মাথায় ইট পড়ে ছাত্র নিহতের ঘটনায় হাইকোর্টের স্বতঃপ্রণোদিত রুল
রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালে পাশে নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে যুবক নিহতের ঘটনায় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।হাবিবুর রহমান ওরফে মুন্না (২১) ১৬ জুলাই অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। মাকে দেখে হেঁটে আবার বাসায় ফিরছিলেন। এ সময় নির্মাণাধীন ভবন থেকে একটি ইট মাথায় পড়ে তিনি রাস্তাতেই মারা যান। তেজগাঁও কলেজ থেকে এ বছর তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, হাসপাতালটির বাঁ-পাশে সাগুফতা গ্রুপের ১৮ তলাবিশিষ্ট নির্মাণাধীন ভবন থেকে একটি ইট তাঁর মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। রুলে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে ডিএমপি কমিশনার, কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সাগুফতা গ্রুপের চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে ওই ঘটনার ব্যাখ্যা জানাতে কলাবাগান থানার ওসি ও সাগুফতা গ্রুপের চেয়ারম্যানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ জুলাই দৈনিক ডেইলি স্টার পত্রিকায় ‘স্টুডেন্ট ডাইস অ্যাজ ব্রিক ফলস ফ্রম হাইরাইজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি আদালতের নজরে এলে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বিষয়টি উপস্থাপন করেন। এরপর আদালত রুল জারি করেন।