মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ‘ম’—মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলে দিয়েছে ওরা। শপথ নিয়েছে কখনো ধূমপান করবে না। ধূমপান থেকে বিরত থাকার জন্য অন্যকে প্রভাবিত করবে। ওরা নিজেদের কাজটুকু ঠিকমতো নিজেরা করারও শপথ নিয়েছে। ওরা খুদে গণিতবিদ।গতকাল শুক্রবার ডাচ্-বাংলা ব্যাংক—প্রথম আলো গণিত উত্সব-২০১০ অনুষ্ঠানে এভাবেই বদলের শপথ নিয়েছে শিক্ষার্থীরা। ঢাকা অঞ্চলের আঞ্চলিক এ গণিত উত্সব উপলক্ষে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে খুদে গণিতবিদদের জড়ো করেছিল বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।শিক্ষার্থীদের মুহুর্মুহু করতালি ও কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। লেখক মুহম্মদ জাফর ইকবালের সান্নিধ্য শিক্ষার্থীদের উত্সাহে ভিন্নমাত্রা যোগ করে। এবারের উত্সবে শতাধিক স্কুলের এক হাজার ২৩৩ জন প্রতিযোগী অংশ নেয়। চার স্তরে প্রতিযোগীদের মধ্যে বিজয়ী ১২০ জনের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ঢাকা আঞ্চলিক গণিত উত্সবসহ ১৩টি আঞ্চলিক গণিত উত্সবের বিজয়ীরা আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি সেন্ট যোসেফ স্কুলে অনুষ্ঠেয় উত্সব ও অষ্টম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে। এখানে চূড়ান্ত বিজয়ীরা অংশ নেবে কাজাখস্তানে আয়োজিত ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে।অনুষ্ঠান শুরু: সকালে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী শিক্ষার্থীদের বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া দেশের সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য গণিতের ভিত্তি শক্ত হওয়া প্রয়োজন। এখন গণিত উত্সবের জোয়ারে পরিণত হয়েছে। গণিত ছাড়া অদূর ভবিষ্যতের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে না।’ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন আলী বলেন, ‘সবাই মিলে গণিতের ভাষায়, বিজ্ঞানের ভাষায় কথা বলব। ডিজিটাল বাংলাদেশ গড়তে গণিতের ভাষা বুঝতে হবে।’প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান শিক্ষার্থীদের বলেন, ‘তোমাদের শক্তি অনেক বেশি। গণিত হচ্ছে জ্ঞান-বিজ্ঞানের ভাষা। গণিতের মাধ্যমে শুধু দেশে নয়, বিশ্বে জায়গা করে নিতে হবে। ভালো করে গণিত শেখো, বিজ্ঞানের ভাষায় কথা বলো। সবাই মিলে সুন্দরের পথে বদলে দিতে হবে বাংলাদেশকে। এ জন্য তোমাদের এখন থেকে প্রস্তুত হতে হবে।’শুভেচ্ছা বক্তব্যের পর অতিথি ও শিক্ষার্থীরা বেলুন উড়িয়ে গণিত উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল, অধ্যাপক খোদাদাদ খান প্রমুখ।গণিত অলিম্পিয়াড: সকাল ১০টা থেকে সোয়া এক ঘণ্টার গণিত অলিম্পিয়াডের পরীক্ষায় অংশ নেয় প্রতিযোগীরা। সকাল থেকেই অভিভাবক ও শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের চত্বর। অভিভাবক সৈয়দা নাসিমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘উচ্চমাধ্যমিক পর্যায়ে এবার তাঁর ছেলে অংশ নিয়েছে। শিক্ষার্থীদের গণিতের ভয় কাটাতে এর চেয়ে ভালো অনুষ্ঠান হতে পারে না। জোরে করতালি: পরীক্ষাপর্ব শেষে দুপুর ১২টায় জোরে করতালির মধ্য দিয়ে শুরু হয় বন্ধুতা ও প্রশ্নোত্তর পর্ব। শুরু হয় বদলের প্রতিশ্রুতি। ঢাকা প্রথম আলো বন্ধুসভার গানের দল পরিবেশন করে বদলের গান। গানের পর শিক্ষার্থীরা বলে বদলের কথা। কেউ বলেছে নিজের বদ অভ্যাস ত্যাগের কথা, কেউ বা বলেছে নির্দিষ্ট জায়গায় ময়লা-আবর্জনা ফেলা, গণিতভীতি বদলে ফেলা, মুখস্থ শিক্ষার বদল, বড়দের সম্মান করার কথাও বলেছে তারা। এরপর ‘আয় আয়, গণিতের আঙিনায় স্বপ্ন দেখতে আয়’ গণিতের গান পরিবেশন করে বন্ধুসভার গানের দল।প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা ‘সংখ্যার শেষ নেই কেন, অঙ্ক ও গণিতের পার্থক্য, সৌরজগতে গণিত আছে কি না, বাংলায় চার এবং ইংরেজি আট অঙ্কে একই রকম কেন লেখা হয়?—এমন অজস্র প্রশ্নে ব্যতিব্যস্ত রাখে বিশেষজ্ঞদের। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে আসা দশম শ্রেণীর ছাত্র হোসনে মোবারক প্রথম আলোকে বলেছে, ‘গণিত অলিম্পিয়াড সব সময়ই মজা লাগত। সেন্ট যোসেফ স্কুলে থাকা অবস্থায় অংশ নিয়েছিলাম। এবার কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অংশ নিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান আবদুল হাকিম, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার, গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, মনোরোগ চিকিত্সক মোহিত কামাল, গণিতবিদ অধ্যাপক লুত্ফুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ইলিয়াসউদ্দিন বিশ্বাস ও বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ূন কবির, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, উপসম্পাদক আনিসুল হক প্রমুখ। সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী: সমাপনী পর্বে মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের কল্পনাশক্তি বাড়ানোর জন্য চিন্তা করতে বলেন। তিনি বলেন, মানুষের মস্তিষ্ক মুখস্থ করার জন্য নয়। জ্ঞান থেকে কল্পনার শক্তি বেশি। এ জন্য গণিত চর্চার ওপর জোর দেন তিনি।পরে অতিথিরা ১২০ জন বিজয়ীর হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেন। সেকেন্ডারি পর্যায়ে বিজয়ী নটর ডেম কলেজের ছাত্র তমাল হোসেন তাঁর প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেন, নিজে গণিত শিখে আলোকিত হতে চাই, অন্যকে আলোকিত করতে চাই। সমবেত সবাইকে শীতের সকালে গরম কফি পান করিয়েছে নেসলে বাংলাদেশ। শেষে অংশ নেওয়া শিক্ষার্থীরা তিন ‘ম’ পরিহারের শপথ নেয়। ‘আমরা করব জয়...একদিন’ গান পরিবেশনের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শেষ হয়।