মাদক-অস্ত্র-জঙ্গিবাদের টাকায় ইকোনমিস্টের প্রতিবেদন প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সংবাদ সাময়িকী দি ইকোনমিস্ট মাদক ও অস্ত্র বিক্রি এবং জঙ্গিবাদের টাকায় ও মদদে বাংলাদেশ নিয়ে বিরূপ প্রতিবেদন প্রকাশ করছে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কৃষিমন্ত্রী এই অভিযোগ করেন। তিনি বলেন, উপমহাদেশের অনেক দেশে অস্থিতিশীলতা বিরাজ করছে। এ দেশে শান্তি ও গণতন্ত্র বিরাজ করলে অনেকের অসুবিধা। এ কারণেই এটা করা হচ্ছে। মহাজোট সরকারের শরিক সাম্যবাদী দল (এম-এল) জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দলটির সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন ইকোনমিস্ট-এ লেখা হয়েছিল, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিন্তু এখন দুই বছর আট মাস পর বলা হচ্ছে, আওয়ামী লীগ ভারতের টাকায় ক্ষমতায় এসেছে। ইকোনমিস্ট-এর কাছে তিনি প্রশ্ন রাখেন, ‘তা হলে কোন প্রতিবেদনটি সঠিক? তা না হলে আপনারাই স্বীকার করুন, আমরা ভুল করেছিলাম।’ একই আলোচনা সভায় ‘দেশ স্থিতিশীল আছে’ দাবি করে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, নানা সংকট মোকাবিলা করে দেশ যখন সামনে এগিয়ে যাচ্ছে, তখন চিহ্নিত কিছু মহল অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা করছে। তিনি বলেন, ১৯৭১, ১৯৭৫ ও ২০০৪ সালের ২১ আগস্টের খুনিরা সবাই এক। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম প্রমুখ বক্তব্য দেন।প্রসঙ্গত, ইকোনমিস্ট-এর ‘ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ: এমব্রেসঅ্যাবল ইউ’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় অর্থ এবং পরামর্শে ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্প্রসারিত হতে শুরু করে। এরপর ইকোনমিস্ট তাদের সর্বশেষ সংস্করণে ‘দ্য পয়জনাস পলিটিকস অব বাংলাদেশ: রিভার্সন টু টাইপ’ (বাংলাদেশের কলুষিত রাজনীতি: প্রতিহিংসার নামান্তর) ও ‘ইন দ্য নেম অব দ্য ফাদার’ শিরোনামে বাংলাদেশ নিয়ে আরও দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। উভয় প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করা হয়েছে। বলা হয়, বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগোচ্ছে, কিন্তু সেখানকার রাজনীতি ঠিক তার উল্টো।