মাদক, হেলাল এবং বন্ধুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার ভোর ছয়টা। মেরাদিয়ার ভূঁইয়াপাড়ার মাঠে এক যুবক পড়ে আছেন। গলা কাটা। গোঙাচ্ছেন। খিলগাঁও থানার পুলিশ খবর পেয়ে গিয়ে দেখে, যুবক কিছু বলার চেষ্টা করছিলেন। কিন্তু কথা বোঝা যাচ্ছিল না। পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। যুবকের নাম হেলালউদ্দিন। উত্তর গোড়ানে থাকেন।খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোনায়েম প্রথম আলোকে বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয় কেউ খিলগাঁও থানায় ফোন করে এই খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন, যুবককে ঘিরে শতাধিক মানুষের ভিড়। এএসআই বলেন, তদন্তে জানা গেছে, হেলাল মাদকাসক্ত। মাদকের টাকা জোগাতে বন্ধুদের নিয়ে ছিনতাই করতেন এবং পথে-ঘাটে থাকতেন।খবর পেয়ে হেলালের বাবা দোলোয়ার হোসেন ও তাঁর চাচাতো বোন জাহানারা বেগম হাসপাতালে যান। দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে হেলাল গাঁজা ও হেরোইনে আসক্ত। বহু চেষ্টা করেও একমাত্র সন্তানকে তাঁরা মাদকের পথ থেকে ফিরিয়ে আনতে পারেননি। বিরক্তির স্বরে দেলোয়ার বলেন, তিনি অবাধ্য এই সন্তানের চিকিত্সা করাবেন না। দেলোয়ারের ফুটপাতে একটি খাবারের দোকান আছে। হেলালের মা মিলা বেগম দাবি করেন, বাড্ডার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দুই মাস চিকিত্সা করানোর পর সম্প্রতি হেলাল স্বাভাবিক জীবণে ফিরে এসেছিলেন। কিন্তু কিছুদিন ধরে হেলালের বন্ধুরা বাসা থেকে ডেকে নিয়ে আবারও তাঁকে মাদকাসক্ত করে তোলে। সর্বশেষ পাঁচ দিন আগে বন্ধুরা তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তিন-চার দিন বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান মেলেনি। গতকাল লোকমুখে তাঁরা এই খবর শুনেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা ব্যাধির সহকারী অধ্যাপক মনিলাল আইচ জানান, হেলালের শ্বাসনালী কেটে গেছে। বিচ্ছিন্ন হয়েছে কিছু রক্তনালীও। অবস্থা আশঙ্কামুক্ত নয়।