয়ে আছে কোনো কোনো বিলবোর্ড। ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন এসব বিজ্ঞাপনী বোর্ড সরাতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েই দায় সারছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। তারা এগুলো সরাতে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। তাই বছর বছর এ ধরনের বিলবোর্ড বেড়েইে চলছে। এমনকি ডিসিসির তালিকায় থাকা সাইনবোর্ডমুক্ত এলাকায়ও রয়েছে বিলবোর্ড। বিজ্ঞাপনী বোর্ড নিয়ন্ত্রণে ডিসিসির ব্যর্থতার চিত্র তুলে ধরেছেন তানজিল আহমদ।সরেনি ঝুঁকিপূর্ণ বিলবোর্ড২০১০ সালের ১৫ মার্চ রাতে কালবৈশাখীতে গুলশান শপিং সেন্টারের ছাদ থেকে একটি বিলবোর্ড সড়কের ওপর গিয়ে পড়ে। এর সঙ্গে সংযুক্ত লোহার বার আর কংক্রিটের স্তম্ভের আঘাতে মারা যান এক গাড়িচালক আর এক দোকানকর্মী, আহত হন চারজন।এখনো নগরের প্রায় সব এলাকার ছাদেই ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য বিলবোর্ড। প্রতিবছরই দুর্ঘটনা ঘটার পর টনক নড়ে ডিসিসির। তখন ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণে তোড়জোড় শুরু হয়। এ বছর দুর্ঘটনা ঘটার আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েই দায় সেরেছে ডিসিসি। ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণে তারা যে তেমন তৎপর নয়, তা নগর ঘুরে দেখা গেছে। গুলশান, শাহবাগ, বিমানবন্দর এলাকায় অনেক বিলবোর্ডের সরঞ্জামাদিতে মরিচা পড়ে গেছে। কোনো কোনোটার কিংছু অংশ বাঁকা হয়েছে, আবার কোথাও লোহার দণ্ড ভেঙে পড়েছে। একটার ওপর আরেকটা, তার ওপর আরেকটা—এভাবেই বিলবোর্ড বসানো হয়েছে মহাখালীর উড়ালপথের নিচের রেলগেটের পাশে।ছাদ কিংবা দেয়ালজুড়ে যেসব বিলবোর্ড আছে, তার সবই ঝুঁকিপূর্ণ। আবার বৈদ্যুতিক লাইনের ওপরের, কাছের এবং আয়তনে বড় বিলবোর্ডও ঝুঁকিপূর্ণ বলে জানায় ডিসিসির একটি সূত্র।নীতিমালাকে বুড়ো আঙুলঢাকা মহানগরের ‘সৌন্দর্যবর্ধন ও বিজ্ঞাপন নীতিমালা ২০০৯’ অনুযায়ী সাইন সংরক্ষিত এলাকায় কোনো ধরনের বিলবোর্ড প্রদর্শন নিষিদ্ধ। উদ্যান, সরকারি হাসপাতাল, ঐতিহ্যবাহী স্থাপনা, বিমানবন্দরসহ বেশ কিছু এলাকা সংরক্ষিত হিসেবে চিহ্নিত। কিন্তু বিলবোর্ড বসাতে সেই নীতিমালা মানা হয়নি। সাইন সংরক্ষিত এলাকায় দেখা গেছে বিশাল বিশাল বিলবোর্ড। সংরক্ষিত এলাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দেখা গেছে বেশ কিছু বিলবোর্ড। বিমানবন্দর মোড়ের চারপাশে বরং বিলবোর্ড লাগানোর প্রতিযোগিতা করা হয়েছে। একটার ওপর আরেকটা, আবার একটার সামনে আরেকটা বিলবোর্ড দেখা গেছে। বিমানবন্দর এলাকায় অনেক বিলবোর্ডে এখনো ভাড়ার অপেক্ষায় রয়েছে। এসব বিলবোর্ডে ‘টু-লেট’ লেখা রয়েছে।আবার সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি ফটকের কাছে রয়েছে দুটি বিলবোর্ড। নীতিমালাকে বুড়ো আঙুল দেখিয়ে এর একটির অনুমোদন ডিসিসি নিজেই দিয়েছে। রমনা উদ্যানের চারপাশেই (শিশুপার্ক-সংলগ্ন ফটক থেকে মৎস্য ভবন ফটক পর্যন্ত) রয়েছে বিলবোর্ড। এতে উদ্যানের এই অংশের গাছগুলো পর্যাপ্ত আলো-বাতাস পাচ্ছে না। অথচ এসব এলাকায় সব ধরনের বিলবোর্ড প্রদর্শন নিষিদ্ধ। সচেতন নাগরিকদের অভিযোগ, নীতিমালা প্রয়োগে ডিসিসি কোনো উদ্যোগ নিচ্ছে না। দৃশ্যদূষণের কবলে নগরবিমানবন্দর মোড় থেকে বিমানবন্দরের ফটকের দক্ষিণ দিকে তাকালে সবুজের দেখা মেলে না। দেখা মেলে বিশাল বিশাল বিলবোর্ডের। এর ফাঁকফোকর দিয়ে গাছপালার সবুজ পাতা এক-আধটু দেখা যায়। সবুজের সমারোহে বাধা হয়ে দাঁড়িয়েছে বিলবোর্ড। আবার রূপসী বাংলা হোটেলের (সাবেক হোটেল শেরাটন) সামনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের চারপাশে ঘেরা রয়েছে বিলবোর্ডে। এর ফলে ভেতরের ভবনটি চোখেই পড়ে না। আলো-বাতাস পৌঁছাতে পারে না। ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে বিপরীত পাশে আকাশের দিকে তাকাতেই চোখে পড়বে বিলবোর্ড।বিলবোর্ড ভবনের সৌন্দর্য তো নষ্ট করছেই, এগুলো বিরক্তির কারণও বটে, যা চোখে বাড়তি চাপ সৃষ্টি করে। এমনটাই মনে করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান সারওয়ার জাহান।তিনি বলেন, একেক প্রতিষ্ঠান একেকভাবে বিলবোর্ড তৈরি করছে। নিজেদের ইচ্ছেমতো জায়গায় বসাচ্ছে। কোনো নিয়ম-নীতি মানছে না। ডিসিসির কাছে অনুমোদন নেওয়ার প্রয়োজন হলে তারা আবেদন করলেই অনুমোদন পেয়ে যায়। ডিসিসিও তা পর্যবেক্ষণ করে দেখে না। এর ফলে বিলবোর্ডগুলো দৃষ্টিকটু হয়ে পড়েছে। তিনি মনে করেন, বিলবোর্ডগুলো দৃষ্টিনন্দনভাবে প্রদর্শন করা যায়। এ ক্ষেত্রে ডিসিসিকে উদ্যোগী হতে হবে।অবৈধ বিলবোর্ডের ছড়াছড়িনগরে বিলবোর্ডের প্রকৃত সংখ্যা কত?—এ প্রশ্নের উত্তর নেই ডিসিসির কাছেও। কেননা, বেশির ভাগ বিলবোর্ড বসাতে ডিসিসি থেকে কোনো অনুমোদন নেওয়া হয় না।ডিসিসির হিসাব অনুযায়ী, ডিসিসির ভূমিতে ৪৯৬টি বিলবোর্ড, ৫২০টি মেগাসাইন ও ৮৫০টি বেলসাইন রয়েছে। আর ভবনের ছাদে ও দেয়ালে ডিসিসির অনুমোদিত বিলবোর্ড রয়েছে ৫৯৮টি। ডিসিসির অনুমোদনহীন বিলবোর্ড এর কয়েক গুণ বেশি বলে জানা যায়।ডিসিসির একটি সূত্র জানায়, ভবনের ছাদে ও দেয়ালে যেসব বিলবোর্ড লাগানো হয়েছে, তা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৩-২০০৪ অর্থবছরে।তখন বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠান ঠাঁই নেয় আদালতের। আদালত এসব বিলবোর্ড উচ্ছেদে স্থগিতাদেশ দেন।এদিকে, নগরের বিভিন্ন জায়গায় সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে, পানি উন্নয়ন বোর্ড, ক্যান্টনমেন্ট, বিমান বন্দরসহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের এলাকায় বিলবোর্ড স্থাপন করে থাকে। তাই ডিসিসির নীতিমালা অনুযায়ী এসব এলাকার সব বিলবোর্ড অবৈধ। রূপসী বাংলা হোটেলের সামনের ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের চারপাশের বিলবোর্ডগুলোও অবৈধ। কেননা, এসব বসানোর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবার এসব এলাকার বিলবোর্ডের কোনো কোনো বিজ্ঞাপনী সংস্থা ডিসিসির অনুমতি নিয়েই স্থাপন করে থাকে। তবে তা খুবই কম।ডিসিসি সূত্র জানায়, ফার্মগেটের একাধিক ভবনের ছাদে ও দেয়ালে থাকা বেশির ভাগ বিলবোর্ডই অনুমোদনহীন।এ ছাড়া, গুলশান, বনানী, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ী, শাহবাগ, মিরপুর সড়ক, কাজী নজরুল ইসলাম এভিনিউ, পল্টন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রয়েছে ডিসিসির অনুমোদনহীন বিজ্ঞাপনীবোর্ড।কী করছে কর্তৃপক্ষ?ভবনের ছাদে এবং দেওয়াল থেকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড উচ্ছেদ করা হচ্ছে না কেন? এমন প্রশ্নে ডিসিসির বিজ্ঞাপন শাখার কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এসব বিলবোর্ড উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে ২০০৩-২০০৪ অর্থবছরে। তখন বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠান ঠাঁই নেয় আদালতের। আদালত এসব বিলবোর্ড উচ্ছেদে স্থগিতাদেশ দেন। যার ফলে অবৈধ ও ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও ভবনের ছাদ এবং দেওয়ালের বিলবোর্ড উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না।ডিসিসির কর্মকর্তারা দাবি করেন, নগরের সব বিলবোর্ডের দায়-দায়িত্ব তাদের নয়। বিভিন্ন জায়গায় স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানগুলো বিলবোর্ড স্থাপনের অনুমতি দিয়ে থাকে। সেখানে তাদের কিছু করার থাকে না। এসব বিলবোর্ড উচ্ছেদ করার অধিকার ডিসিসির নেই। তাহলে এসব এলাকার অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড উচ্ছেদ করবে কে? এ প্রশ্ন তুলেন খোদ ডিসিসির কর্মকর্তারা।তবে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড উচ্ছেদে প্রতি বৃহস্পতিবার রাতে মাঠে নামেন ডিসিসির কর্মকর্তারা। এমনটাই দাবি করেন ডিসিসির বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তারা।