মাথার খুলির অস্ত্রোপচার করাতে হবে মালালাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে মাথার খুলির ক্ষত সারাতে অস্ত্রোপচারের জন্য আবার যুক্তরাজ্যের এক হাসপাতালে ভর্তি হতে হবে। চিকিৎসকদের বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স জানায়, ১৪ বছর বয়সী মালালাকে একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করাতে হবে।গত বছরের অক্টোবরে পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানের গুলিতে আহত হয় মালালা। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়। প্রথম দফার চিকিৎসা শেষে চলতি মাসের শুরুর দিকে তাকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেওয়া হয়। যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালের চিকিৎসা পরিচালক ডেভ রজার আজ জানিয়েছেন, করোটির ক্ষতের পুনর্গঠনের অস্ত্রোপচারের জন্য মালালাকে ১০ দিনের মধ্যে আবার হাসপাতালে ভর্তি হতে হবে। ১০ জন চিকিৎসক ও নার্সের একটি দল মালালার করোটিতে অস্ত্রোপচার করবে।মালালাকে খুব কাছ থেকে গুলি করেছিল তালবান জঙ্গিরা। ওই ঘটনার পর সারা বিশ্বে সমালোচনা শুরু হয়। মালালাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ারও দাবি ওঠে।