মাদক কিনতে কোলের শিশুকে বিক্রি করলেন মাদকাসক্ত বাবা-মা!
নেশার টাকা জোগাড় করতে না পেরে নিজেদের কোলের শিশুকে বিক্রি করে দিয়েছেন মাদকাসক্ত বাবা-মা। এক হাজার ১০১ টাকা এবং দুটি শাড়ির বিনিময়ে শিশুটিকে কিনে নেন এক হিজড়া। দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামে (চুড়িপট্টি) গত শনিবার এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শিশুটির বয়স প্রায় ছয় মাস। তার নাম জানা যায়নি। বাবার নাম শামছুল এবং মায়ের নাম নূরজাহান। তাঁদের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়।বিষয়টি জানতে পেরে হাকিমপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহারুল ইসলাম গতকাল রোববার পুলিশের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করেন। কিন্তু তার বাবা-মায়ের খোঁজ না পেয়ে শিশুটিকে লালন-পালনের জন্য আপাতত মধ্য বাসুদেবপুর গ্রামের এক নিঃসন্তান দম্পতিকে দায়িত্ব দেন ইউএনও।বধ্যবাসুদেবপুর গ্রামের রেজাউল করিম জানান, দুলালি হিজড়া কয়েক বছর ধরে তাঁর বাড়িতে ভাড়া থাকেন। শনিবার বিকেলে দুজন নারী-পুরুষ তাঁর বাড়িতে এসে তাঁদের সন্তানকে দুলালির কাছে বিক্রি করে যান।রেজাউলের প্রতিবেশী মোফাজ্জল হোসেন বলেন, শিশুটির বাবা-মায়ের নাম শামছুল ও নূরজাহান বলেই তাঁরা জানেন। তাঁদের বাড়ি পার্বতীপুরে। তাঁরা প্রায়ই চুড়িপট্টিতে এসে হেরোইন সেবন করে আবার চলে যান। নেশার টাকা জোগাড় করতে না পেরে মাদকাসক্ত স্বামী-স্ত্রী তাঁদের কোলের সন্তানকে বিক্রি করেছেন বলেই মনে হচ্ছে।স্থানীয় রাশেদা বেগম ও মাছুদা বেগম জানান, মাদকাসক্ত ওই দম্পতি গত শীতের সময় একদিন মাদক নিতে চুড়িপট্টিতে যান। সেদিন ওই পট্টিতেই শিশুটির জন্ম হয়। ওই সময় থেকে তাঁরা শিশুটিকে দেখছেন।জানতে চাইলে দুলালি হিজড়া (৪২) গতকাল প্রথম আলোকে বলেন, ‘বাচ্চার মা-বাবা দুজনেই হেরোইন খান। তাঁরা নিজেরাই আমার কাছে শিশুটিকে বিক্রি করেছেন। আমার বড় বোনের কোনো ছেলেমেয়ে না থাকায় আমি বাচ্চাটিকে তাঁদের জন্য কিনে নিয়েছিলাম।’দুলালির ভগ্নিপতি নাটোরের বাগাতিপাড়ার বাটিকামারী গ্রামের রফিকুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে দুলালি ফোন করে জানায়, আমাদের জন্য একটা বাচ্চা কিনেছে। এ জন্য বাচ্চাটিকে নিতে এসেছিলাম।’ইউএনও আজাহারুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে বাসুদেবপুর গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল। তারা শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। কিন্তু শিশুটির বাবা-মায়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ চেষ্টা করছে তাঁদের খুঁজে বের করতে।ইউএনও বলেন, বাসুদেবপুর গ্রামের নিঃসন্তান দম্পতি ফারুক হোসেন ও পান্না বেগম আপাতত শিশুটির লালন-পালনের দায়িত্ব নিয়েছেন।পান্না বেগম জানান, তাঁদের এক যুগের বেশি দাম্পত্য জীবনে এখনো কোনো সন্তান হয়নি। শিশুটির লালন-পালনের দায়িত্ব পেয়ে তাঁরা খুশি।