মাদক চোরাচালান ব্যবসা রমরমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরণনেশার মাদক ব্যবসা সিলেটের অধিকাংশ এলাকার প্রধান সমস্যা। সীমান্ত পেরিয়ে ভারত থেকে প্রতিদিন বিপুল পরিমাণ মাদক বিশেষ করে ফেনসিডিলসহ তরল মাদকদ্রব্য সিলেটে ঢুকছে। ব্যবসায়ীদের হাত ঘুরে এসব পুরো জেলার বিভিন্ন উপজেলায় যাচ্ছে। বিশেষ কৌশল ও পদ্ধতি অবলম্বন করে চোরাকারবারিরা এসব মাদক বিভিন্ন জায়গায় সরবরাহ করছে বলে অনেকেই অভিযোগ করেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, ভারতের সঙ্গে সিলেটের জকিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ—এই পাঁচটি উপজেলায় প্রায় ১৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের মাধ্যমে আনা-নেওয়া করা হয়। ভারতীয় চোরাকারবারিরা শুধু বাংলাদেশে পাচারের জন্য সিলেট সীমান্তের ওপারে ফেনসিডিলের কারখানাও গড়ে তুলেছে। উভয় প্রান্তের ব্যবসায়ীরা ঝুঁকি এড়াতে বোরকা পড়া মহিলা ও শিশুদের মাদক বহনের কাজে ব্যবহার করছে। এদের শরীরে বোতল বেঁধে ছোট ছোট চালান নিরাপদে গন্তব্যে পাঠানো হয়। সীমান্ত ছাড়াও ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথে গাঁজা, ইয়াবা, বিয়ার, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সিলেটে ঢুকছে। ট্রাকভর্তি সবজি ও মাছের কার্টন, ধান-চালের বস্তা কিংবা ভুয়া ওষুধ কোম্পানির গাড়িও মাদক পরিবহনের কাজে ব্যবহূত হচ্ছে।সীমান্ত পেরিয়ে কিংবা সড়ক ও রেলপথে মাদক কীভাবে আসে, কারা আনে—এ প্রসঙ্গে সিলেটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য বেরিয়ে এলেও এদের গ্রেপ্তার কিংবা চিরতরে মাদক নির্মূল করতে কী করণীয় প্রশাসন তা জানে না।মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের সঙ্গে কায়দা করে আলাপচারিতার সূত্রে জানা যায়, অধিক লাভজনক হওয়ায় বর্তমানে অনেকেই আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত হচ্ছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে নগর পর্যন্ত গড়ে উঠেছে মাদকের শক্তিশালী ক্ষেত্র। চক্রটি প্রশাসনের নাকের ডগায় নির্বিঘ্নে মাদকের ব্যবসা চালাচ্ছে।জানা গেছে, সিলেটের বিভিন্ন এলাকাকেন্দ্রিক ভাগ হয়ে চলে মাদকের ব্যবসা। এই চক্রে পাঁচ শতাধিক পাইকারি ও খুচরা বিক্রেতা আছে। খুচরা বিক্রেতাদের একটা অংশ অপেশাদার এবং তারা মূলত সামান্য টাকা আয়ের আশায় এই পথে নেমেছে। অনেক স্কুল-কলেজের শিক্ষার্থী আবার আসক্ত হয়ে নিজেরাই যার যার বন্ধুমহলে মাদক বিক্রিতে জড়িত হয়ে পড়ে।অনুসন্ধানে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় মাদক পাচারকারীরা বিভিন্ন কৌশলে মাদক পাচার করছে। মুরগির পেট কেটে নাড়িভুঁড়ির জায়গায় পলিথিনে মুড়িয়ে মাদকদ্রব্য পাচার করা হচ্ছে। আবার অনেকে সবজি, ফল, মাছভর্তি ড্রাম, তরমুজ ও কাঁঠালের ভেতর, তেলের কনটেইনার ও মোটরসাইকেলে করে লুকিয়ে মাদকদ্রব্য বিভিন্ন স্থানে পাচার করছে। এসব পাচারকারী চলার পথে বেশ কয়েকবার গতিপথ পরিবর্তন করে। পুলিশ সূত্র জানায়, সিলেটে মাদক পাচারকারীরা কৌশলী হয়ে উঠেছে। প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক ও ট্রেনে করে মাদক পাচারের সময় ব্যবসায়ীরা যাতে ধরা না পড়ে তার জন্য নানা কৌশলের আশ্রয় নিচ্ছে। এক পুলিশ কর্মকর্তা জানান, মাদক ব্যবসার পৃষ্ঠপোষকতায় প্রভাবশালী গডফাদার ও সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায় এসব চক্রের নিয়ন্ত্রক গডফাদারও।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক পরিতোষ কুমার কুন্ডু বলেন, সিলেটে প্রতিদিন কোনো না কোনো এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হচ্ছে। স্থানীয় প্রশাসন মাদক রুখতে আন্তরিকভাবে কাজ করছে। তবে পাশাপাশি মানুষের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে পারলে এ সমস্যার সমাধান অনেকটাই সহজ হবে।